মীমের রান্নার সমঝদার ইরেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরেশ যাকের ও তাঁর স্ত্রী যাকিয়া রশীদ মীম দুজনেরই আগ্রহ আছে রান্নায়
ছবি: প্রথম আলো

আধুনিক ফ্ল্যাটবাড়ির ১১ তলায় অভিনেতা ইরেশ যাকেরের বাড়ির দোর খুলতেই নাকে রান্নার সুগন্ধ এসে লাগল। ঘ্রাণেই অর্ধভোজন। পরে অবশ্য সুস্বাদু সব খাবারে পূর্ণভোজনও হয়েছে। অন্দর থেকে বসার ঘরে এলেন ইরেশ, একটু পর তাঁর স্ত্রী যাকিয়া রশীদ মীম। শুরু হলো রান্নাবান্নার গল্প।

ঢাকার গুলশানের এই বাড়িতে থাকেন ইরেশ–মীম ও তাঁদের মেয়ে মেহা। নতুন ফ্ল্যাটে উঠেছেন মাস সাতেক। ৩ জুলাই এখানে যাওয়ার উদ্দেশ্য নকশার পাঠকদের জন্য ইরেশ–মীমের ঈদের রান্নার রেসিপি।

শুরুতেই ইরেশ বললেন, ‘ওর (মীম) রান্না কিন্তু দারুণ। দেশি–বিদেশি অনেক পদ খুবই ভালো রান্না করতে পারে।’ ইরেশ কি রান্না করেন? মীম বললেন, ‘দুই বছরে তিনবার রান্না করেছে। কিছু আগে কোরীয় কয়েক পদ করেছিল, খুবই মজার। ও কিন্তু খাবারের বড় সমঝদার।’

যত্নসহকারে রান্নাবান্না জীবনে কতটা গুরুত্বপূর্ণ বিয়ের পর ইরেশ তা বুঝতে পারেন। জানালেন, তিনি বাইরে পড়াশোনা করে দেশে ফিরে আলাদা বাসায় থাকতেন। ‘আজ কী খাব বা অমুক দিন খিচুড়ি বা পোলাও খাব—বিষয়টা আমার জীবনে ছিল না। খাবার পারিবারিক জীবনের অংশ—বিয়ের পর এটা বুঝে যাই।’

ইরেশ পোলাও, খিচুড়ি পছন্দ করেন। তাই সপ্তাহে কোনো কোনো দিন এই পদ রান্না করেন মীম। নবম–দশম শ্রেণিতে পড়ার সময় মা শামসুন নাহার রশীদের হাতে মীমের রান্নার হাতেখড়ি। তারপর নিজের শখেই রান্না করা। প্রযোজনা সংস্থা গুড কোম্পানিতে কাজ করেন মীম। তাই অফিস করতে হয়, আবার প্রায় তিন বছর বয়সী কন্যা মেহাকেও সামলাতে হয়। ‘প্রতিদিন রান্না করা হয় না। তবে সপ্তাহে দু–তিন দিন নিজেই রান্না করি।’ বাকি দিনগুলো মীমের রেসিপিতে গৃহকর্মী রহিমা রান্না করেন।

প্রায় প্রতি ঈদেই সপরিবার দেশের বাইরে বেড়াতে যান ইরেশ যাকের। করোনাকালে গত দুই বছর সেটা হয়নি। মীম বললেন, ‘দেশে থাকলে ঈদের সকালে দুধ সেমাই এবং কয়েকটি মিষ্টান্ন রান্না করি। দুপুরে শাশুড়ির (সারা যাকের) বাড়ি আর রাতে মায়ের বাড়ি যাই। দুপুর ও রাতে নিজের রান্না করতে হয় না।’ যদি করেন, তবে কোন কোন পদ রাঁধবেন? ‘একটু পরেই দেখতে পাবেন,’ মীমের উত্তর। নকশার পাঠকদের জন্য ইরেশের পছন্দে মীমের রান্নাগুলো পরিবেশিত হলো টেবিলে। তখনই বাড়িতে এলেন নাট্যব্যক্তিত্ব সারা যাকের ও তাঁর মেয়ে শ্রিয়া সর্বজয়া। সারা যাকেরকে বললাম, পুত্রবধূর রান্নার হাত কেমন? ‘খুবই ভালো। দেশি রান্না তো করেই, বিদেশি রান্নাও মীম খুবই ভালো করে।’

