ভুঁড়ির চার পদ
ভুঁড়ি ভুনা শুনলেই জিবে জল আসে অনেকের। এবার দেখে নিন ভুঁড়ি দিয়ে তৈরি আরও কয়েক পদ। রেসিপি দিয়েছেন সাঈদা বেগম।

ভুঁড়ির মেথি ভুনা
উপকরণ: পরিষ্কার ভুঁড়ি ১ কেজি, লবঙ্গ ৪টি, হলুদ গুঁড়া ১ চা-চামচ, মেথি আধা চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, তেজপাতা ২টি, জিরা গুঁড়া ১ চা-চামচ, সিরকা ১ চা-চামচ, ধনে ১ চা-চামচ, জিরা-ধনে-গোলমরিচ টেলে গুঁড়া করা ১ চা-চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, পেঁয়াজ বাটা আধা কাপ, দারুচিনি এক ইঞ্চি লম্বা ৪টি, রসুন কুচি ১ টেবিল চামচ, এলাচ ৪টি, লবণ পরিমাণমতো, তেল আধা কাপ।
প্রণালি: ভুঁড়ি আধা ইঞ্চি করে কেটে নিন। এবার বাটা পেঁয়াজ, সব গুঁড়া মসলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, সিরকা ১ টেবিল চামচ তেল ও লবণ ভুঁড়িতে মেখে পরিমাণমতো পানি দিয়ে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে পানি শুকালে নামিয়ে রাখুন। অন্য পাত্রে বাকি তেল গরম করে তেজপাতা, গরম মসলা ও মেথি ফোড়ন দিয়ে দিন। এতে রসুন কুচি বাদামি রং করে ভেজে সেদ্ধ করা ভুঁড়ি দিয়ে কষিয়ে নিন। ভুনা ভুনা করে কষিয়ে তেল ওপরে এলে নামিয়ে নিন।
গরম গরম পরিবেশন করুন।

ভুঁড়ি বনি কাবাব
উপকরণ: পরিষ্কার ভুঁড়ি ১ কেজি, আদা কুচি ২ টেবিল চামচ, রসুন কুচি ২ টেবিল চামচ, পেঁপে বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, পেঁয়াজ বড় ২টি, কাঁচা মরিচ কুচি ২টি, লবণ ১ চা-চামচ, পুদিনাপাতা কুচি ১ চা-চামচ, ওয়ারচেস্টার সস ১ টেবিল চামচ, জিরা ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, ডিম ১টি, ময়দা ১ কাপ (ব্যাটারের জন্য), তেল ভাজার জন্য, টুথপিক গাঁথার জন্য।
প্রণালি: ভুঁড়ি চৌকোনা ছোট টুকরা করে কেটে নিন। আধা চা-চামচ লবণ, আধা টেবিল চামচ সস ও পরিমাণমতো পানি দিয়ে ভুঁড়ি সেদ্ধ করে নিন। ভুঁড়ি, ময়দা, তেল ও ডিম বাদে বাকি সব উপকরণ একসঙ্গে বেটে নিন। এবার এই মিশ্রণ দিয়ে সেদ্ধ করা ভুঁড়ি মেখে তিন-চার ঘণ্টা ঢেকে রাখুন। এবার টুথপিকে কয়েক টুকরা করে ভুঁড়ি গেঁথে ট্রেতে সাজিয়ে রাখুন। বাটিতে ডিম ভালো করে ফেটে নিন। পরিমাণমতো পানি, ১ চিমটি লবণ ও অল্প ময়দা দিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। প্যানে তেল গরম করে সাজানো টুথপিকগুলো ব্যাটারে ডুবিয়ে বাদামি রং করে ভেজে নিন। টমেটো সস দিয়ে পরিবেশন করুন।

