ভিনদেশি কায়দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হালুয়া বা মাংসের সঙ্গে ভালো জমে রুটি-পরোটা। দেশি কায়দায় বানানো রুটি তো আছেই, স্বাদ বদলে বেছে নিতে পারেন একটু ভিন্ন ঢঙের রুটি। রেসিপি দিয়েছেন ফারাহ সুবর্ণা স্পাইসি বিফ বান
স্পাইসি বিফ বান
স্পাইসি বিফ বান

উপকরণ: বানের জন্য: ময়দা ৩ কাপ, মাখন ৩ টেবিল চামচ, শুকনা ঈস্ট ৩ চা-চামচ, চিনি ৩ টেবিল চামচ, লবণ সিকি চা-চামচ, ডিম ২টা, দুধ আধা কাপ, কুসুম গরম পানি আধা কাপ ও তেল ১ চা-চামচ।

পুরের জন্য: গরুর কিমা ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ৩টা, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, জিরা গুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ স্বাদমতো, টমেটো সস ১ টেবিল চামচ, গরমমসলা গুঁড়া ১ চা-চামচের পাঁচ ভাগের এক ভাগ, লবণ স্বাদমতো ও তেল ২ টেবিল চামচ।

প্রণালি: মাখন গলিয়ে নিয়ে তাতে একটা ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। অন্য পাত্রে পানি আর তেল বাদে বাকি শুকনো উপকরণ একসঙ্গে মিশিয়ে মাঝখানে গর্ত করে তাতে ডিম-মাখনের মিশ্রণ ঢেলে ধীরে ধীরে ময়দার সঙ্গে মেশাতে হবে। প্রয়োজনমতো পানি দিয়ে আঠালো খামির বানিয়ে তা ভালোভাবে হাত দিয়ে মসৃণ করে নিতে হবে। এবার তাতে অল্প তেল মাখিয়ে ভেজা কাপড় দিয়ে ঢেকে কমপক্ষে এক ঘণ্টা চুলার পাশে বা কোনো গরম জায়গায় রেখে দিতে হবে যাতে ফুলে দ্বিগুণ হয়। খামিরটা বেশ নরম হবে।

অন্য একটা পাত্রে তেল গরম করে পেঁয়াজ কুচি সোনালি করে ভেজে আদা-রসুন বাটা আর গরুর কিমা দিয়ে কষিয়ে পরে তাতে লবণ, গরমমসলা গুঁড়ো আর পানি দিয়ে রান্না করতে হবে। সেদ্ধ হয়ে গেলে কাঁচা মরিচ কুচি আর টমেটো সস মিশিয়ে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। চাইলে একটু ধনেপাতা কুচিও দিতে পারেন। এবার চুলার পাশ থেকে খামিরটা সরিয়ে আবারও খুব ভালো করে মাখাতে হবে। এখন খামিরটাকে সমান ৮-১০ ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মধ্যে পুর ভরে সুন্দর করে বল তৈরি করে তেল মাখানো বেকিং ট্রেতে খানিকটা দূরত্ব রেখে সারি করে সাজিয়ে ১৫ থেকে ২০ মিনিটের জন্য রেখে দিন। তারপর ফেটানো ডিম ও দুধের মিশ্রণ ব্রাশ করে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় প্রিহিট ইলেকট্রিক ওভেনে ২০ থেকে ২৫ মিনিটের বেক করতে হবে। হয়ে গেলে পছন্দসই সস বা কেচআপ দিয়ে পরিবেশন করতে হবে।

