মাছেই মজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিমন্ত্রণের এই মৌসুমে মাছের নানা পদেই হতে পারে অতিথি আপ্যায়ন। স্বাদের বৈচিত্র্যও অনেক। দেখে নিন সেলিনা আখতারের দেওয়া রেসিপিগুলো

লেবু-মাখনে স্ন্যাপার

লেবু-মাখনে স্ন্যাপার
লেবু-মাখনে স্ন্যাপার

উপকরণ: স্ন্যাপার ফিলে ৩টা, গার্লিক পাউডার আধা চা-চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, ময়দা আধা কাপ, তেল ভাজার জন্য।
প্রণালি: ফিলেগুলো ভালো করে ধুয়ে কিচেন টাওয়েল দিয়ে মুছে একটা ছড়ানো প্লেটে রাখুন। গার্লিক পাউডার, গোলমরিচ ও লবণ দিয়ে মাছ ম্যারিনেট করুন ১ ঘণ্টা। ফ্রাইপ্যানে তেল গরম করে ফিলেগুলো ময়দায় গড়িয়ে ভেজে তুলে রাখুন।
লেবু-মাখন সসের উপকরণ: লেবুর রস সিকি কাপ, পানি বা সবজির স্টক সিকি কাপ, মাখন ৮০ গ্রাম, চিনি ১ চা-চামচ, লবণ সিকি চা-চামচ।
প্রণালি: পানি, লেবুর রস, চিনি ও লবণ একসঙ্গে মিশিয়ে চুলায় দিন। মাখন কিউব করে কেটে নিন। এবার মিশ্রণটি গরম হয়ে এলে অল্প আঁচে একটা করে কিউব দিন আর ধীরে ধীরে নাড়তে থাকুন। মাখন গলে ঘন সস হয়ে এলে নামিয়ে নিন। ভাজা মাছগুলো পরিবেশন পাত্রে রেখে তার ওপরে সস ঢেলে নিন। পছন্দের সবজি দিয়ে পরিবেশন করতে পারেন।
কমলায় মাছ

কমলায় মাছ
কমলায় মাছ

ধাপ-১
উপকরণ: স্ন্যাপার ফিলে কিউব কাট আধা কেজি, সয়া সস ১ টেবিল-চামচ, ফিশ সস ১ চা-চামচ, আদা বাটা আধা চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, ডিম ১টা, কর্নফ্লাওয়ার সামান্য।
প্রণালি: কিচেন টাওয়েল দিয়ে মাছের ফিলে মুছে কিউব কাট করে নিন। কর্নফ্লাওয়ার বাদে সব উপাদান দিয়ে মাছ ম্যারিনেট করুন ১ ঘণ্টা। এবার কর্নফ্লাওয়ারে গড়িয়ে মাছ ভেজে তুলে রাখুন।
ধাপ-২
সুইট অ্যান্ড সাওয়ার সসের উপকরণ: থাই রেড কারি পেস্ট ১ টেবিল-চামচ, ফিশ সস আধা চা-চামচ, সয়া সস ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া সিকি চা-চামচ, কমলার রস সিকি কাপ, চিনি ২ টেবিল-চামচ, ভিনেগার ১ টেবিল-চামচ, টমেটো সস ১ টেবিল-চামচ, সুইট চিলি সস ১ টেবিল-চামচ, কর্নফ্লাওয়ার ১ চা-চামচ, পানি সিকি কাপ।
প্রণালি: সব উপকরণ একসঙ্গে মিশিয়ে প্যানে ঢেলে চুলায় বসান। একটু ঘন হয়ে এলে নামিয়ে নিন।
ধাপ-৩
উপকরণ: ক্যাপসিকাম কিউব কাট (বিভিন্ন রঙের) আধা কাপ, পেঁয়াজ কিউব কাট সিকি কাপ, স্প্রিং অনিয়ন আন্দাজমতো, রসুন কুচি বা থেঁতলানো ১ টেবিল-চামচ, থাই রেড চিলি (থেঁতলানো) ১ টেবিল-চামচ, অলিভ অয়েল এক টেবিল-চামচের সামান্য কম, সেসিমি (তিল) ওয়েল ১ টেবিল-চামচ, কমলার রস ১ টেবিল-চামচ।
প্রণালি: অলিভ অয়েলে রসুন কুচি দিয়ে ভেজে নিন। এবার তাতে ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিন। এরপর মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে আগের বানিয়ে রাখা সুইট অ্যান্ড সাওয়ার সস দিয়ে দিন। মাখা মাখা হলে সেসিমি অয়েল, কমলার রস ও স্প্রিং অনিয়ন দিয়ে নামিয়ে নিন। ফ্রায়েড রাইস অথবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে পারেন।
রসুন-চিংড়ি

