
বাঙালির খাদ্যাভ্যাস ভাতকেন্দ্রিক। আমাদের সব খাওয়াতে ভাত চাই-ই চাই! এ-সংক্রান্ত লেখা লিখতে বসে আমার একটি ঘটনার কথা মনে পড়ছে-
১৯৭২ সালের মার্চ মাস। তৎকালীন সোভিয়েত ইউনিয়নে বঙ্গবন্ধুর প্রথম রাষ্ট্রীয় সফর। অন্য আর সব কর্মকর্তার মধ্যে চিফ অব প্রটোকল হিসেবে আমিও তাঁর সফরসঙ্গী। মস্কোতে আমাদের অবস্থান ছিল ঐতিহাসিক ক্রেমলিনে। রাশিয়ার একসময়ের পরাক্রমশালী জারদের এই আবাসস্থল আসলে ৩১টি প্রাসাদের সমষ্টি। ক্রেমলিনে সেই আড়ম্বরপূর্ণ পরিবেশে আমরা ছিলাম ‘দুদিন কা বাদশা’! অসুবিধা ছিল শুধু একটা। প্রতিবেলার খাবারে অন্য অনেক খাদ্যদ্রব্যের মাঝে টেবিলে নিয়মিত আসত পোলাও আর কোরমা, এমনকি আমাদের প্রাতরাশেও প্রথমেই আসত পোলাও আর কোরমা গরম! তারপর প্লেটভর্তি ক্যাভিয়ার আর টোস্ট। তারপর সাধারণ মরণশীলদের জন্য ডিম, রুটি, কাটলেট ইত্যাদি। বঙ্গবন্ধু একদিন সাগ্রহে জিজ্ঞেস করলেন, ‘প্রতিবেলা এরা কেন পোলাও-কোরমা পরিবেশন করে?’ তাঁকে বলা হলো, এটি নিশ্চয়ই বাংলাদেশে অবস্থানরত সোভিয়েত রাষ্ট্রদূত পপভের কীর্তি। তিনি নিশ্চয়ই তাঁর কর্তৃপক্ষকে বলেছিলেন, ‘আমরা বাঙালিরা সব খাবারের সঙ্গে ভাত পছন্দ করি।’ মস্কোতে এই পোলাও-কোরমা বোধ করি ভাত-তরকারিরই রূপান্তর। শুনে পাইপের একগাল ধোঁয়া ছেড়ে বঙ্গবন্ধুর উক্তি, ‘ভাগ্যিস রাষ্ট্রদূত পপভ পান্তা ভাতের খবর পাননি! তাহলে রাতেও খেতে হতো পান্তা ভাতের রূপান্তর!’
ভাতের সঙ্গে তাই বাঙালির খাদ্যাভ্যাস ওতপ্রোতভাবে জড়িত। যেকোনো খাবারের মধ্যে ভাত থাকুক, সেটাই চাই এবং সেটাই আমাদের অভ্যাস, আমরা ভেতো বাঙালি। অন্য কথায়-খাওয়ার বিষয়ে আমরা-ভাত খাওয়ার অভ্যাসের দাস। বাংলাদেশসহ পূর্ব এশিয়ার কোটি কোটি মানুষের প্রধান খাবার হলো ভাত। কিন্তু বাঙালির মতো ভাতপাগলা জাতি বুঝি আর কেউ নয়! দুবেলা পেট ভরে ভাত খেতে পারাটাই অধিকাংশ বাঙালির জন্য যথেষ্ট। আমরা নানারূপে ভাত খাই। চিড়া, মুড়ি, খই থেকে শুরু করে রকমারি পিঠা-সব ভাতেরই দান। তবে অর্থনৈতিক সচ্ছলতার সঙ্গে সঙ্গে পূর্ব এশিয়ার অনেক দেশেই ভাতের পরিবর্তে অন্যান্য খাবার স্থান করে নিয়েছে। তার প্রধান কারণ হলো স্বাস্থ্যগত। ভাতে রয়েছে কার্বোহাইড্রেট (শর্করা), কিন্তু মানুষের চাই তার খাবারের সঙ্গে প্রোটিনসমৃদ্ধ খাবার, যেমন: মাছ, মাংস ইত্যাদি।