মোরব্বা বান

মোরব্বা বান
মোরব্বা বান

উপকরণ: ময়দা ৩ কাপ, মাখন ৩ টেবিল চামচ, শুকনা ঈস্ট ৩ চা-চামচ, মোরব্বা ২ কাপ (ছোট টুকরো করে কাটা), কিশমিশ ১ কাপ, চিনি ৩ টেবিল চামচ, লবণ চা-চামচের চার ভাগের এক ভাগ, ডিম ২টা, দুধ আধা কাপ, কুসুম গরম পানি আধা কাপ ও তেল ১ চা-চামচ।
প্রণালি: মাখন কিছুক্ষণ বাইরে রেখে অথবা ওভেনে দিয়ে গলিয়ে নিয়ে তাতে একটা ডিম ভালো করে ফেটিয়ে নিতে হবে। অপর একটি পাত্রে মোরব্বা, কিশমিশ, পানি আর তেল বাদে বাকি শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে মাঝে একটা গর্ত করে তাতে ডিম-মাখনের মিশ্রণ ঢেলে দিয়ে আস্তে আস্তে ময়দার সঙ্গে মেশাতে হবে। এবার প্রয়োজনমতো অল্প করে পানি দিয়ে আঠালো খামির বানিয়ে মসৃণ করে নিতে হবে। এবার অল্প তেল মাখিয়ে ভেজা কাপড় দিয়ে ঢেকে কমপক্ষে এক ঘণ্টা চুলার পাশে বা কোনো গরম জায়গায় রেখে দিতে হবে যাতে ফুলে দ্বিগুণ হয়ে যায়। আবার বেশ নরম হবে। এখন খামিরটুকু আবার ভালো করে মাখাতে হবে। আলতো করে খামিরে মোরব্বা ও কিশমিশ মেশাতে হবে। কিছু মোরব্বা ও কিশমিশ রেখে দিতে হবে বানের ওপরে দেওয়ার জন্য। এখন খামিরটা সমান ৮ থেকে ১০ ভাগে ভাগ করে বল তৈরি করে ট্রের ওপরে ফাঁকা ফাঁকা দূরত্বে সাজিয়ে কিশমিশ ও মোরব্বা চেপে বসিয়ে দিন। ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। এবার ফেটানো ডিম ও দুধের মিশ্রণ বলের ওপর ব্রাশ করে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় প্রিহিট ২০ থেকে ২৫ মিনিট ইলেকট্রিক ওভেনে বেক করতে হবে।
আপনি চাইলে পুরো খামিরটাকে দুই ভাগ করে দুটি বড় বান বানিয়ে ওপরে পছন্দমতো নকশা করে তারপর ডিম ব্রাশ করেও বেক করতে পারেন ঠিক যেমনটা দোকানে কিনতে পাওয়া যায়।

পিটা ব্রেড

পিটা ব্রেড
পিটা ব্রেড

উপকরণ: ময়দা ২ কাপ, লাল আটা আধা কাপ, চিনি ১ টেবিল চামচ, লবণ ১ চা-চামচ, শুকনা ঈস্ট ২ চা-চামচ, জলপাই তেল ১ টেবিল-চামচ ও কুসুম গরম পানি ১ কাপ।
প্রণালি: সব উপকরণ একসঙ্গে মিলিয়ে অল্প অল্প পানি দিয়ে মেখে নিতে হবে। এরপর মাখানো খামির অল্প তেল মাখিয়ে একটা তেল মাখা পাত্রে ঢাকনা দিয়ে ঢেকে এক ঘণ্টার জন্য রেখে দিতে হবে যাতে খামির ফুলে দ্বিগুণ আকার হয়ে যায়। খামির ফুলে উঠলে ভালোমতো মাখিয়ে ৬ থেকে ৭ ভাগে ভাগ করে বল বানিয়ে অল্প ময়দা ছড়িয়ে রুটির মতো বেলে নিতে হবে। খুব পাতলা করা যাবে না। বানানো হয়ে গেলে ১৫ থেকে ২০ মিনিটের জন্য ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এরপর চুলায় লোহার তাওয়া গরম করে তাতে রুটি দিয়ে একটু ফুলে উঠলেই উল্টে দিতে হবে। একইভাবে রুটির দুপাশ সমানভাবে সেঁকা হলে তাড়াতাড়ি নামিয়ে কাপড়ের মধ্যে রেখে কাপড়টা মুড়ে রাখতে হবে যাতে রুটি নরম ও গরম থাকে। ২ থেকে ৩ মিনিটের বেশি রুটি সেঁকা যাবে না, তাতে শক্ত হয়ে স্বাদ নষ্ট হয়ে যাবে।
তন্দুরি চিকেন, শিক কাবাবের সঙ্গে এই পিটা ব্রেড দারুণ জমে। পিটা ব্রেড দিয়ে ঝটপট শর্মা বানিয়েও পরিবেশন করা যায়।

বসনিয়ার পরোটা
বসনিয়ার পরোটা

বসনিয়ার পরোটা
উপকরণ: ময়দা ২ কাপ, শুকনা ঈস্ট ২ চা-চামচ, তরল দুধ আধা কাপ, চিনি ১ চা-চামচ, পানি, লবণ ও তেল প্রয়োজনমতো।
প্রণালি: কুসুম গরম দুধে ঈস্ট গুলিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিতে হবে। এরপর ময়দার মধ্যে চিনি, লবণ, দুধে ভেজানো ঈস্ট আর পরিমাণমতো পানি দিয়ে খামির তৈরি করে নিন। এবার খামিরের সঙ্গে ২ চা-চামচ তেল মেখে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে কমপক্ষে এক ঘণ্টা (দুই ঘণ্টা রাখতে পারলে ভালো) কোনো গরম স্থানে (যেমন: চুলার পাশে) রেখে দিতে হবে। নির্দিষ্ট সময় পরে খামির থেকে লেচি কেটে নিয়ে অল্প ময়দা ছড়িয়ে একটু মোটা আকারে রুটি বেলে নিয়ে ডুবন্ত তেলে দুই দিক সোনালি করে ভেজে তুলে নিতে হবে।

