
আজকাল ছেলেদের মধ্যেও রান্নার বেশ আগ্রহ দেখা যায়। এই আগ্রহ থেকে বাংলাদেশের রাশেদুল হাসান অস্ট্রেলিয়া মাস্টারশেফ ৯-এ অংশগ্রহণ করে বেশ আলোচনা সৃষ্টি করেছেন ইতিমধ্যেই। যে ২৪ জনকে নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছিল, তাঁদের মধ্যে তিনিও ছিলেন। তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করছেন অস্ট্রেলিয়ায়। ছুটির দিনগুলোতে রান্নাঘরেই কাটিয়ে দেন বেশ খানিকটা সময়। মিষ্টিজাতীয় পদ বানাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।
বাংলাদেশে জন্ম। এ দেশেই বড় হওয়া। বাবা-মা, চাচা-চাচি, মামা-মামি, খালা-খালু, ভাইবোনদের নিয়েই কাটত বেশির ভাগ সময়। মনের মধ্যে এখনো জায়গা করে আছে দেশীয় উৎসবের সময় বিভিন্ন জায়গা থেকে আসা আত্মীয়স্বজনকে নিয়ে করা জমকালো খাবারের আয়োজনগুলো। মা মারা যাওয়ার পর ২০০৯ সালে স্ত্রী আয়েশা ও ৭ বছরের ছেলে আইমানকে নিয়ে পাড়ি জমান অস্ট্রেলিয়াতে।
রান্না করার শখটা এসেছে মূলত বাবার কাছ থেকেই। সারা দিনের কাজের চাপ ভোলানোর জন্য রান্না হতে পারে আদর্শ একটি কাজ। কারটিস স্টোন, অ্যাডাম লায়ো, গেরি ম্যাহিগান ও তাপস সিনহা—সেই সব রন্ধনশিল্পী যাঁদের কাজ তাঁকে মুগ্ধ করে এসেছে সব সময়। যখন রান্না করেন না, তখন তিনি ছেলের সঙ্গে ক্রিকেট খেলে আর ছবি তুলে সময় কাটাতে পছন্দ করেন।
জাফরান পোচ পিয়ারসের সঙ্গে স্মোকড ভ্যানিলা আইসক্রিম
জাফরান পোচ পিয়ারসের জন্য
উপকরণ: ২টা পিয়ার (ওপরের ছোকলা ফেলে ভেতরের বিচির অংশটি কুড়িয়ে নিয়ে চার টুকরা করুন), ২টি স্টার অ্যানিস, ২টি দারুচিনি টুকরা, ১ চিমটি জাফরান, এক কাপের চার ভাগের তিন ভাগ মিহি সাদা চিনি।
স্মোকড ভ্যানিলা আইসক্রিমের জন্য
উপকরণ: ভারী ক্রিম ৩০০ মিলিলিটার, দুধ ৩০০ মিলিলিটার, ভ্যানিলা বিন পেস্ট ১ টেবিল চামচ, ডিমের কুসুম ৫টি, মিহি চিনি (ক্যাস্টর সুগার) ১৭৫ গ্রাম, স্মোকিং চিপস প্রয়োজন অনুযায়ী।
চকলেট কাঠবাদামের জন্য
উপকরণ: কাঠবাদাম ৫০ গ্রাম, মিহি চিনি ৪০ গ্রাম, আনসল্টেড মাখন ১৫ গ্রাম, কোকো পাউডার ১৫ গ্রাম, ময়দা ২৫ গ্রাম, ডিমের কুসুম ১টি।
হানিকম্বের জন্য
উপকরণ: মিহি চিনি ৭৫ গ্রাম, মধু ১০ গ্রাম, খাবার সোডা আধা চা-চামচ।
নেকটারিন স্পেয়ারসের জন্য
উপকরণ: সোডিয়াম আলজিনে ১ চা-চামচ, নেকটারিন ২টি (ওপরের ছোকলা ছিলে টুকরা করে নিন), ক্যালসিয়াম ল্যাকটেট ১ চা-চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, মিহি চিনি ১ টেবিল চামচ, পুদিনা পাতা সিকি কাপ।