ইরেশ যোগ করলেন, ‘মীমের হাতের ফ্রায়েড চিকেন আমার আর মেহার খুব প্রিয়। আমি জোর দিয়েই বলি, বাংলাদেশে ফ্রায়েড চিকেনের শীর্ষ তালিকা করলে সেরা তিনের মধ্যে আমার বাড়িরটা থাকবেই।’ মীমের রান্নার এমন বড় সমঝদার ইরেশ। আর এমন উৎসাহ নিয়েই দারুণ দারুণ রান্না করে যাচ্ছেন মীম।

দেশি মুরগির কোরমা

দেশি মুরগির কোরমা

উপকরণ: দেশি মুরগি ১টা, সয়াবিন তেল, টক দই ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, আদাবাটা এক চা–চামচ, রসুনবাটা ১ চা–চামচ, পেঁয়াজবাটা ১ চা–চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, কাঠবাদামবাটা ২ চা–চামচ, দারুচিনি ২টা, এলাচি ৪টা, লবঙ্গ ৪টা, তেজপাতা ২টা, ধনেগুঁড়া আধা চা–চামচ, কাঁচা মরিচ ২টা, দুধ আধা কাপ, ঘি (ঐচ্ছিক)।

প্রণালি: মুরগি টক দই দিয়ে ১৫ থেকে ৩০ মিনিট মাখিয়ে রাখুন। প্যানে তেল দিয়ে চুলায় বসান। তেল গরম হলে পেঁয়াজ ভেজে নিতে হবে। এরপর সব মসলা দিয়ে ৫ মিনিট কষিয়ে নিন। এবার দুধ ও কাঠবাদামবাটা দিয়ে আরও ৫ মিনিট কষিয়ে নিয়ে মুরগির টুকরাগুলো দিতে হবে। মুরগি আরও ৫ থেকে ১০ মিনিট কষিয়ে পানি দিতে হবে। সেদ্ধ হয়ে গেলে কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ চুলায় রাখুন। এবার নামিয়ে নিয়ে পরিবেশন করুন।

কাটা মসলায় গরুর মাংস

কাটা মসলায় গরুর মাংস

উপকরণ: পেঁয়াজ কাটা ২ টেবিল চামচ, রসুন কাটা ১ টেবিল চামচ, আদা কাটা ১ টেবিল চামচ, তেল পরিমাণমতো, টক দই ১ কাপ, সাদা ভিনেগার ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, শুকনা মরিচ ৩টা, গরুর মাংস আধা কেজি, দারুচিনি ২টা, এলাচি ৪টা, লবঙ্গ ৪টা, তেজপাতা ২টা, চিনি ১ চা–চামচ, গোলমরিচ ১ চা–চামচ।

প্রণালি: প্যানে গরুর মাংসসহ সব উপকরণ দিয়ে একসঙ্গে মাখিয়ে অল্প আঁচে চুলায় বসাতে হবে। আস্তে আস্তে মাংস থেকে পানি বের হবে। সেই পানিসহ প্যান ঢাকনা দিয়ে ঢেকে রাখুন, যতক্ষণ পর্যন্ত মাংস সেদ্ধ না হয়।

দুধ সেমাই

দুধ সেমাই

উপকরণ: দুধ আধা লিটার, সেমাই আধা প্যাকেট, এলাচি ৪টা, দারুচিনি ২টা, ঘি ও চিনি পরিমাণমতো।

প্রণালি: ঘি দিয়ে সেমাই, এলাচি, দারুচিনি একসঙ্গে ভেজে নিন। দুধ জ্বাল দিয়ে তাতে ভাজা সেমাই ও চিনি দিন। সেমাই সেদ্ধ হয়ে এলে পরিবেশন করতে হবে।