ভূমধ্যসাগরীয় অঞ্চলের খাবারের উৎসব
সালাদ থেকে মিষ্টি সবটাতেই নতুন নতুন পদ। চেনা বিরিয়ানিতেও অচেনা স্বাদ। টক, মিষ্টি, ঝাল সব ধরনের খাবার আছে মেন্যুতে। একসঙ্গে ভিনদেশি খাবারের সত্তরটিরও বেশি পদ! এত খাবার পেট ভরে খাওয়াটাও মুশকিল। তাই চেখে দেখতেই পেট ভরে এল। খাবার নিয়ে রীতিমতো উৎসবই চলছে এখানে। বলছিলাম, ঢাকার পাঁচতারকা হোটেল লা মেরিডিয়ানের ওলেয়া রেস্তোরাঁর আয়োজন নিয়ে। ২৫ ফেব্রুয়ারি থেকে এখানে চলছে ভূমধ্যসাগরীয় খাবারের উৎসব। ২ ফেব্রুয়ারি উৎসবের শেষ দিন। ভূমধ্যসাগরীয় অঞ্চলের এসব খাবারের স্বাদ দিতে এই সময়ে উপস্থিত হয়েছেন আবুধাবির সেন্ট রিজেন্স হোটেল থেকে অতিথি শেফ খলিল আল সায়েস। উৎসব উপলক্ষে ওলেয়া রেস্তোরাঁ সাজানো হয়েছে বিশেষভাবে। হোটেলের ষোলতলায় এই রেস্তোরাঁর বাইরে রুফটপ ও সুইমিংপুলের কিনারে বসে বসেও খাওয়া যাবে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত। জনপ্রতি ৪২০০ টাকায় ডিনারের এই আয়োজন থাকছে খাদ্যপ্রেমীদের জন্য। তবে উৎসবের চুক্তি অনুযায়ী স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিগনেচার কার্ডধারীরা এখানে খাবারের বিল মেটাতে পারবেন ৫০ শতাংশ ছাড়ে।