মিষ্টি তো চাই-ই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোলাও-মাংস যতই খাওয়া হোক, ঈদের দিনে নানা রকম মিষ্টি খাবারও তো পাতে থাকা চাই। রেসিপি দিয়েছেন ফারজানা হালিম হাই

রংধনু কেক
রংধনু কেক

রংধনু কেক
উপকরণ: ময়দা সোয়া কাপ, ডিম ৩িট, তেল বা মাখন ১ কাপ, আইসিং সুগার ১ কাপ, বেকিং পাউডার ১ চা-চামচ, ফুড কালার পছন্দের তিন-চার রকম। কোকো পাউডার ৩ টেবিল চামচ, দুধ আধা কাপ, হোয়াইট চকলেট পরিমাণমতো।
প্রণালি: বাটিতে ডিম ও চিনি বিট করে নিন। চিনি গলে গেলে তাতে তেল বা মাখন দিয়ে আবার বিট করুন। এবার ভ্যানিলা এসেন্স দিয়ে দিন। ময়দায় বেকিং পাউডার দিয়ে চেলে নিন। এরপর ডিমের মিশ্রণে অল্প অল্প করে ময়দা দিয়ে আস্তে আস্তে বিট করুন। এর সঙ্গে দুধ মেশান। ময়দা তিন ভাগ করে এক ভাগের সঙ্গে কোকো পাউডার মেশান। এক পাউন্ডের বেকিং পাত্রে বেকিং শিট বিছিয়ে টেবিল চামচ দিয়ে কিছু কোকো পাউডার ডো এবং কিছু সাদা ডো দিন। এবার ছুরি দিয়ে ইচ্ছামতো পরপর টান দিন। খয়েরি ও সাদা রঙের নকশা মনে হবে। এবার ওভেনে ২৫০ ডিগ্রি সেলসিয়াস তাপে ২০-২৫ মিনিট বেক করুন। হয়ে গেলে কেক ঠান্ডা করে তাতে মাখন এবং আইসিং সুগার দিয়ে বানানো ক্রিম দিয়ে ঢেকে দিতে হবে। হোয়াইট চকলেট এবং মাখন চুলায় গরম পানির ওপর একটা বাটি বসিয়ে গলিয়ে নিন। এবার এই হোয়াইট চকলেট ৩-৪িট বাটিতে নিয়ে তাতে ৩-৪ রকম ফুড কালার মিশিয়ে নিন। এবার একটা চামচ দিয়ে কেকের ওপর ঢেলে দিন। কেক কেটে পরিবেশন করুন।

হালুয়া বাহার
হালুয়া বাহার

হালুয়া বাহার
উপকরণ: পেঁপে, গাজর, বিট এক কাপ করে। সেমাই এক কাপ। চিনি, ঘি, দারুচিনি, এলাচি, কিশমিশ, কাঠবাদাম, ফুড কালার (সবুজ), সেমাই, মাওয়া প্রয়োজনমতো।
প্রণালি: পেঁপে ছোট টুকরা করে সেদ্ধ করে নিন। এতে ঘি এবং ফুড কালার মিশিয়ে ভুনে নিন, যতক্ষণ না ঘি ওপরে উঠে আসে। চিনি, দারুচিনি ও এলাচি দিয়ে আরও কিছুক্ষণ ভুনতে হবে। তারপর নামিয়ে রাখুন। গাজর ও বিট কুচি করে আলাদা আলাদা পাত্রে পরিমাণমতো ঘি, চিনি, দারুচিনি ও এলাচি দিয়ে ভুনে নিন। তেল ওপরে উঠে এলে মাওয়া দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। অন্য পাত্রে সেমাই-ঘি দিয়ে কিছুক্ষণ ভুনে নিন। এবার তাতে অল্প গরম পানি দিয়ে কম আঁচে চুলায় রাখুন দু-তিন মিনিট। এরপর চিনি, দারুচিনি ও এলাচি দিয়ে ভুনে নিন। পানি শুকিয়ে গেলে বড় থালায় ছড়িয়ে ফ্যানের নিচে কিছুক্ষণ রাখুন। হালুয়া হয়ে গেলে পছন্দমতো সাজিয়ে বাদাম ও কিশমিশ মিশিয়ে পরিবেশন করুন।