মসলাদার জাফরান সিরাপের জন্য
পোচ করা পিয়ারসের পানি ১৫০ মিলিলিটার, লেবুর রস ২ টেবিল চামচ, পুদিনা পাতা সাজানোর জন্য।
প্রণালি
১. ওভেনকে প্রিহিট করে নিন ১৬৫ ডিগ্রি সেন্টিগ্রেডে। ওভেন গরম হতে হতে নির্দেশনাবলি অনুযায়ী আইসক্রিম মেশিনকে ঠান্ডা করে নিন।
২. জাফরান পোচ পিয়ার তৈরি করার জন্য সব উপকরণ ১ লিটার পানির সঙ্গে মিশিয়ে ছোট সসপ্যানে নিয়ে চুলায় মধ্যম আঁচে দিন। বলক তুলুন। মাঝে মাঝে নাড়ুন। বলক ওঠার পর আঁচ কমিয়ে দিন। সসপ্যানের ওপরে ঢাকনা দিয়ে দিন। পিয়ার নরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ৩০ মিনিটের মতো সময় লাগবে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে রাখুন।
৩. স্মোকড ভ্যানিলা আইসক্রিমের জন্য ক্রিম, দুধ, ভ্যানিলা বিন পেস্ট করে মাঝারি আকারের সসপ্যানে নিয়ে চুলায় কম আঁচে দিন। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। এর মধ্যে একটি মাঝারি আকারের পাত্রে ডিমের কুসুম ও চিনি বিট করুন হালকা রং না হওয়া পর্যন্ত।
৪. দুধ ও ক্রিমের মিশ্রণটি চুলা থেকে নামিয়ে বিট করে রাখা ডিম ও চিনির মিশ্রণের সঙ্গে মেশান। মেশানোর সময় ধীরে ধীরে ঢালুন এবং বিট করুন। এবার এই মিশ্রণটি সসপ্যানে ঢেলে পুনরায় চুলায় দিন অল্প আঁচে। অনবরত নাড়তে থাকুন ৮৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় না যাওয়া পর্যন্ত। এ পর্যায়ে মিশ্রণটি কিছুটা ঘন হবে। চুলা থেকে নামিয়ে ফেলুন।
৫. একটি বাটিতে বরফ নিন। এবার চুলা থেকে নামানো মিশ্রণটি মাঝারি আকারের বাটিতে ঢেলে বরফ রাখা বাটির মধ্যে রাখুন। ঠান্ডা না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবার সূক্ষ্ম চালুনির মধ্য দিয়ে মিশ্রণটি ছেঁকে নিন এবং পাত্রের মুখটি ক্লিং ফিল্ম (প্লাস্টিকের র্যাপ) দিয়ে ভালোভাবে আটকে দিন।
৬. এক পাশ দিয়ে ক্লিং ফিল্ম একটু উঠিয়ে স্মোকিং গানের পাইপটি পাত্রের ভেতরে ঢুকিয়ে দিন। এবার স্মোকিং চিপ জ্বালিয়ে দিন। পাত্রের ভেতরটি ধোঁয়ায় পূর্ণ হয়ে গেলে পাইপটি বের করে পুনরায় পাত্রের মুখটি বন্ধ করে দিন। ৫ মিনিটের জন্য রেখে পুনরায় পাত্রে ধোঁয়া দিয়ে আবার ৫ মিনিটের জন্য মুখটি ক্লিং ফিল্ম দিয়ে আটকে রাখুন। এবার পাত্রের মিশ্রণটি আইসক্রিম মেশিনে দিয়ে মেশিনটি চালু করে দিন। ৪০ মিনিট পর টিনের বা শক্ত প্লাস্টিকের বাটিতে ঢেলে ফ্রিজে ঢুকিয়ে দিন।
