মাছের মজায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাছের ঝোল বা মালাইকারি তো হরহামেশা রান্না হয়ই। এবার মাছ দিয়ে হোক ভিন্ন কিছু। এখানে থাকছে মাছের ভিন্ন রকমের কয়েকটি পদ। রেসিপি: আতিয়া আমজাদ
চিংড়ি কোফতা মালাইকারি
চিংড়ি কোফতা মালাইকারি



চিংড়ি কোফতা মালাইকারি

উপকরণ: কোফতার জন্য-খোসা ছাড়া চিংড়ি মাছের পেস্ট ২ কাপ (চিংড়িবাটা), কাঁচা আলু গ্রেট করে নেওয়া মাঝারি ১টি, মসুর ডালবাটা ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৪টি, রসুনের বড় কোয়া ৩ থেকে ৪টি, আদা ১ ইঞ্চি, ১ মুঠো ধনেপাতা সব একত্রে পাটায় পিষে নিতে হবে। ১টি মাঝারি সাইজের পেঁয়াজকুচি, টালা জিরাগুঁড়া আধা চা-চামচ, লবণ আধা চা-চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, তেল ১ কাপ (ভাজার জন্য)।
গ্রেভির জন্য-পেঁয়াজকুচি আধা কাপ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা আধা চা-চামচ, আদাবাটা কম কম আধা চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, নারকেলের ঘন দুধ ১ কাপ, তেজপাতা ১টি, এলাচি ২ থেকে ৩টি, লবঙ্গ ২টি, তেল ২ টেবিল চামচ, পাতলা দুধ আধা কাপ, কাঁচা মরিচ ফালি ৩ থেকে ৪টি, ধনেপাতা ২ টেবিল চামচ, লেবুর রস ১ চা-চামচ, চিনি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

প্রণালি: কোফতার সব উপকরণ মিশিয়ে ভালো করে মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন। এরপর গোল গোল কোফতার সাইজ করে তেলে ভাজুন এবং সোনালি হলে তেল ভালো করে ঝরিয়ে নামিয়ে নিন। এবার আরেকটি কড়াইয়ে তেল দিয়ে গরমমসলাগুলো দিন ও পেঁয়াজ দিয়ে সোনালি হওয়ার আগ পর্যন্ত ভাজুন এবং বাকি গুঁড়া ও বাটা মসলাগুলো দিয়ে কষিয়ে নিন। দুধ দিয়ে ঢেকে রান্না করুন ১ মিনিট। এবার কোফতাগুলো গ্রেভিতে বিছিয়ে নারকেলের দুধ মিশিয়ে দিন। বলক এলে লেবুর রস, চিনি ও কাঁচা মরিচ দিয়ে দিন। এভাবে ১০ মিনিট দমে রাখুন। লবণ চেখে দেখুন, প্রয়োজন হলে আরেকটু লবণ দিন। ধনেপাতাকুচি দিয়ে গার্নিশিং করে গরম-গরম পরিবেশন করুন।

হোল ফ্রায়েড ফিশ ইন সয়াসস অ্যান্ড লেমন জুস
হোল ফ্রায়েড ফিশ ইন সয়াসস অ্যান্ড লেমন জুস



হোল ফ্রায়েড ফিশ ইন সয়াসস অ্যান্ড লেমন জুস
উপকরণ: যেকোনো মাঝারি আকারের মাছ ১টি (৫০০ গ্রাম), সয়াসস ৪ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, গোলমরিচগুঁড়া ১ চা-চামচ, ভাজার জন্য তেল আধা কাপ।

প্রণালি: গোটা মাছের আঁশ ছাড়িয়ে পেটের ময়লা পরিষ্কার করে নিন। এবার তেল ছাড়া বাকি উপকরণ দিয়ে মাছটা মাখিয়ে মেরিনেট করতে হবে ১ থেকে ২ ঘণ্টা। ফ্রিজে রেখে মেরিনেট করুন। এবার তেল গরম করে মাঝারি আঁচে উভয় পাশে ৫ থেকে ৭ মিনিট ভেজে গরম-গরম পরিবেশন করুন।