বটি কাবাব
উপকরণ: পরিষ্কার ভুঁড়ি ১ কেজি, মরিচ গুঁড়া দেড় টেবিল চামচ, টক দই আধা কাপ, জিরা গুঁড়া ২ চা-চামচ, পেপে বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, দারুচিনি এক ইঞ্চি লম্বা ৪ টুকরা, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, এলাচ ৪টি, চিনি ১ চা-চামচ, লবঙ্গ ২টি, সরিষার তেল ১ টেবিল চামচ, জায়ফল গুঁড়া আধা চা-চামচ, লবণ ১ চা চামচ, জয়ত্রী সিকি চা-চামচ। শিক ও কাঠকয়লা প্রয়োজনমতো।
প্রণালি: ভুঁড়ি চৌকো ছোট টুকরা করে কেটে নিন। ১ চা-চামচ লবণ ও পরিমাণমতো পানি দিয়ে সেদ্ধ করে নিন। গরম মসলা একত্রে টেলে গুঁড়া করে নিন। এবার সব মসলা একত্রে সেদ্ধ করা ভুঁড়িতে মেখে ১০-১২ ঘণ্টা ঢেকে রাখুন। শিকে ভুঁড়ি গেঁথে কাঠ-কয়লার আগুনে ঝলসে নিন। পছন্দের চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করুন।

ভুঁড়ির রোল
উপকরণ: ভুঁড়ির কিমা আধা কেজি, ঘন সয়া সস ১ টেবিল চামচ, আদা বাটা ২ চা-চামচ, সিরকা ১ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, ময়দা ১ কাপ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, পানি ২ লিটার, গোলমরিচ গুঁড়া সিকি চা-চামচ, ডিম ৩টি, পেঁয়াজ কুচি ১ কাপ, লবণ ১ চা-চামচ, পুদিনাপাতা কুচি ১ টেবিল চামচ, তেল সিকি কাপ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, টোস্ট বিস্কুটের গুঁড়া ১ কাপ, গরম মসলা গুঁড়া ১ চা-চামচ।
প্রণালি: ভুঁড়ির মোটা অংশ আধা ইঞ্চি টুকরা করে কেটে নিন। লবণ, সিরকা ও পানি দিয়ে ভুঁড়ি সেদ্ধ করে নিন। সেদ্ধ ভুঁড়ি পাটায় ছেঁচে কিমা করে নিন। কিমার সঙ্গে আদা, রসুন, তেল, সস, গুঁড়া মরিচ, কাঁচা মরিচ, গোলমরিচ, গরম মসলা, পেঁয়াজ মেখে কষিয়ে ভেজে নিন। কিমা ভাজা ভাজা হলে ২ চা-চামচ ময়দা দিয়ে ভেজে নামিয়ে নিন। ২টি ডিম লবণ ও পানি দিয়ে ফেটে নিন এবং তাতে ময়দা অল্প অল্প দিয়ে মসৃণ গোলা তৈরি করুন। এক টুকরা কাপড়ে তেল মেখে তা দিয়ে ফ্রাইপ্যান মুছে চুলায় দিন। গরম হলে আধা কাপ ডিম-ময়দার গোলা ঢেলে চুলা থেকে সরিয়ে চারদিকে ঘুরিয়ে রুটির মতো সেঁকে নিন। এটি মিনিট খানেক চুলায় রেখে নামিয়ে নিন। এবার ১টি ডিম, আধা কাপ ময়দা, ১ চিমটি লবণ ও পরিমাণমতো পানি দিয়ে ঘন করে ব্যাটার বানিয়ে নিন। সমতল প্লেটে ১টি রুটি বিছিয়ে মাঝখানে কিমা দিয়ে দুপাশ থেকে রুটি দিয়ে কিমা ঢেকে দিন। এবার রুটিটি রোল করে নিন। গোলা ময়দা দিয়ে মুখ বন্ধ করে দিন। এভাবে সবগুলো রুটি তৈরি করে নিন।
ময়দার ব্যাটারে রুটি ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিন। ফ্রিজে ৩০-৪০ মিনিট রেখে দিন। বের করে ডুবো তেলে ভাজুন। তেঁতুলের চাটনি দিয়ে পরিবেশন করুন।