৭. চকলেট কাঠবাদাম মাটির জন্য বেকিং ট্রের ওপর বেকিং পেপার বিছিয়ে নিন। চকলেট কাঠবাদাম মাটির সব উপকরণ ফুড প্রসেসরে দিয়ে দিন। ভালোভাবে গুঁড়া করে ক্রাম্ব করে নিন। বেকিং ট্রের ওপর ক্রাম্ব বিছিয়ে দিয়ে ওভেনে ঢুকিয়ে দিন মচমচে না হওয়া পর্যন্ত। ১২-১৫ মিনিট লাগবে। ওভেন থেকে বের করে নিন।
৮. হানিকম্বের জন্য বেকিং ট্রেতে বেকিং পেপার বিছিয়ে নিন। চিনি, মধু ও ১ টেবিল চামচ পানি সসপ্যানে নিয়ে নেড়ে মিশিয়ে নিন। অল্প আঁচে থাকবে, মাঝেমধ্যে নাড়ুন। অ্যাম্বার রং না হওয়া পর্যন্ত চুলায় রাখুন ৪ মিনিটের মতো। হয়ে গেলে নামিয়ে বাইকার্বনেট সোডার মধ্যে ঢালুন। এবার বেকিং ট্রের ওপর মিশ্রণটি ঢেলে ঠান্ডা হতে দিন।
৯. নেকটারিন স্পেয়ারসের জন্য ২ কাপ পানি ও সোডিয়াম আলজিনে একটি লম্বা আকারের টিনের পাত্রে নিন। এবার একটি স্টিক ব্লেন্ডারের মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নিন। সল্যুশনটি মাঝারি আকারের পাত্রে ঢেলে আলাদা রেখে দিন।
১০. একটি নেকটারিনকে টুকরা টুকরা করে নিন। এবার স্টিক ব্লেন্ডারের মাধ্যমে মসৃণ করে ব্লেন্ড করে নিন। ক্যালসিয়াম ল্যাকটেট ও লেবুর রস একসঙ্গে মেশান একটি আলাদা ছোট পাত্রে। এবার নেকটারিনের সঙ্গে খুব দ্রুত এই মিশ্রণ মিশিয়ে ফেলুন। চিনি দিন, দ্রুত নাড়ুন না মিশে যাওয়া পর্যন্ত। সূক্ষ্ম চালুনি দিয়ে ছেঁকে নিয়ে পুদিনা পাতা দিন।
১১. একটি মাঝারি আকারের পাত্রে পানি পূর্ণ করে আলাদা করে রাখুন।
১২. চা-চামচের আকারের একটি মাপার চামচ নিন। এক-চা চামচ নেকটারিন মিশ্রণ সোডিয়াম আলজিনে সল্যুশনে আলতোভাবে ছেড়ে দিয়ে ৩ মিনিট অপেক্ষা করুন ঝিল্লি হওয়ার জন্য। স্পেয়ারটি যত্ন করে আলজিনে সল্যুশন থেকে আলাদা করুন এবং পরিষ্কার পানির পাত্রে রাখুন।
১৩. মসলাদার জাফরান সিরাপের জন্য পোচ পিয়ারসের পাত্র থেকে ১৫০ মিলিমিটার পানীয় নিয়ে ছেঁকে নিন। লেবুর রস মিশিয়ে মাঝারি আঁচে চুলায় দিন। ঘন না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ৩ মিনিটের মতো। চুলা থেকে নামিয়ে নিয়ে আলাদা করে রাখুন।
১৪. পরিবেশনের সময় প্রথমে চকলেট কাঠবাদাম মাটি গোল করে বিছিয়ে দিন। ২ থেকে ৩ টুকরা হানিকম্ব তিন দিকে সাজিয়ে দেন। ২ টুকরা জাফরান পোচ পিয়ার চকলেট পোচ পিয়ারের ওপরে একদিকে রাখুন। চকলেট কাঠবাদাম মাটির আরেক পাশে ভ্যানিলা আইসক্রিম রাখুন। ওপরে হালকাভাবে ছিটিয়ে দিন মসলাদার জাফরান সিরাপ। সবশেষে যোগ করুন কয়েকটি পুদিনা পাতা।