রসুন-চিংড়ি
রসুন-চিংড়ি

উপকরণ: মাঝারি চিংড়ি ৫০০ গ্রাম, লেবুর রস ২ টেবিল চামচ, পাপরিকা সিকি চা-চামচ, লবণ স্বাদমতো, মাখন ২ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, রসুন কুচি ২ টেবিল চামচ, লাল মরিচ থেঁতলানো ২টা, চিনি ১ চা-চামচ।
প্রণালি: চিংড়ি ধুয়ে কিচেন টাওয়েল দিয়ে মুছে শুকিয়ে নিন। তাতে ১ টেবিল চামচ লেবুর রস, পাপরিকা ও ১ চিমটি লবণ মেখে পরিবেশন পাত্রে রাখুন। চুলায় প্যানে মাখন দিয়ে রসুন কুচি ও থেঁতলানো লাল মরিচ দিয়ে একটু ভেজে নিন। এবার বাকি সব উপকরণ দিয়ে একটু নেড়েচেড়ে খুব অল্প পানি দিন। ঘন সস হয়ে এলে মাছের ওপর ঢেলে দিন। এবার ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপে ১৫-২০ মিনিট প্রিহিটেড ওভেনে বেক করুন। নামিয়ে গরম গরম পরিবেশন করুন ফ্রায়েড রাইস বা পোলাওর সঙ্গে।
থাই ফিশ কেক

থাই ফিশ কেক
থাই ফিশ কেক

উপকরণ: যেকোনো মাছ কাঁটা ছাড়িয়ে পেস্ট করা আধা কেজি, গ্রিন বিন কিমা ২ টেবিল চামচ, পার্সলে মিহি কুচি ২ টেবিল চামচ, রেড কারি পেস্ট ৩ টেবিল চামচ, ডিম ১টা, ফিশ সস ১ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ, পাপরিকা আধা চা-চামচ, কাঁচামরিচ মিহি বাটা আধা চা-চামচ।
প্রণালি: মাছের সঙ্গে সব উপকরণ ভালো করে মেখে মসৃণ পেস্ট তৈরি করুন। এটি হাত দিয়ে ফিশ কেকের আকারে গড়ে নিন। এবার চুলায় কড়াইয়ে তেল দিয়ে গরম হলে ডুবোতেলে ভেজে নিন। নামিয়ে সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।
গোটা ইলিশ কাবাব

