ভিন্ন স্বাদের শাক-সবজি
জল-কাদাতেই জন্ম। তাই শাপলা, কলমি শাক, কচুর লতি, হেলেঞ্চা শাকের স্বাদও ভিন্ন। এসব দিয়ে বানিয়ে ফেলা যায় বিভিন্ন ধরনের খাবারের পদ। রেসিপি দিয়েছেন আফরোজা নাজনীন

তিল-কলমি
উপকরণ: কলমি শাক কুচি ২ কাপ, তিল ১ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, শুকনা মরিচ কুচি ৩-৪টি, কাঁচা মরিচ ফাড়া ১০টি, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।
প্রণালি: শাক, পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুন, লবণ প্যানে দিয়ে দিন। শাক সেদ্ধ হলে গরম তেলে রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ লাল করে ভেজে সেটা শাকে দিয়ে নেড়েচেড়ে তিল ছড়িয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

রুই-কলমির বিরিয়ানি
উপকরণ: রুই মাছ ১টি, পোলাওয়ের চাল ২ কাপ, আদা বাটা ২ চা-চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি সিকি কাপ, বেরেস্তা সিকি কাপ, কাঁচা মরিচ ১০-১২টি, ভাপ দেওয়া কলমি শাক, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা মরিচ একত্রে বাটা ১ কাপ, টক দই আধা কাপ, তেল বা ঘি আধা কাপ, দারুচিনি ২ টুকরা, এলাচ ৪টি, তেজপাতা ১টি, লবণ পরিমাণমতো, চিনি ১ চা-চামচ, লেবুর রস ২ টেবিল চামচ।
প্রণালি: মাছ বড় টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। সামান্য আদা-পেঁয়াজ বাটা, লেবুর রস, কলমি শাক, ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা মরিচ একত্রে বাটা, টক দই, লবণ মাখিয়ে ৩০ মিনিট রাখুন। পোলাও রান্নার হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ ভেজে বাকি বাটা মসলা ভুনে মাছ দিয়ে অল্প আঁচে ১৫ মিনিট রান্না করতে হবে। মাঝে একবার মাছ উল্টিয়ে দিন। তেলের ওপর এলে হাঁড়ি থেকে মাছ উঠিয়ে ৪ কাপ গরম পানি ও গরম মসলা দিয়ে ফুটে উঠলে আগে থেকে ধুয়ে রাখা চাল ও লবণ দিয়ে ঢেকে দিন। লেবুর রস দিয়ে চিনি দিয়ে কয়েকবার নেড়ে দিন। মৃদু আঁচে ১৫-২০ মিনিট রেখে হাঁড়ি থেকে কিছু পোলাও তুলে মাছ, মরিচ, কিছু বেরেস্তা, কাজু বাদাম দিয়ে সাজিয়ে বাকি পোলাও দিয়ে ঢেকে দিন। একটু জাফরান রং দিন। কিছু বেরেস্তা ছিটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ১০-১৫ মিনিট দমে রেখে ওপরে ঘি ছড়িয়ে পরিবেশন করুন মজাদার বিরিয়ানি।

চিংড়ি-কচুর লতি
উপকরণ: দেশি চিংড়ি মাছ ১ কাপ, ভাপ দেওয়া কচুর লতি ২ কাপ, তেজপাতা ১টি, রসুন কুচি ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, কাঁচা মরিচ ২-৩টি, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, পেঁয়াজবাটা ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, আদাবাটা আধা চা-চামচ, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।
প্রণালি: কড়াইয়ে তেল দিয়ে তাতে তেজপাতা, রসুনকুচি, পেঁয়াজকুচি দিয়ে ভেজে নিয়ে এতে পেঁয়াজবাটা, আদাবাটা, রসুনবাটা, জিরাবাটা, হলুদ-মরিচ গুঁড়া, লবণ ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। কষানো হলে চিংড়ি মাছ দিন, একটু কষিয়ে ভাপ দেওয়া কচুর লতি দিন। কাঁচা মরিচ দিন। মাছ ও লতি সেদ্ধ হয়ে মাখা মাখা হলে নামিয়ে পরিবেশন করুন।

কাসুন্দি-হেলেঞ্চা
উপকরণ: হেলেঞ্চা শাক ২ কাপ, কাসুন্দি ২ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, শুকনা মরিচ ২-৩টি, কাঁচা মরিচ ফাড়া ১০টি, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।
প্রণালি: শাক, পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুন, লবণ একসঙ্গে প্যানে বসিয়ে দিন। শাক সেদ্ধ হলে গরম তেলে রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ লাল করে ভেজে সেটা শাকে দিয়ে দিন। নেড়ে চেড়ে নামিয়ে গরম শাকের ওপর কাসুন্দি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

শাপলা-ইলিশের ঝোল
উপকরণ: ইলিশ মাছ ৪/৫ টুকরা, শাপলা ২ কাপ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, কাঁচা মরিচ ৪-৫টি, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, পেঁয়াজবাটা ১ চা-চামচ, আদাবাটা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।
প্রণালি: মাছ ধুয়ে ঝরিয়ে নিন। এবার তাতে লবণ, হলুদ ও মরিচের গুঁড়া, লবণ মেখে ১০ মিনিট রেখে দিন। কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজকুচি ভেজে নিয়ে পেঁয়াজবাটা, আদাবাটা, জিরাবাটা, হলুদ-মরিচ গুঁড়া, লবণ ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। কষানো হলে ইলিশ মাছ দিন, একটু কষিয়ে মাছগুলো তুলে নিয়ে এতে শাপলা দিন। শাপলা কষিয়ে কষানো মাছগুলো দিয়ে কাঁচা মরিচ দিন। মাছ ও শাপলা সেদ্ধ হয়ে মাখা মাখা ঝোল হলে নামিয়ে নিন।

চিংড়ি-শাপলার যুগলবন্দী
উপকরণ: দেশি চিংড়ি মাছ ১ কাপ, শাপলা ২ কাপ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, জিরাবাটা আধা চা-চামচ, কাঁচা মরিচ ২-৩টি, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, পেঁয়াজবাটা ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, আদাবাটা আধা চা-চামচ, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।
প্রণালি: কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজকুচি ভেজে নিয়ে পেঁয়াজবাটা, আদাবাটা, রসুনবাটা, জিরাবাটা, হলুদ-মরিচ গুঁড়া, লবণ ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। কষানো হলে চিংড়ি মাছ দিন, একটু কষিয়ে শাপলা দিন। কাঁচা মরিচ দিন। মাছ ও শাপলা সেদ্ধ হয়ে মাখা মাখা হলে নামিয়ে নিন।

হেলেঞ্চার বড়া
উপকরণ: হেলেঞ্চা কুচি ২ কাপ, মটর ডালবাটা ১ কাপ, রসুনকুচি ১ চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচকুচি ১ টেবিল চামচ, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, রসুনবাটা আধা চা-চামচ, আদাবাটা আধা চা-চামচ, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।
প্রণালি: সবকিছু একসঙ্গে ভালো করে মেখে নিয়ে কিছুটা করে নিয়ে হাত দিয়ে চেপে চেপে বড়া বানিয়ে গরম ডুবো তেলে ভেজে নিন।