সি ফুড পাস্তা
সি ফুড পাস্তা



সি ফুড পাস্তা
উপকরণ: জলপাই তেল ৫ টেবিল চামচ, পেঁয়াজকুচি মাঝারি ১টি, রসুনকুচি ২ কোয়া, চিংড়ি ও কাঁটা ছাড়া যেকোনো সামুদ্রিক মাছের ফিলে টুকরো করা ৫০০ গ্রাম, টমেটোর পিউরি ২০০ গ্রাম, চিলি সস ৪ টেবিল চামচ, রোস্টেড টমেটো ১০০ গ্রাম, লবণ ও গোলমরিচগুঁড়া পরিমাণমতো, সেদ্ধ করা পাস্তা ৫০০ গ্রাম, কুকিং ক্রিম ২৫০ গ্রাম।
প্রণালি: প্যানে তেল গরম করে পেঁয়াজ ও রসুন সোনালি করে ভেজে সামুদ্রিক মাছগুলো দিয়ে ২ মিনিট ভেজে নিতে হবে। এবার টমেটোর পিউরি ও চিলি সস মিশিয়ে আরও ১ থেকে ২ মিনিট রান্না হতে দিন। এবার পাস্তা মিশিয়ে নিয়ে তাতে ক্রিম ও রোস্টেড টমেটো মিশিয়ে গরম-গরম পরিবেশন করুন।

টুনার চপ
টুনার চপ



টুনার চপ
উপকরণ: সেদ্ধ করা আলু বড় ১টি (গ্রেট করে নেওয়া), টুনা ১ কৌটা, বিস্কুটের গুঁড়া (ব্রেড ক্রাম্ব) ৪ টেবিল চামচ, গোলমরিচগুঁড়া আধা চা-চামচ, ময়দা ২ টেবিল চামচ, ডিম ১টি, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচকুচি ২টি, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, বেরেস্তাগুঁড়া ১ টেবিল চামচ, লবণ ও ভাজার জন্য তেল পরিমাণমতো।
প্রণালি: বিস্কুটের গুঁড়া ছাড়া বাকি সবকিছু একত্রে মিশিয়ে চপের আকার করে নিন। এবার বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিয়ে ১ ঘণ্টা ফ্রিজে রাখুন। এবার চুলায় তেল দিয়ে দুই পাশ বাদামি করে ভেজে নিন। গরম-গরম পরিবেশন করুন।

চিংড়ির মিশ্র সালাদ
চিংড়ির মিশ্র সালাদ



চিংড়ির মিশ্র সালাদ
উপকরণ: খোসা ছাড়ানো চিংড়ি মাছ ২০০ গ্রাম, রসুনবাটা আধা চা-চামচ, ভাজার জন্য তেল ১ চা-চামচ, লবণ আধা চা-চামচ (চিংড়ির সঙ্গে মেশাতে হবে), মরিচগুঁড়া আধা চা-চামচ, শসা মাঝারি ২টি (সালাদের জন্য কেটে নেওয়া), মটরশুঁটি বা বরবটি টুকরা করে নেওয়া ১ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, জলপাই তেল ১ টেবিল চামচ, শুকনা মরিচ টেলে গুঁড়া করা আধা চা-চামচ, লবণ ও চিনি পরিমাণমতো।

প্রণালি: প্যানে ১ চামচ তেল গরম করে তাতে রসুন দিয়ে নাড়ুন। ভাজা হয়ে এলে চিংড়ি, মরিচগুঁড়া ও লবণ দিয়ে ১ মিনিট ভেজে নিন। এবার সবকিছু একত্রে মিশিয়ে তৈরি করে নিন হেলদি মিশ্র সালাদ।