মচমচে টেম্পুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যখন-তখন বৃষ্টি এখনো হচ্ছে। বিকেলে এক কাপ গরম চায়ের সঙ্গে মচমচে ভাজাপোড়ায় জমে উঠবে আড্ডা। সবজি বা মাছ-মাংস দিয়ে সহজেই বানিয়ে ফেলতে পারেন টেম্পুরা। রেসিপি দিয়েছেন রোয়েনা মাহাজাবিন
স্পাইসি ফুলকপি টেম্পুরা
স্পাইসি ফুলকপি টেম্পুরা

স্পাইসি ফুলকপি টেম্পুরা

উপকরণ: ফুলকপি একটি, কর্নফ্লাওয়ার তিন ভাগের এক ভাগ কাপ, ময়দা দুই টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া আধা চা-চামচ, পাপরিকা আধা চা-চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, কারি পাউডার আধা চা-চামচ, নারকেল কোরানো দুই টেবিল চামচ, লবণ স্বাদমতো, জলপাই তেল দুই টেবিল চামচ, চিলি সস দুই টেবিল চামচ, টমেটো কেচাপ দুই টেবিল চামচ, পুদিনা পাতার কুচি তিন ভাগের এক ভাগ কাপ।

প্রণালি: প্রথমে ফুলকপি ছোট টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার কপির টুকরাগুলো ডুবপানিতে পাঁচ মিনিট সেদ্ধ করে নিন। এতে কর্নফ্লাওয়ার, ময়দা, মরিচের গুঁড়া, পাপরিকা, গোলমরিচের গুঁড়া, কারি পাউডার, জলপাই তেল, লবণ মাখিয়ে একটি বেকিং ট্রেতে ছড়িয়ে দিয়ে বেক করুন ২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে ১৫ মিনিট। এরপর ওভেন থেকে বের করে চিলি সস, টমেটো কেচাপ, পুদিনা পাতার কুচি ও নারকেলের কুচি মাখিয়ে আবার ওভেনে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে বেক করুন ২০ মিনিট। হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার স্পাইসি ফুলকপি টেম্পুরা।

চিকেন টেম্পুরা, ছবি: খালেদ সরকার
চিকেন টেম্পুরা, ছবি: খালেদ সরকার

চিকেন টেম্পুরা

উপকরণ: মুরগির বুকের মাংস দুই টুকরা, আদার রস এক চা-চামচ, রসুনের রস এক চা-চামচ, গোলমরিচের গুঁড়া এক চা-চামচ, পাপরিকা আধা চা-চামচ, লাল মরিচের গুঁড়া সিকি চা-চামচ, ডিম একটি, ময়দা আধা কাপ, কর্নফ্লাওয়ার আধা কাপ, বরফঠান্ডা পানি সিকি কাপ, ব্রেড ক্রাম্ব পরিমাণমতো, তেল ভাজার জন্য, লবণ স্বাদমতো।

প্রণালি: প্রথমে মুরগির টুকরাগুলো পাতলা করে কেটে নিতে হবে। ধুয়ে সম্ভব হলে হাতুড়ি দিয়ে একটু ছেঁচে নিয়ে আদা-রসুনের রস ও অল্প গোলমরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখুন। অন্য একটি বাটিতে ঠান্ডা পানির সঙ্গে ডিম ফাটিয়ে ব্রেড ক্রাম্ব ও তেল বাদে সব উপকরণ মিশিয়ে নিন। এবার এই মিশ্রণে একটি করে মুরগির পিস ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে গরম তেলে ভেজে তুলুন। সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন।

কর্ন টেম্পুরা
কর্ন টেম্পুরা

কর্ন টেম্পুরা

উপকরণ: ভুট্টার দানা এক কাপ, ময়দা তিন ভাগের এক ভাগ কাপ, কর্নফ্লাওয়ার তিন ভাগের এক ভাগ কাপ, গোল মরিচের গুঁড়া আধা চা-চামচ, পাপরিকা আধা চা-চামচ, কালিজিরা আধা চা-চামচ, বরফঠান্ডা পানি সামান্য, লবণ স্বাদমতো, ধনেপাতা মিহি কুচি দুই টেবিল চামচ, ব্রেড ক্রাম্ব দুই টেবিল চামচ, তেল ভাজার জন্য।