গোটা ইলিশ কাবাব
গোটা ইলিশ কাবাব

উপকরণ-১: গোটা ইলিশ (বড়) ১টা, লবণ পরিমাণমতো, পানি মাছ সেদ্ধ করার জন্য পরিমাণমতো, কাঁচা মরিচ বাটা ১ টেবিল-চামচ।
প্রণালি: মাছের মাথা ও লেজ কেটে আলাদা করে রাখুন। বাকি মাছ ধুয়ে পরিষ্কার করে ওপরের সব উপকরণ দিয়ে সেদ্ধ করে নিন। এরপর শুধু মাঝখানের বড় কাঁটা থেকে মাছ ছাড়িয়ে মাছ থেকে ছোট কাঁটাগুলো বেছে নিন। বড় কাঁটা ফেলবেন না। মাছের মাথা ও লেজে সামান্য লবণ ও হলুদ মেখে হালকা তেলে হালকা করে ভেজে নিন।
উপকরণ-২: পেঁয়াজ মিহি কুচি ১ কাপ, কাঁচা মরিচ মিহি কুচি ২ টেবিল-চামচ, আলু সেদ্ধ করে গ্রেট করে নেওয়া এক কাপের তিন ভাগের দুই ভাগ, টমেটো সস ৩ টেবিল-চামচ, লেমন রাইন্ড ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, ধনেপাতা কুচি পরিমাণমতো, তেল সিকি কাপ, টোস্ট বিস্কুটের গুঁড়া এক কাপের তিন ভাগের এক ভাগ, লবণ স্বাদমতো।
প্রণালি: চুলায় তেল গরম করে পেঁয়াজ কুচি লাল করে ভেজে তাতে সেদ্ধ করা মাছ ও আলু দিন। কিছুটা ভাজা হলে বিস্কুটের গুঁড়া বাদে বাকি সব উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ভাজা ভাজা হলে নামিয়ে নিন। এবার লম্বা পরিবেশন পাত্রের একদিকে ওপরে ইলিশের মাথা রাখুন। মাঝখানে বড় কাঁটা আর অন্য প্রান্তে লেজটা রাখুন। বড় কাঁটার ওপর ভাজা মাছের মিশ্রণ দিয়ে গোটা মাছের আকার বানান। ওপরে বিস্কুটের গুঁড়া ছড়িয়ে দিন। এরপর একটি শাসলিক কাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মাছের আঁশের মতো বানান। ইলেকট্রিক ওভেনে ১৭০ ডিগ্রি সেলসিয়াস তাপে মাছটা ২০ মিনিট বেক করুন। যাতে ওপরে বিস্কুটের গুঁড়াগুলোর রং আসে ও মুচমুচে হয়। এবার নিজের পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন গরম গরম।
রুপচাঁদা ভাজি

রুপচাঁদা ভাজি
রুপচাঁদা ভাজি

উপকরণ: রুপচাঁদা মাছ ১ কেজি, রসুন ৪/৫ কোষ, কাঁচা মরিচ ৩/৪টা, লালমরিচ গুঁড়া আধা চা-চামচ, পাপরিকা পাউডার আধা চা-চামচ, ভিনেগার ১ টেবিল-চামচ, লেবুর রস ২ টেবিল-চামচ, ফিশ সস ১ টেবিল-চামচ, পেঁয়াজকুচি ১ টেবিল-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো।
ব্যাটারের জন্য উপকরণ: ময়দা আধা কাপ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল-চামচ, চালের গুঁড়া ৩ টেবিল-চামচ, ডুবো তেলে ভাজার জন্য পরিমাণমতো তেল।
প্রণালি: সব মসলা একসঙ্গে ব্লেন্ড করে নিন। মাছ ধুয়ে কিচেন টাওয়েল দিয়ে মুছে শুকিয়ে নিন। কাঁটা চামচ বা ছুরি দিয়ে খুব করে কেচে নিন। ব্লেন্ড করা মসলা দিয়ে ম্যারিনেট করতে দিন ২/৩ ঘণ্টা। এবার মাছ তুলে নিন। ম্যারিনেটের মসলার সঙ্গে ব্যাটারের উপাদানগুলো মিশিয়ে কিছুটা পানি মিশিয়ে পাতলা ব্যাটার বানিয়ে নিন। চুলায় ফ্রাইপ্যানে তেল গরম করে একটা একটা করে মাছ ব্যাটারে ডুবিয়ে ডুবো তেলে ভাজি করে নিন। নামিয়ে গরম গরম পরিবেশন করুন।