মেঘ ডাকলেই খিচুড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝুম বৃষ্টির সময় খিচুড়ি না হলে কি চলে? তবে এই সময়ে কোন বেলায় যে বৃষ্টি নামবে তা বলা মুশকিল। মেঘ ডাকলেই না হয় চুলায় বসিয়ে দেবেন। খিচুড়ির সঙ্গে থাকতে পারে মুখরোচক আরো কিছু খাবার। দেখুন জোবাইদা আশরাফের রেসিপি।

লেবু পাতায় খিচুড়ি
লেবু পাতায় খিচুড়ি

লেবু পাতায় খিচুড়ি
উপকরণ: চিনিগুঁড়া চাল ৩ কাপ, সোনা মুগের ডাল ১ কাপ, পেঁয়াজ কুচি এক কাপের চার ভাগের তিন ভাগ, তেল এক কাপের চার ভাগের তিন ভাগ, মাখন ২ টেবিল চামচ, নারকেলের দুধ ২ কাপ, লেবুর রস আধা কাপ, লেবুর খোসা কুচি ১ টেবিল চামচ, লেবু পাতা ১০-১২টি, কাঁচা মরিচ ৭-৮টি, গোটা জিরা ১ চা-চামচ, সরিষা দানা (সাদা) ১ চা-চামচ, চিনি ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।
প্রণালি: চাল, ডাল ৩০ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরাতে হবে। তেলে পেঁয়াজ কুচি ভাজতে হবে। পেঁয়াজ ঘিয়ে রঙের হলে সরিষা, জিরা দিতে হবে। এরপর চাল, ডাল, লবণ দিয়ে কষিয়ে ২ কাপ নারকেলের দুধ, পরিমাণমতো গরম পানি দিয়ে খিচুড়ি রান্না করতে হবে। পানি টেনে এলে ও চাল সেদ্ধ হলে কিছুটা লেবুর রস, লেবু পাতা, লেবুর খোসা কুচি ও কাঁচা মরিচ দিয়ে দমে বসাতে হবে ১০ মিনিট। এরপর লেবু পাতা ফেলে দিয়ে ভাতে চিনি ও মাখন দিয়ে নেড়ে নামাতে হবে। পাত্রে খিচুড়ি বেড়ে বাকি লেবু পাতা, লেবুর রস ও ওপরে পছন্দমতো মাখন ছড়িয়ে পরিবেশন করুন।

লইট্টা ফিশ ফিঙ্গার
লইট্টা ফিশ ফিঙ্গার

লইট্টা ফিশ ফিঙ্গার
উপকরণ: লইট্টা মাছের লম্বা লেজ ৫০০ গ্রাম, লেবুর রস আধা কাপ, ফিশ সস ১ টেবিল চামচ, গুঁড়া মরিচ ২ চা-চামচ, ময়দা আধা কাপ, পাপরিকা ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, তেল ভাজার জন্য। 
প্রণালি: মাছ ভালো করে ধুয়ে পানি ঝরাতে হবে। তেল, ময়দা, পাপরিকা ছাড়া বাকি উপকরণ মাছে মেখে ১৫ মিনিট রেখে দিতে হবে। ময়দার সঙ্গে পাপরিকা মেশাতে হবে। এবার তেল গরম করে মাছের টুকরা ময়দার মিশ্রণে গড়িয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে। মচমচে ভাজা এই মাছ খিচুড়ির সঙ্গে পরিবেশন করা যায়।

হাঁড়িতে কাবাব
হাঁড়িতে কাবাব

হাঁড়িতে কাবাব
উপকরণ: হাড় ছাড়া গরুর মাংস ১ কেজি, টকদই ১ কাপ, সিরকা ২ টেবিল চামচ, আদা পেস্ট ১ টেবিল চামচ, রসুন পেস্ট ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ২ চা-চামচ, ধনে গুঁড়া ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ২ চা-চামচ, কাবাব মসলা গুঁড়া ১ টেবিল চামচ, জিরা টালা গুঁড়া ২ চা-চামচ, কাঠকয়লা ২ টুকরা, সরিষার তেল ১ কাপ, লবণ পরিমাণমতো, ঘি ২ টেবিল চামচ। 
প্রণালি: গরুর মাংস টুকরা করে ধুয়ে শিলপাটায় থেঁতলে নিতে হবে। এবার টকদই, আদা, রসুন, সিরকা, মরিচ, হলুদ, ধনে গুঁড়া মেখে দুই ঘণ্টা রেখে দিতে হবে। লোহার হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে মাখানো মাংস ঢেলে দিতে হবে। ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রান্না করত হবে। পানি শুকিয়ে এলে এবং মাংস সেদ্ধ হলে গোলমরিচ, কাবাব মসলা ও জিরা গুঁড়া দিতে হবে। এরপর একটা ছোট বাটিতে জ্বলন্ত কাঠকয়লা দিয়ে হাঁড়ির মাংসের মধ্যে বসাতে হবে। জ্বলন্ত কয়লায় ঘি দিয়ে হাঁড়ি ঢাকনা দিয়ে দিতে হবে। ১০ মিনিটি পর মাংস নামাতে হবে। মাংসে কয়লার ধোঁয়া মেশানো গন্ধ হবে।

