রেসিপি
ভালোবেসে রাঁধি
কাজের ব্যস্ততায় হয়তো প্রিয় মানুষটিকে সেভাবে সময় দিতে পারেন না। তবে রাতে বাসায় ফিরে একটু চমক তো দেওয়াই যায়। প্রিয় মানুষটির পছন্দের কোনো খাবার রেঁধে তাক লাগিয়ে দিতে পারেন।
কনক আদিত্য ফ্যাশন হাউস ‘দেশাল’–এর উদ্যোক্তা ও গায়ক। তাঁর স্ত্রী ইসরাত জাহানও দেশালের ডিজাইনার। বাড়িতে তাঁরা দুজন মিলেই রান্নার কাজটা করেন। স্ত্রী ইসরাত জাহানের জন্য কী রাঁধলেন তিনি?
কনক আদিত্য খুব সাধারণ উপকরণের ব্যবহারে খাবারে নতুন স্বাদ আনার চেষ্টা করেন। বেশ কিছু রঙিন ক্যাপসিকাম ছিল কনক আদিত্যর বাড়িতে। সেগুলোতে মাছের পুর দিয়ে তৈরি করে ফেললেন ইসরাতের জন্য নতুন একটা খাবার। এদিকে খাবারের মধ্যে ইসরাত জাহানের বিশেষ দুর্বলতা আছে পাতায় মোড়ানো ছোট মাছের প্রতি। কনক আদিত্য সেই পদটিও রাঁধলেন।
মুখে হাসি যোগ করে কনক আদিত্য বলেন, ‘আমরা তো পেইন্টিংয়ের মানুষ, রংতুলি নিয়েই আমাদের কাজ। একটা রঙের সঙ্গে আরেকটা রং মিলিয়ে যেমন ছবি আঁকি, রান্নায় তেমনি এক উপকরণের সঙ্গে অন্যটা মিশিয়ে নতুন স্বাদ আনার চেষ্টা করি।’
ক্যাপসিকাম চিংড়িঝুরি
উপকরণ: ক্যাপসিকাম ৪টা (লাল, হলুদ, সবুজ), ছোট চিংড়ি ১ কাপ, নারকেল (কোরানো) আধা কাপ, দেশি পনির কুচি আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ ৪টা, লবণ স্বাদমতো ও মাখন ১ টেবিল চামচ।
প্রণালি: চিংড়ি ৮ থেকে ১০ মিনিট ভাপে সেদ্ধ করে নিয়ে হামানদিস্তায় পিষতে হবে। নারকেল আর পনির চিংড়ির সঙ্গে মাখাতে হবে। পেঁয়াজ ও মরিচ কুচি মাখনে হালকা ভেজে নিতে হবে। তারপর সবকিছু একসঙ্গে মাখাতে হবে। এখন ক্যাপসিকামগুলোকে বোঁটার দিকে আধা ইঞ্চি পরিমাণ কেটে বাটি বানাতে হবে। এর ভেতরে চিংড়ির পুর ঢুকিয়ে ওপরের কাটা অবশিষ্ট অংশটি দিয়ে ঢাকনার মতো করে ঢেকে দিতে হবে। তারপর আবার পুরোটা মিনিট দশেক ভাপে সেদ্ধ করতে হবে। হয়ে গেল ক্যাপসিকামে চিংড়িঝুরি। এখন গরম গরম পরিবেশন করুন।
পাতায় মোড়ানো ছোট মাছ
উপকরণ: ছোট মাছ (মলা অথবা কাঁচকি) ২০০ গ্রাম, পেঁয়াজ ৮টা, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা ২ চা-চামচ, ধনিয়া গুঁড়া আধা চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, ৮টা কাঁচা মরিচের ফালি, সরিষার তেল ২ টেবিল চামচ, ধনেপাতা, স্বাদমতো লবণ, কলাপাতা ৮ টুকরা (৬ x ১০ ইঞ্চি)।
প্রণালি: সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ১৫ মিনিট রেখে দিতে হবে। তারপর চার ভাগে ভাগ করে কলাপাতায় মুড়ে নিতে হবে। প্রতিটি পুরিয়া দুই প্রস্থ পাতায় মোড়াতে হবে যাতে ফেটে না যায়। পুরিয়াগুলোকে টিনের তৈরি ওভেনে অল্প আঁচে ২০ মিনিট রান্না করতে হবে। শুরু করার ১০ মিনিট পরে উল্টে নেবেন। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। হয়ে গেল পাতায় মোড়া ছোট মাছ।
** ওভেনের বদলে ভাপ দিয়েও করতে পারবেন। সে ক্ষেত্রে ধোঁয়ার গন্ধটা পাওয়া যাবে না।