
রাজহাঁস ভুনা
উপকরণ: রাজহাঁসের মাংস ১ কেজি, তেল পরিমাণমতো, পেঁয়াজকুচি আধা কাপ, পেঁয়াজবাটা ১ কাপ, রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, টমেটো পিউরি ২ কাপ, হলুদ গুঁড়া ২ চা-চামচ (ইচ্ছানুযায়ী বাড়াতে-কমাতে পারেন), মরিচ গুঁড়া ৩ চা-চামচ (ইচ্ছানুযায়ী বাড়াতে-কমাতে পারেন), ধনে গুঁড়া ১ চা-চামচ, জিরা গুঁড়া ১ চা-চামচ, দারুচিনি ৩ টুকরা, এলাচ ৩ টুকরা, তেজপাতা ১টা, টমেটো কুচি ২ কাপ, লবণ পরিমাণমতো, কাঁচা মরিচ ফালি ৪টা, আস্ত কাঁচা মরিচ ৮টা।
প্রণালি: পাত্রে কাঁচা মরিচ বাদে সব মসলা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ১৫ মিনিট রেখে দিন। ১৫ মিনিট পর চুলায় বসিয়ে দিন। ভালো করে কষাতে হবে। কষানো হলে এতে রাজহাসেঁর মাংস দিয়ে আবার কষান। পানি কমে গেলে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিন। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখুন। পানি কমে গেলে আবার পানি দিয়ে দিন। পানি কমে মাংস সেদ্ধ হলে তাতে আস্ত কাঁচা মরিচ দিয়ে দিন। ঝোল মাখা মাখা হলে ফালি করা কাঁচা মরিচ দিয়ে নেড়ে নামিয়ে গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন। হাঁসের মাংস একটু বেশি কষাতে হয়। মসলাটাও ভালো করে কষাতে হয় মাংস দেওয়ার আগে। হাঁসের মাংস যত কষাবেন, স্বাদও তত মজাদার হবে।

হোগলের পায়েস
হোগলাগাছ দিয়ে পাটি তৈরি করা হয়। এর ফুলের গুঁড়া (হোগল) সংগ্রহ করা হয়। দেখতে হলুদ গুঁড়ার মতো। এটা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে পাওয়া যায়।
উপকরণ: নারকেল কোরানো ১ কাপ, হোগল আধা কেজি, চিনি আধা কাপ (মিষ্টি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন), এলাচ ৩টা, দারুচিনি ২টা, কিশমিশ, কাজুবাদাম।
প্রণালি: দুধ জ্বাল দিয়ে বলক উঠলে দারুচিনি, এলাচ, নারকেল, চিনি, কিশমিশ, বাদাম, হোগল দিয়ে ভালো করে নাড়ুন।
ঘন হয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন হোগলের পায়েস।