যে পাঁচ খাবার খেতে হুড়োহুড়ি
নামি-দামি কোনো রেস্তোরাঁ নয়। ছোট-খাটো, সাদামাটা রেস্তোরাঁ। অথচ এখানকার বিশেষ খাবার খেতে হুমড়ি খেয়ে পড়ে লোকে। কী আছে এসব রেস্তোরাঁয়, যে কারণে এমন ভিড়? ভারতের এমন পাঁচটি ছোট রেস্তোরাঁর জিভে জল আনা পাঁচটি খাবারের কথা জানিয়েছেন বিবিসির সাংবাদিক।

গিরি মঞ্জাসের মাছ ভাজি
ভারতের দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর ম্যাঙ্গালুরু। এখানেই আছে গিরি মাঞ্জাস নামের ছোট্ট রেস্তোরাঁটি। এখানকার মাছ ভাজির জন্য লোকে লাইন ধরে অপেক্ষায় থাকে। কারণ, একসঙ্গে এখানে মাত্র ২৫ জনের বসার ব্যবস্থা আছে। অথচ এই দোকানে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত ক্রেতাদের কাছে ২০০-৩০০ পিস মাছভাজি বিক্রি করা হয়।
রেস্তোরাঁর মালিক নন্দিনী এম পাই বললেন, ‘লোকে টাটকা খেতে ভালোবাসে। এটাই মাছভাজির পদটি জনপ্রিয় হওয়ার গোপন রহস্য। ৪০ বছর আগে এই পদটির যাত্রা শুরু। তখন যেমন টাটকা মাছ আর মসলা ব্যবহার করা হতো, এখনো তাই। সেই সঙ্গে থাকে ভালোবাসা। সব মিলিয়েই অনন্য স্বাদের হয়ে ওঠে আমাদের মাছভাজি।’ কোথাও আর কোনো শাখা খোলার ইচ্ছা নেই বলে জানালেন নন্দিনী।

আলমগীরের দম মাংস
উত্তর ভারতের প্রাচীন লক্ষ্ণৌ নগরে অবস্থিত আলমগীর রেস্তোরাঁ। দম মাংসের জন্য এটি প্রসিদ্ধ। রেস্তোরাঁটির মালিক মুজিব আহমেদ জানান, ১৯৬৩ সালে তাঁর বাবা রশিদ আহমেদ এই বিশেষ কায়দার মাংসের আইটেমটি চালু করেন। সেই থেকে ভোক্তাদের মন জয় করে চলছে দম মাংস।
মুজিব জানান, এই রান্নার রেসিপিটি গোপন রাখা আছে। শুধু পরিবারের সদস্যরা জানেন। তাঁর বয়স যখন ১০ বছর, তখন তিনি বাবার কাছ থেকে রান্নাটি শিখেছিলেন। রেসিপিটি প্রকাশ না করলেও তিনি জানান, ‘প্রয়োজনীয় সব উপাদান দিয়ে মসলা মাখানো মাংস একটি পাত্রে দিয়ে মুখ বন্ধ করে অল্প আঁচে জ্বাল দিতে হয় বলে আইটেমটির এমন নাম।’

মাইলারির দোসা
দক্ষিণ ভারতের জনপ্রিয় খাবার দোসা। তবে সেরা দোসাটি খেতে হলে যেতে হবে মাইশোর শহরে। ৮০ বছরেরও বেশি সময় ধরে সমান তালে জনপ্রিয় মাইলারি রেস্তোরাঁর এই পদ।
এই দোসার সঙ্গে দেওয়া হয় নারকেল দিয়ে বানানো বিশেষ ধরনের চাটনি। রেসিপি জানতে চাইলে বর্তমান মালিক এম রাজাশেখর বলেন, ‘এটা গোপনই থাক।’ জানালেন, তাঁর বাবা এন মাইলারেশ্বরা স্বামী এই আইটেমটি চালু করেছিলেন। রেসিপি সেই আগের মতোই আছে। তাঁর ৭৪ বছর বয়সী মা এখনো কড়া নজর রাখেন উপাদানগুলো ঠিকঠাক মতো মেশানো হলো কি না।

হরিরামের সমুচা
ভারতের এলাহাবাদে গেলে দেখা মিলবে হরিরামের সমুচার। একটি খেলে আরও খাওয়ার জন্য মুখে জল আসবেই। তো এমন মুখরোচক খাবারটি বানানো রেসিপি যখন জানতে চাওয়া হলো তখন বর্তমান মালিক শ্রী রাম বললেন, ‘এটা তো বলা যাবে না। বাদ দিন না। শুধু প্রাণভরে সুস্বাদু সমুচা উপভোগ করুন।’
শ্রী রাম জানালেন, ১৯২০ সালের দিকে তাঁর বাবা হরিরাম জিভে জল আনা সমুচার এই রেসিপিটি চালু করেছিলেন। প্রায় ১০০ বছর হতে চলল, স্বাদ সেই একই। তিনি নিশ্চয়তা দিলেন, তাঁর মৃত্যুর পরও পরিবারের কেউ একইভাবে সুস্বাদু এই সমুচা বিক্রি করে যাবেন।

বাবু বাবুর্চির বিরিয়ানি
দিল্লির ভোজনরসিকদের কাছে খুবই প্রিয় বাবু বাবুর্চির বিরিয়ানি। চাল, মাংস আর সুগন্ধি মসলার তৈরি এই বিরিয়ানি চলছে ১৯৬৭ সাল থেকে।
দোকানটির প্রধান পাচক ও মালিক মঈনুদ্দিন জানালেন, তিনি তাঁর পরিবারের চতুর্থ প্রজন্মের পাচক। ১২ বছর বয়সে তিনি বাবার কাছ থেকে এই বিরিয়ানি রান্না শিখেছেন। তারপর চার বছর ধরে কঠোর সাধনা করে রেসিপিটি নিজের মতো করে নিয়েছেন। এই বিরিয়ানির রেসিপি জানতে চাইলে তিনি বলেন, ‘এই রান্নার কয়েকটি ধাপ আছে। আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে আপত্তি নেই। তবে অন্তত পাঁচ বছর একজন জ্যেষ্ঠ পাচকের চোখ নিয়ে আপনাকে রান্নাটির বিভিন্ন ধাপ দেখতে হবে। তবেই হয়তো আয়ত্তে আনতে পারবেন এটি।’ জানালেন, তিনি দোকান ছোটই রাখতে চান, যাতে গরিব-ধনী-যে কেউ তাদের বিরিয়ানির স্বাদ নিতে পারেন।