প্রণালি: সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নিন। এবার একটি প্যানে তেল গরম করুন। মাখানো মিশ্রণ কিছুটা করে হাতে নিয়ে পেঁয়াজুর মতো করে তেলে ছেড়ে দিন। বাদামি হলেই নামিয়ে সস দিয়ে পরিবেশন করুন।

ভেজিটেবল টেম্পুরা
ভেজিটেবল টেম্পুরা

ভেজিটেবল টেম্পুরা

উপকরণ: আলু একটি (বড়), গাজর একটি, ক্যাপসিকাম একটি, বেগুন একটি, টেম্পুরা ব্যাটারের জন্য ময়দা আধা কাপ, কর্নফ্লাওয়ার আধা কাপ, ডিম একটি, লবণ স্বাদমতো, লাল মরিচের গুঁড়া চার ভাগের এক চা-চামচ, গোলমরিচের গুঁড়া চার ভাগের এক চা-চামচ, বরফ-ঠান্ডা পানি চার ভাগের এক ভাগ কাপ বা কিছু বেশি, তেল ভাজার জন্য।

প্রণালি: প্রথমে সবজিগুলো লম্বা আঙুলের মতো আকারে কেটে নিন। এবার এগুলো ধুয়ে পানি ভালোমতো ঝরিয়ে নিন। অন্য একটি পাত্রে তেল বাদে বাকি সব উপকরণ মিলিয়ে টেম্পুরা ব্যাটার তৈরি করুন। এবার সবজির স্টিকগুলো একটি একটি করে মিশ্রণে ডুবিয়ে গরম তেলে ভেজে তুলুন। সস বা যেকোনো চাটনি দিয়ে পরিবেশন করুন।

প্রন টেম্পুরা
প্রন টেম্পুরা

প্রন টেম্পুরা

উপকরণ: চিংড়ি ১০টি, আদা গুঁড়া সিকি চা-চামচ, রসুন গুঁড়া সিকি চা-চামচ, ময়দা আধা কাপ, কর্নফ্লাওয়ার আধা কাপ, তেল ভাজার জন্য।

প্রণালি: প্রথমে চিংড়িগুলোর লেজের দিকটা রেখে মাথা ও বাকি খোলস ফেলে ধুয়ে নিন। আদা ও রসুনের গুঁড়া মাখিয়ে রাখুন। অন্যদিকে টেম্পুরার মিশ্রণ তৈরি করুন। ডিম ফেটে সঙ্গে ঠান্ডা পানি দিন। এরপর তেল ও ব্রেড ক্রাম্ব বাদে বাকি সব উপকরণ মিশিয়ে নিন। এবার একটি একটি করে টেম্পুরা ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে গরম তেলে বাদামি করে ভেজে তুলুন। ব্যস তৈরি হয়ে গেল মচমচে মজাদার প্রন টেম্পুরা।

সবুজ চাটনি
সবুজ চাটনি

সবুজ চাটনি

উপকরণ: ধনেপাতা এক মুঠো, জলপাই তেল এক টেবিল চামচ, রসুনের কোয়া দুটি, লেবুর রস এক টেবিল চামচ, গোল মরিচের গুঁড়া এক চা-চামচ, কাঁচা মরিচ দুটি, লবণ স্বাদমতো।

প্রণালি: সব উপকরণ একসঙ্গে পেস্ট করে নিন। তৈরি হয়ে গেল সবুজ চাটনি।

সস মিক্সড
সস মিক্সড

সস মিক্সড

উপকরণ: বারবিকিউ সস দুই টেবিল চামচ, ওয়েস্টার সস এক টেবিল চামচ, টমেটো কেচাপ দুই টেবিল চামচ, সয়াসস এক টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া তিন ভাগের এক ভাগ চা-চামচ, ড্রাইড বেসিল আধা চা-চামচ, লেবুর রস এক টেবিল চামচ, শুকনা মরিচ টালা গুঁড়া এক চা-চামচ।

প্রণালি: সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে।