যশোরের সামান্তা পুনম হালদার। পেশায় চিকিৎসক। কাজের সূত্রে ঢাকায় আছেন বর্তমানে। রান্না নিয়ে নিরীক্ষা করতে পছন্দ করেন। যশোর অঞ্চলের তিনটি খাবার রান্নার প্রণালি দিয়েছেন তিনটি। পাঠকের রেসিপি বিভাগে ছাপা হলো সেগুলো।

নারকেলের দুধে ডিম রান্না
উপকরণ: ডিম (সেদ্ধ) ৫টি, আস্ত জিরা ১ চিমটি, তেজপাতা ২টি, দারুচিনি ২টি, চিনি ১ চা-চামচ, লবণ স্বাদমতো, সয়াবিন তেল আধা কাপ, নারকেলের দুধ ৪ কাপ, পেঁয়াজ কুচি পৌনে ১ কাপ, রসুন ১ চা-চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, শুকনা মরিচের গুঁড়া দেড় চা-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ আস্ত ৪-৫টি।
প্রণালি: ৫টি ডিম সেদ্ধ করে খোসা ফেলে হলুদগুঁড়া মাখিয়ে রাখতে হবে। এবার চুলায় তেল গরম করে ডিমগুলো হালকা ভেজে ফেলুন। ওই তেলে প্রথমে আস্ত জিরা, তেজপাতা ও দারুচিনি ফোড়ন দিতে হবে। এবার পেঁয়াজ কুচি হালকা ভাজা হলে রসুন, আদা বাটা দিয়ে কষাতে থাকুন। এরপর হলুদগুঁড়া, মরিচগুঁড়া, জিরাগুঁড়া, চিনি ও সামান্য নারকেলের দুধ দিয়ে হালকা আঁচে কষিয়ে নিতে হবে। নারকেলের দুধ, কাঁচামরিচ দিয়ে ঢেকে দিন। ফুটে গেলে ডিম দিতে হবে। ঝোল ঘন হলে নামিয়ে নিন।

পারশে মাছ ভুনা
উপকরণ: পারশে মাছ (মাঝারি আকারের) ৭-৮টি, সরষের তেল ৪ টেবিল চামচ, লবণ স্বাদমতো, কাঁচামরিচ বাটা ১ চা-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ মাঝখান দিয়ে ফাড়া ৫-৬টি, আদা বাটা আধা চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, পানি পরিমাণমতো।
প্রণালি: মাছে আধা চা-চামচ হলুদগুঁড়া ও লবণ দিয়ে মেখে রাখুন। প্যানে ২ টেবিল চামচ তেল গরম হলে মাছ হালকা করে ভেজে নিন। আবার ২ টেবিল চামচ তেল দিয়ে গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভাজা হলে রসুন বাটা, আদা, পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে নিতে হবে। এবার হলুদগুঁড়া, কাঁচা মরিচ বাটা, জিরাগুঁড়া ও পানি দিয়ে কষিয়ে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন। ফুটে উঠলে মাছ, কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিতে হবে। তেলের ওপর উঠলে নামিয়ে ওপর থেকে কাঁচা তেল দিন।

রষে বাটায় মলা মাছ
উপকরণ: মলা বা মায়া মাছ ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন বাটা ১ চা-চামচ, সরষের তেল ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, পানি পরিমাণমতো, হলুদগুঁড়া ১ চা-চামচ, ধনেপাতার কুচি ২ টেবিল চামচ, সরষে বাটা ১ টেবিল চামচ, টমেটো কুচি ১ টেবিল চামচ, শুকনা মরিচের গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ মাঝখান দিয়ে ফাড়া ৬-৭টি।
প্রণালি: মাছে হলুদ, লবণ মাখিয়ে রাখুন। এবার চুলায় প্যান গরম হলে সরষের তেল (২ টেবিল চামচ) দিন। পেঁয়াজ কুচি, লবণ ও টমেটো কুচি দিয়ে হালকা ভেজে রসুন বাটা, ফাড়া করা কাঁচা মরিচ, হলুদগুঁড়া, মরিচগুঁড়া দিতে হবে। এবার মাখানো মাছ কিছুক্ষণ কষানোর পর সরষে বাটা, পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিতে হবে। নামানোর আগে ধনেপাতার কুচি ওপরে ছড়িয়ে দিন। ছড়ানো প্লেটে ঢেলে ১ টেবিল চামচ কাঁচা সরষের তেল ওপরে দিয়ে পরিবেশন করুন।