ক্রোসান্ট
ক্রোসান্ট

ক্রোসান্ট
উপকরণ: ময়দা ২ কাপ, মাখন ৩০০ গ্রাম, দুধ আধা কাপ (কুসুম গরম), শুকনা ঈস্ট ২ চা-চামচ, চিনি ৩ টেবিল চামচ (বা স্বাদমতো), লবণ আধা চা-চামচ ও ডিম ১টা।
প্রণালি: কুসুম গরম দুধে চিনি আর ঈস্ট মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিতে হবে। তারপর একটি পাত্রে ময়দা আর লবণ মিশিয়ে তাতে দুধে ভেজানো ঈস্টের মিশ্রণ দিয়ে খুব ভালোভাবে খামির তৈরি করুন। এই খামির প্লাস্টিক ফয়েলে ভালোভাবে মুড়ে ১ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। এরপর একদম ঠান্ডা মাখন রুটি বানানোর ব্যালন দিয়ে লম্বায় ১০ ইঞ্চি আর প্রস্থে ৪ ইঞ্চির একটা বেড তৈরি করুন। প্লাস্টিক ফয়েল মুড়িয়ে এটি ফ্রিজে রেখে দিন। এবার ফ্রিজে রাখা ময়দার খামির বের করে আনুন। তারপর লম্বায় ১০ ইঞ্চি আর প্রস্থে ১২ ইঞ্চি আয়তাকারে বেলে নিন। এবার তার ঠিক মাঝখানে ফ্রিজ থেকে বের করা আয়তাকার মাখনের বেডটা দিয়ে দুই পাশের বাড়তি ময়দার খামির টেনে এনে মাখনটাকে ঢেকে দিয়ে ভালো করে চেপে দিতে হবে। এখন এই আয়তাকার ময়দা-মাখনের খামিরটাকে প্লাস্টিক ফয়েল মুড়িয়ে আবারও এক ঘণ্টার জন্য ফ্রিজে রাখতে হবে। এক ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করে অল্প ময়দা ছড়িয়ে খামিরটাকে ব্যালনের সাহায্যে বেলে আবারও চিঠির মতো লম্বালম্বি চার ভাঁজ করে আবার প্লাস্টিক ফয়েল মুড়িয়ে এক ঘণ্টার জন্য ফ্রিজে রাখতে হবে। এই পদ্ধতিতে আরও দুবার খামিরটাকে বেলে ভাঁজ করে ফ্রিজে রাখতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত মোট চারবার এই পদ্ধতি অবলম্বন করতে হবে।
এরপর ফ্রিজ থেকে বের করে হালকা ময়দা ছিটিয়ে ১/৮ ইঞ্চি পুরু করে বেলে ৮ ইঞ্চি এক্স ৪ ইঞ্চি আকারে কেটে সেটাকে আড়াআড়ি করে ত্রিভুজ আকারে কেটে নিতে হবে। এবার ত্রিভুজ আকারের খামিরের চওড়া দিকের মাঝ বরাবর ১/৪ ইঞ্চি কেটে নিয়ে দুই পাশ থেকে একটুখানি টেনে নিয়ে হালকা হাতে রোল করে চোখা মাথা বরাবর নিয়ে পুরা ক্রোসান্টটা আস্তে করে একটু একটু বাঁকিয়ে রেখে দিতে হবে। এভাবে সবগুলো বানানো হয়ে গেলে বেকিং ট্রেতে অল্প তেল বা মাখন মাখিয়ে ক্রোসান্টগুলো পেঁচানো মাথার অংশটা নিচের দিকে দিয়ে সাজিয়ে ওপরে ফেটে রাখা ডিম ও তরল দুধের মিশ্রণ ব্রাশ করে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ১৫ থেকে ২০ মিনিট (সোনালি না হওয়া পর্যন্ত) বেক করে নামিয়ে নিলেই ক্রোসান্ট তৈরি হয়ে গেল।