মুঘল কিচেনে মুঘল এক্সপ্রেসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুঘল কিচেনের বর্ষপূর্তির অনুষ্ঠানে এসেছিলেন জয়া আহসান ও জাভেদ ওমর বেলিম।
মুঘল কিচেনের বর্ষপূর্তির অনুষ্ঠানে এসেছিলেন জয়া আহসান ও জাভেদ ওমর বেলিম।

মুঘলের হাতে পড়লেই যদি সঙ্গে বসে খানা খেতে হয়, তাহলে মুঘলের হেঁসেলঘরে পৌঁছে গেলে কী ঘটবে! পরের মুখে যেহেতু নুন বা ঝাল চাখা যায় না তাই আপনাকেই যেতে হবে সেখানে। রেস্তোরাঁর নাম মুঘল কিচেন। গুলশান-১ ডিসিসি মার্কেটের পাশেই এই রেস্তোরাঁ।

দ্বিতীয় বর্ষপূর্তিতে নতুন খাবারদাবার আর তরুণ প্রজন্মের জন্য নতুন সেবা নিয়ে হাজির হয়েছে রাজধানীর এই জনপ্রিয় রেস্তোরাঁটি। শুক্রবার দ্বিতীয় বর্ষপূর্তি ও নতুন সেবার উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল মুঘল কিচেনে। এতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী জয়া আহসান, আজিজুল হাকিম, জিনাত হাকিম ও ক্রিকেটার জাভেদ ওমর বেলিম।

তরুণদের জন্য সাশ্রয়ী খাবারদাবার আর খোলামেলা পরিবেশে আড্ডার ব্যবস্থাসহ মুঘল কিচেনের নতুন সেবার নাম ‘মুঘল এক্সপ্রেস’। এদিকে এই অনুষ্ঠানের মধ্য দিয়েই মুঘল কিচেনের সঙ্গে যুক্ত হয়েছে প্রিমিয়াম আইসক্রিম ও পেস্ট্রি শপ ক্লাব জেলাটো। গুলশান ১ নম্বরের ৯ নম্বর রোডের ৪ নম্বর বাড়ির মুঘল কিচেনে একটি আউটলেটও খুলেছে ক্লাব জেলাটো। বনানী ও নিকেতনের পাশাপাশি এটা তাদের তৃতীয় আউটলেট।

দ্বিতীয় বর্ষপূর্তির এ অনুষ্ঠানে কেক কেটে মুঘল এক্সপ্রেস ও ক্লাব জেলাটোর নতুন আউটলেট উদ্বোধন করেন অভিনেত্রী জয়া আহসান এবং ক্রিকেটার জাভেদ ওমর। অনুষ্ঠানে জয়া বলেন, ‘মুঘল কিচেনের সঙ্গে দীর্ঘদিন ধরেই আছি। এটা অনেকটাই আমার পরিবারের মতো হয়ে গেছে। সুনামের সঙ্গে দীর্ঘ দুই বছর পাড়ি দিয়ে ফেলেছে এ রেস্তোরাঁটি। এখন নিচ্ছে নতুন নতুন উদ্যোগ। আমি এর সাফল্য কামনা করছি।’ অনুষ্ঠানে জাভেদ ওমর বেলিমও সাফল্য কামনা করেন।

মুঘল কিচেনের বর্ষপূর্তির অনুষ্ঠান ও নতুন উদ্যোগ প্রসঙ্গে সহ-উদ্যোক্তা তৌহিদ আজিজ খান জানান, ‘দীর্ঘ দুই বছর ধরে সুনামের সঙ্গে মুঘল কিচেন কাজ করে যাচ্ছে। খাবারদাবার, পরিবেশ, সেবা—সব মিলিয়ে মুঘল কিচেন সবারই একটি পছন্দের জায়গা হয়ে উঠেছে। তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে নতুন করে চালু হলো মুঘল এক্সপ্রেস, যেখানে তরুণদের পছন্দের খাবার সাশ্রয়ী খরচে খাওয়ার সুবিধা থাকবে। এ ছাড়া ক্লাব জেলাটোর আউটলেটও যুক্ত হলো মুঘল কিচেনের সঙ্গে। নতুন খাবার মেন্যুও এসেছে। আশা করি, মুঘল কিচেন আরও এগিয়ে যাবে।’

মুঘল কিচেনের দুই বছর পূর্তিতে বেশ উচ্ছ্বসিত আরেক কর্ণধার আশেক উল ইসলাম। তিনি বললেন, ‘আমরা এখন অনেক কিছুই করছি। সবার জন্য ভালো খাবার, ভালো পরিবেশে দেওয়ার চেষ্টা করছি।’

তরুণদের জন্য সাশ্রয়ী খাবারদাবার আর খোলামেলা পরিবেশে আড্ডার ব্যবস্থাসহ মুঘল কিচেনের নতুন সেবার নাম ‘মুঘল এক্সপ্রেস’। ছবি: মো. মিন্টু হোসেন
তরুণদের জন্য সাশ্রয়ী খাবারদাবার আর খোলামেলা পরিবেশে আড্ডার ব্যবস্থাসহ মুঘল কিচেনের নতুন সেবার নাম ‘মুঘল এক্সপ্রেস’। ছবি: মো. মিন্টু হোসেন

যা আছে রেস্তোরাঁয়
রেস্তোরাঁর গেটে ঢোকার পরই চোখ পড়বে মুঘল কিচেনের কারুকাজ করা দরজার ওপর। ডানদিকে গাড়ি রাখার জন্য জায়গা। বাঁদিকে একপাশে মুঘল এক্সপ্রেস আর তার পাশে ক্লাব জেলাটোর আউটলেট। মুঘল কিচেনের ভেতরে ঢুকলেই মন ভালো করার মতো একটা ছিমছাম গোছানো পরিবেশ চোখে পড়বে। দেয়ালে রয়েছে বেশ কয়েকটি চিত্রকর্ম আর চেয়ার-টেবিলগুলোর নকশাও বেশ।
আশেক উল ইসলাম জানালেন, রেস্তোরাঁর বাইরের অংশেও বসার ব্যবস্থা আছে। ভেতরে আছে ৫৫ জন আর বাইরের অংশে ২৫ জনের মতো বসার ব্যবস্থা। এ ছাড়া দোতলায় রয়েছে পার্টি আয়োজনের ব্যবস্থা এবং ছাদে বারবিকিউ।

খাবারদাবার

মুঘল কিচেনের ভেতরে ও বাইরের খাবারদাবার আলাদা। ভেতরে মূলত বিদেশি খাবারের আধিক্য। আর বাইরে দেশি খাবার, কাবাব-জাতীয় খাবারই বেশি চোখে পড়ে।
সপ্তাহে সাত দিনই দুপুর ১২টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত খোলা থাকে মুঘল কিচেন। সর্বনিম্ন ১৩০ টাকা থেকে চারজনের প্যাকেজে তিন হাজার টাকা পর্যন্ত খাবারের ব্যবস্থা আছে বলেই জানিয়েছেন তৌহিদ আজিজ।