বাংলাদেশেও আমরা ইদানীং একটি প্রবণতা লক্ষ করছি, আর তা হলো, অর্থনৈতিক সচ্ছলতার সঙ্গে সঙ্গে খাবারে ভাতের পরিমাণ কমে যাওয়া। গ্রামের সাধারণ দরিদ্র কৃষক দিনে যে পরিমাণ ভাত খান, আপেক্ষিকভাবে সচ্ছল বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত শহুরেরা খান তার চেয়ে অনেক কম। ভাত বর্জনই যেন অর্থনৈতিক সচ্ছলতার লক্ষণ। লক্ষ করেছি, চীনে আনুষ্ঠানিক ভোজনে ভাতের আগমন ঘটে সর্বশেষে! অর্থাৎ ভাত আনতে আনতেই খাওয়া শেষ। নুন আনতে পান্তা ফুরানোর কথা এখন আর আগের মতো শোনা যায় না। তবে আমাদের চিরদিনের অভ্যাস ভাত বর্জন করাই কি আমাদের অর্থনৈতিক সচ্ছলতার চিহ্ন? আমার মতে তার বৈজ্ঞানিক উত্তর হচ্ছে ‘না’। আগে যেমনটা বলেছি, ভাতে রয়েছে কার্বোহাইড্রেট, আমাদের লক্ষ্য হচ্ছে খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে প্রোটিনকে তার স্থলাভিষিক্ত করা করা। আমরা যে পরিমাণ প্রোটিন খাচ্ছি, তা আরও বৃদ্ধি করা। আমাদের মেধা বর্ধনের জন্য তা প্রয়োজনীয় বটে। প্রোটিন আর কার্বোহাইড্রেট, এ দুয়ের মধ্যে একটা সমতা আনাই আমাদের লক্ষ।
চিরদিনের অভ্যাস ভাতের ওপর আমাদের নির্ভরতা ক্রমাগত হ্রাস পাবে, সেটাই যেন স্বাস্থ্যবিজ্ঞানের দাবি, সময়ের দাবি। আমাদের খাদ্যাভ্যাস তাই একটি পরিবর্তনের মুখোমুখি। অবশ্য গ্রামবাংলার প্রত্যন্ত অঞ্চলে সেই পরিবর্তনের হাওয়া লাগতে এখনো অনেক সময়ের প্রয়োজন। আর প্রয়োজন মানুষের সচ্ছলতার দিকটিও। সেই সচ্ছলতায় বাঙালিকে একদিন পৌঁছাতেই হবে যখন শুধু ভাতই নয় প্রোটিন সমৃদ্ধ অন্যান্য খাবারের সংস্থানও সে করতে পারবে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ভেতো বাঙালির ভাতের ওপর নির্ভরতা দিনে দিনে কমছে-সুস্বাস্থে্যর জন্য, শক্তিমান দেহের জন্য, উন্নত মেধার জন্য। তাই এর প্রয়োজনও রয়েছে।
বাঙালির খাদ্যাভ্যাসে ভাতের স্থান এখনো সর্বোচ্চ। সেটা হয়তো থেকেই যাবে, তবে বিশ্বায়নের এই যুগে, অন্যান্য দেশে যেমনটা হয়েছে, বাংলাদেশেও তেমনি খাবারে ভাতের পরিমাণ কমবে। ভেতো বাঙালি আর ভেতো রইবে না।
২.
বাঙালির অতিথিপরায়ণতা সর্বজনবিদিত। এখানেও যুগ যুগ ধরে বাঙালি ভাত দিয়ে চর্চা করে এসেছে। সেই চর্চার মাধ্যমে ভাত খাওয়াতেও এসেছে নানা বৈচিত্র্য। বাংলাদেশে চালের গুঁড়ার তৈরি রকমারি পিঠা, শুধু তা-ই নয়, সব রকমের ফিরনি, পায়েসও ভাতকেন্দ্রিক। আমার বিশ্বাস, এই অর্জন আগামী সচ্ছলতার দিনেও বাঙালির অটুট থাকবে। বিশ্বায়নের প্রভাব তো বাঙালি শুধু একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত সহ্য করবে, এর বেশি আর নয়। এক অর্থে আগামীর বাঙালি আজকের বাঙালির মতো ভেতোই থেকে যাবে, কিন্তু তার ভাবমূর্তি ধীরে ধীরে বদলাবে।
ফারুক চৌধুরী: লেখক এবং সাবেক পররাষ্ট্রসচিব