মাধুরীর রেসিপিতে ১০ মিনিটে ঝটপট পোহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে রাঁধে সে চুলও বাঁধে। মাধুরীর বেলায় এ কথা শতভাগ খাটে। তিনি অভিনয় করেন, নাচেন; তিনিই আবার কোমরে কাপড় বেঁধে নেমে পড়েন রান্নায়। লকডাউনে বলিউড তারকা মাধুরী রান্নার কোর্সও করাচ্ছেন। তবে এ কোর্স কেবল তাঁর স্বামী শ্রীরাম নেনেই করতে পারবেন।

মাধুরীর নির্দেশনায় রান্না করছেন নেনে।
ছবি: ইনস্টাগ্রাম

এদিন মাধুরী দাঁড়িয়ে থেকে নির্দেশনা দিয়েছেন। আর নেনে রেঁধে–বেড়ে খাইয়েছে বউকে। ভারতের মুম্বাইয়ে পোহা খুবই জনপ্রিয় খাবার। মাধুরীরা ইউটিউব চ্যানেলের ভিডিওর জন্য আর সকালের নাস্তার জন্য বানিয়েছিলেন কান্দা পোহা। একেই বলে একের ভেতর দুই! সব উপকরণ গুছিয়ে নিয়ে মাধুরীর নির্দেশনায় রান্না করতে নেনের ১০ মিনিটও লাগেনি।

মাধুরী দীক্ষিত ও শ্রীনাম নেনে
ছবি: ইনস্টাগ্রাম

যা যা লাগবে

মাধুরীর রেসিপিতে কান্দা পোহা বানাতে বেশি কিছু লাগবে না। দুই কাপ চিড়া, সামান্য শর্ষে, কয়েকটি কারিপাতা, ২টি পেঁয়াজের কুচি, ১টি কাঁচা মরিচ, হলুদ, পরিমাণমতো লবণ, দুই টেবিল চামচ তেল, চিনি আর বাদাম। ব্যস, এগুলোই। হাতের কাছেই পাওয়া যাবে উপকরণগুলো।

পোহা
ছবি: ইনস্টাগ্রাম

যেভাবে বানাবেন পোহা

প্রথমে চিড়া ধুয়ে নিয়ে একটি ছড়ানো পাত্রে ঢেলে ছড়িয়ে দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই চিড়া পানি ঝরিয়ে ঝরঝরে হয়ে যাবে। চুলায় একটি ফ্রাই প্যানে তেল গরম করতে হবে। তারপর সেখানে শর্ষে ফোড়ন দিতে হবে। এরপর কারিপাতা, পেঁয়াজ আর কাঁচা মরিচ দিতে হবে। ভাজা হয়ে গেলে চিড়া ঢেলে দিতে হবে। হালকা আঁচে নাড়তে হবে। দুই মিনিট পর লবণ আর ভাজা বাদাম যোগ করতে হবে। নামানোর আগে চিনি দিতে হবে।

মাধুরী দীক্ষিত
ছবি: ইনস্টাগ্রাম

অনেকে আবার কান্দা পোহায় আলুও দেন। তবে মাধুরীর রেসিপিতে আলু ছিল না। খাওয়ার সময় চানাচুর ছিটিয়ে লেবুর রস মিশিয়ে খেতে পারেন। ওই ভিডিওতে শ্রীরাম বলেন, ‘আমার দাদি অসাধারণ কান্দা পোহা বানাতেন। আমাদের বাড়িতে রোজ সকালে এই পদ হয়।’ আর মাধুরীও মারাঠি আর ইংরেজি মিশিয়ে বলেছেন, কান্দা পোহা রান্না হলেই তাঁর নাকি নানির কথা খুব মনে পড়ে। মাধুরীর নানি নাকি ‘পৃথিবীর সেরা’ পোহা বানায়। প্রতিটি মারাঠি রান্নাঘরে নিয়মিত কান্দা পোহা হয়।