সুজির চমচম
সুজির চমচম

সুজির চমচম
উপকরণ: সুজি ১ কাপ, দুধ ২ কাপ, ডিম ২টি, চিনি ১ কাপ (শিরার জন্য), পানি দেড় কাপ, তেল (ভাজার জন্য)।
প্রণালি: প্যানে দুধ জ্বাল দিয়ে ফুটে উঠলে তাতে সুজি দিয়ে কাই করে নিন। এবার ঠান্ডা করে ডিম দিয়ে ভালোভাবে মেখে চমচমের আকার করে নিন। ডুবো তেলে হালকা ভেজে উঠিয়ে রাখুন। অন্য একটি হাঁড়িতে চিনি ও পানি দিয়ে জ্বাল দিয়ে শিরা তৈরি করে নিন। এবার শিরায় সুজির চমচমগুলো দিয়ে দিন। নরম হয়ে গেলে পরিবেশন করুন। ইচ্ছা হলে ওপরে মাওয়া দেওয়া যেতে পারে।

রঙিন প্যান কেক
রঙিন প্যান কেক

রঙিন প্যান কেক
উপকরণ: ময়দা আধা কাপ, ডিম ২িট, গুঁড়া দুধ ৩ টেবিল চামচ, কনডেন্সড মিল্ক ৪ টেবিল চামচ, বেকিং পাউডার ১ চা-চামচ, লবণ আধা চা-চামচ, ফুড কালার (লাল, সবুজ ও নীল)। সবুজ আঙুর, লাল আঙুর, আনারস সাজানোর জন্য। ভাজার তেল সামান্য, শাশলিক কাঠি প্রয়োজনমতো।
প্রণালি: ময়দা, ডিম, গুঁড়া দুধ, কনডেন্সড মিল্ক, বেকিং পাউডার ও লবণ—সব একসঙ্গে অল্প পানি দিয়ে মিশিয়ে নরম বানিয়ে নিন। এরপর এই মিশ্রণ সমান চার ভাগে ভাগ করে নিন। তিন ভাগের সঙ্গে লাল, নিল ও সবুজ ফুড কালার মেশান। ননস্টিক ফ্রাইপ্যানে তেল ব্রাশ করে বড় চামচের এক চামচ মিশ্রণ প্যানে গোলাকারে ঢেলে দিন। ঢাকনা দিয়ে ঢেকে ঢিমে আঁচে চুলায় রাখুন ৩০ সেকেন্ড। এভাবে উল্টিয়ে প্যানকেকের অপর পিঠও ভেজে নিন। প্রতিটি রঙের মিশ্রণ ব্যবহার করে চারটি ভিন্ন রঙের আটটি প্যান কেক হবে। কাঠিতে আনারস, আঙুর গেঁথে প্যানকেকের ওপর বসিয়ে পরিবেশন করুন।

ক্রিম ডিলাইট
ক্রিম ডিলাইট

ক্রিম ডিলাইট
উপকরণ: পাকা কলা ২টি, সবুজ আঙুর ১০টি, হুইপড ক্রিম ২ কাপ, দুধ ৩ কাপ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, কনডেন্সড মিল্ক আধা কাপ, হরলিকস বিস্কুট ১২টি, শুকনা খেজুর কুচি করা ১ কাপ, গোলাপি রঙের ফুড কালার।
প্রণালি: দুধ চুলায় বেশি আঁচে জ্বাল দিন। ঘন হয়ে এলে তাতে কনডেন্সড মিল্ক মিশিয়ে ১০-১৫ মিনিট জ্বাল দিয়ে আরও ঘন করুন। এই মিশ্রণ আধা ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা করুন। হরলিকস বিস্কুট মিহি গুঁড়া করে নিন। কলা ও আঙুরকে মোটা করে টুকরা করে নিন। এরপর হুইপড ক্রিম দুভাগে ভাগ করে এক ভাগে গোলাপি ফুড কালার মেশান। চারটা ছোট গ্লাসে প্রথমে বিস্কুটের গুঁড়ার ছড়িয়ে সমান করে ছড়িয়ে দিন। তার ওপড়ে ঘন দুধের স্তর সাজান। এরপর দুটো গ্লাসের ওপর কলার স্তর এবং অন্য দুটো গ্লাসের ওপর আঙুরের স্তর দিন। এর ওপর সাদা রঙের হুইপড ক্রিমের স্তর দিয়ে শুকনা খেজুরের স্তর দিন। এর ওপর আবার কলা ও আঙুরের স্তর দিতে হবে। সবার শেষে দুটো গ্লাসে সাদা হুইপড ক্রিমের স্তর আর অন্য দুটো গ্লাসে গোলাপি হুইপড ক্রিমের স্তর দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।