মাশরাফির পছন্দ বাঙালি খাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই ছেলে মাশরাফি ও মোরসালিনের সঙ্গে মা হামিদা মুর্তজা। ছবি: সংগৃহীত
দুই ছেলে মাশরাফি ও মোরসালিনের সঙ্গে মা হামিদা মুর্তজা। ছবি: সংগৃহীত

রাত পোহালে ঈদুল আজহা। সে কথা মনে আছে নড়াইলের হামিদা মুর্তজারও। তাই তো তোড়জোড় শুরু হয়ে গেছে। আতপ চালের গুঁড়া তৈরি করা, দেশি কই মাছ পাওয়া যায় কি না, সেটার খোঁজ নেওয়া। এখন তো ইলিশের সময়। সেটাও আনাতে হবে। ছেলের পছন্দের খাবার বলে কথা। সেটা না খাওয়াতে পারলে মায়ের মনটাও যে খচখচ করবে। ছেলে এখন ঢাকায়, আর মা আছেন নড়াইলে।

হামিদা মুর্তজা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার মা। যে ক্রিকেটার শুধু বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের (ওয়ানডে) অধিনায়ক নন, অনেকের মনে নায়কের জায়গা করে নিয়েছেন। বাড়িতে মায়ের অপেক্ষা দুই ছেলের (মাশরাফি ও মোরসালিন) জন্য। ছেলের বউ ও নাতি-নাতনিদের জন্য। ছেলেরা বাড়িতে এলে তাঁদের পছন্দের খাবার তৈরি করে খাওয়াবেন। ৭ আগস্ট নড়াইলের মহিষখোলায় মাশরাফির বাড়িতে বসে ছেলের পছন্দের খাবার নিয়ে বলছিলেন হামিদা মুর্তজা, কাছের মানুষদের কাছে যিনি বলাকা নামেই পরিচিত। মা বলেন, ‘কৌশিক (মাশরাফির ডাকনাম) বাঙালি খাবারই বেশি ভালোবাসে। সাদা ভাত, আলুভর্তা, পাতলা ডাল, ডিমভাজি আর আলুভাজি। তবে বাড়িতে এলে খায় গরুর মাংস, গরুর পায়া আর চালের গুঁড়া দিয়ে বানানো রুটি।’

ছবি: লেখক
ছবি: লেখক

চালের রুটি, গরুর মাংস আর গরুর পায়া মাশরাফি অনেক পছন্দ করেন বলে জানান বাবা গোলাম মুর্তজাও। আর কী খেতে ভালোবাসেন মাশরাফি, কথায় কথায় সেসবও জানান তাঁর মা। ‘ইলিশ ভাজা খেতে খুব ভালোবাসে। গরুর ভুঁড়ি রান্না, লাউ দিয়ে রান্না করা দেশি কই মাছ খেতে চায়। মিষ্টিজাতীয় খাবারের মধ্যে তাঁর পছন্দ সেমাই। এ ছাড়া তেলে ভাজা পিঠা খেতে চায়।’
মাশরাফির মায়ের হাতে কেমন করে রান্না হয় গরুর মাংস?
প্রশ্নটা শুনে খুবই অবাক হয়ে কিছুক্ষণ হাসলেন মাশরাফির মা। তারপর খাবারের রেসিপি চাইছি বলে বোঝানোর পর হেসে উড়িয়ে দিয়ে বললেন, ‘দূর, গরুর মাংস তো সবাই রান্না করতে পারে। সবাই যেভাবে করে, আমিও সেভাবেই রান্না করি। এসবের আবার রেসিপি লাগে নাকি!’
বাড়িতে রান্নাও করলেন ছেলের পছন্দের খাবার। তবে রান্নার পর অনুরোধ করলেন খাবারের ছবি না তুলতে। তাঁর ভাষায়, ‘খাবারের ছবি তুলে আবার মানুষকে দেখানোর কী আছে! এসব আমার লজ্জা লাগে।’