চুয়াডাঙ্গার মেয়ে মুহসিনাতাবাসসুম। রান্না করতে ভালোবাসেন। নকশার পাঠকদের জন্য তিনি দিয়েছেন দুটি খাবারের রেসিপি

গমের ক্ষীর
উপকরণ: দুধ ১ লিটার, গম মিহি গুঁড়া সিকি কাপ, আধ ভাঙা গম আধা কাপ, নারকেল কোরানো এক কাপের চার ভাগের এক ভাগ, ভাজা বাদাম ১০ থেকে ১২টি (ঐচ্ছিক), লবণ স্বাদমতো ও চিনি স্বাদমতো।
প্রণালি: আধ ভাঙা গম ২ থেকে ৩ ঘণ্টা ভিজিয়ে রাখুন। চুলায় দেওয়ার পর দুধ ফুটে উঠলে আধ ভাঙা গম, চিনি ও লবণ দিয়ে ১০ থেকে ১৫ মিনিট অল্প আঁচে রাখুন। মিহি গম গুঁড়া, নারকেল কোরা, বাদাম দিয়ে দিন। সিদ্ধ হয়ে এলে চিনি চেখে চুলা থেকে নামিয়ে নিন। ঠান্ডা করে পরিবেশন করুন।

ঘন ঝোলো ডালের বড়ি
উপকরণ: বড়ি ১০ থেকে ১২টি, আলু লম্বা করে কাটা ১টি, তেল ৫ থেকে ৬ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২টি, আদা, রসুন, জিরা, ধনিয়া বাটা ও পেঁয়াজ বাটা মিলিয়ে ৪ টেবিল চামচ, ধনে পাতা কুচি ২ টেবিল চামচ ও লবণ পরিমাণমতো।
প্রণালি: ফ্রাই প্যানে ২ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে বড়ি দিয়ে দিন। অল্প আঁচে বাদামি করে ভাজুন। প্যানে বাকি তেল দিয়ে পেঁয়াজ কুচি ও মসলা দিয়ে আলু দিয়ে কষিয়ে নিন। এবার বড়ি দিয়ে ৩ থেকে ৪ মিনিট নেড়ে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন। বড়ি সেদ্ধ হয়ে এলে ঝোল ঘন হয়ে যাবে। তখন ধনে পাতা ছিটিয়ে নামিয়ে নিন।