তেঁতুল খেজুরের চাটনি
তেঁতুল খেজুরের চাটনি

তেঁতুল খেজুরের চাটনি
উপকরণ: তেঁতুল ক্বাথ আধা কাপ, বিচি ছাড়া খেজুর ১ কাপ, বিচি ছাড়া আলুবোখারা আধা কাপ, সরিষার তেল ২ টেবিল চামচ, ভাজা মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, ভাজা গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, ভাজা জিরা গুঁড়া ২ চা-চামচ, ভাজা মৌরি গুঁড়া আধা চা-চামচ, বিট লবণ ২ চা-চামচ, লবণ পরিমাণমতো, চিনি পরিমাণমতো। 
প্রণালি: আলুবোখারা সেদ্ধ করে চটকিয়ে নিতে হবে। খেজুর চটকিয়ে নিতে হবে। এবার মৌরি ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে চুলায় দিয়ে নাড়তে হবে। ফুটে উঠলে মৌরি দিয়ে নামিয়ে নিতে হবে। খিচুড়ি, বিরিয়ানি, পোলাওয়ের সঙ্গে এটি খেতে ভালো লাগে।

ডিমের দোলমা কারি
ডিমের দোলমা কারি

ডিমের দোলমা কারি
উপকরণ: (দোলমার জন্য) সেদ্ধ ডিম ৮টা, মুরগির মাংসের কিমা ১ কাপ, আদা ও রসুন পেস্ট ১ চা-চামচ করে, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, চিলি সস ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, কাবাব মসলা ২ চা-চামচ, পেঁয়াজ বেরেস্তা ৪ টেবিল চামচ, ভাজা কিশমিশ ২ টেবিল চামচ, ভাজা কাজু বাদাম কুচি ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো। 
উপকরণ: (কারির জন্য) পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কারি পাতা ২ টেবিল চামচ, আদা ও রসুন পেস্ট ১ চা-চামচ করে, নারকেলের দুধ ২ কাপ, কাজুবাদাম পেস্ট ১ টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, কারি পাউডার ১ টেবিল চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ৪-৫টা, ক্রিম ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, তেল আধা কাপ। 
প্রণালি: মুরগির কিমা আদা, রসুন দিয়ে সেদ্ধ করে আবার ব্লেন্ড করতে হবে। ডিম ছাড়া দোলমার উপকরণগুলো কিমার সঙ্গে মেখে নিতে হবে। সেদ্ধ ডিম একটু ছিদ্র করে কুসুম বের করে কিমা দিয়ে ভরে নিতে হবে। খেয়াল করতে হবে সেদ্ধ ডিমের একদিকে পাতলা থাকে, ওই দিকে কুসুম বের করতে হবে। এবার কারির উপকরণের তেল সসপ্যানে নিয়ে ডিমগুলো সাবধানে হালকা করে ভেজে তুলতে হবে। ওই তেলে পেঁয়াজ কুচি ভেজে কারি পাতা দিতে হবে। আদা, রসুন দিয়ে কষিয়ে ক্রিম ছাড়া বাকি সব উপকরণ দিয়ে কারি রান্না করে নিতে হবে। এবার তাতে ধীরে ধীরে ডিম বসিয়ে ঢাকনা দিতে হবে। মৃদু আঁচে ১০ মিনিট রেখে ক্রিম দিয়ে নামিয়ে নিতে হবে।

ছুরি শুঁটকির ভর্তা
ছুরি শুঁটকির ভর্তা

ছুরি শুঁটকির ভর্তা
উপকরণ: ছুরি শুঁটকি ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ, টমেটো কুচি আধা কাপ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, ধনে গুঁড়া ১ চা-চামচ, জিরা গুঁড়া ১ চা-চামচ, তেজপাতা টালা গুঁড়া ১ টেবিল চামচ, জিরা টালা গুঁড়া ২ চা-চামচ, গরম মসলা টালা গুঁড়া ২ চা-চামচ, তেল আধা কাপ, লবণ পরিমাণমতো, ধনে পাতা কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৫-৬টা।
প্রণালি: ছুরি শুঁটকি টুকরা করে তাওয়ায় টেলে নিতে হবে। এবার ভালো করে ধুয়ে গরম পানিতে একটু ভিজিয়ে রেখে কাঁটা বেছে নিতে হবে। শিলপাটায় একটু ছেঁচে নিতে হবে। এবার সসপ্যানে তেল দিয়ে পেঁয়াজ, রসুন ভেজে টমেটো, মরিচ গুঁড়া, হলুদ, ধনে ও জিরা দিয়ে কষিয়ে শুঁটকি দিতে হবে। ভালো করে কষানো হলে বাকি উপকরণ দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে।