রাশেদুল হাসানের নস্টালজিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশেদুলকে অ্যাপ্রন পরিয়ে দিচ্ছে তাঁর ছেলে

রাশেদুল হাসান, তিনি ‘মাস্টারশেফ অস্ট্রেলিয়া’র প্রথম বাংলাদেশি প্রতিযোগী। ২০১৭ সালে প্রচারিত জনপ্রিয় রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘মাস্টারশেফ অস্ট্রেলিয়া’র নবম আসরের অংশ নিয়েছিলেন রাশেদুল। বাংলাদেশি প্রচলিত কিংবা সাধারণ খাবারকে নতুন রূপ আর স্বাদে প্রস্তুত করা ছিল তাঁর বিশেষত্ব। তবে সবচেয়ে বেশি ভালোবাসেন আর ভালো করেন মিষ্টান্ন। বিশেষ এই গুণ নিয়ে প্রতিযোগিতার বাছাইপর্ব থেকে নির্বাচিত সেরা ২৪-এ জায়গা করে নিয়েছিলেন। মাস্টারশেফের নানান দিক আর তাঁর অভিজ্ঞতা নিয়ে এই প্রতিবেদক কথা বলেন রাশেদুল হাসানের সঙ্গে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের শুরুর দিকের কথায় রাশিদুল হাসান বলেন, ‘আমি ভিন্ন ধরনের রান্না করতে ভালোবাসি। কিন্তু তাই বলে যে মাস্টারশেফে চলে যাব, সেটা ভাবিনি। তবু কী মনে করে যেন অনলাইনে আবেদনপত্রের দু–তিন পাতা পূরণ করেছিলাম। কিন্তু দ্বিধাদ্বন্দ্বে পড়ে আর বাড়াইনি। মজার ব্যাপার হলো, বেশ কয়েক দিন পর মাস্টারশেফ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। জানায়, তারা আবেদনপত্র জমা নেওয়ার শেষ তারিখ বাড়িয়েছে। আমি যেহেতু কয়েক পাতা পূরণ করেছি, তাই ইচ্ছা হলে বাকিটা পূরণ করে জমা দিতে পারি।

মাস্টারশেফ অস্ট্রেরিয়ায় রাশেদুল

আমি তখন একটু সাহস পাই। ভাবি, নিশ্চয় আমার কোনো দিক তাদের ভালো লেগেছে। তাই আবেদনপত্র বাকিটা পূরণ করে জমা দিয়ে দিই। মাস্টারশেফ দেশের সব রাজ্যেই যায়। প্রতিটি রাজ্যেই ১০ থেকে ১২ হাজার আবেদনপত্র জমা পড়ে। সেখান থেকে গোটা দেশের প্রায় দুই হাজার নির্বাচিত ব্যক্তিকে ডেকে কয়েক দফায় রান্নার বিভিন্ন চ্যালেঞ্জ করায়। প্রতি চ্যালেঞ্জে অর্ধেক করে প্রতিযোগী কমে। প্রতিযোগীর সংখ্যা ৫০ জনে নেমে এলে শুটিং শুরু হয়ে যায়। আমিও সিডনিতে দিয়েছি। সব মিলিয়ে দুই হাজার আবেদনকারী ও চ্যালেঞ্জজয়ী থেকে আমরা নিউ সাউথ ওয়েলস রাজ্যের আটজন সেরা ২৪-এর জন্য নির্বাচিত হই।’

মিষ্টান্ন তৈরি ও পরিবেশন করতে পারদর্শী রাশেদুল হাসানের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বরাবরই মিষ্টান্নের দিকে ফোকাসড ছিলাম। “মাস্টারশেফ অস্ট্রেলিয়া”র সিজন ৭-এর প্রতিযোগী রেনল্ড পোর্নোমোকে বলা হতো মিষ্টান্নের রাজা। তাঁর রান্নার কৌশল আমাকে অনুপ্রাণিত করেছিল। মূলত, আমি মিষ্টিজাতীয় খাবার রান্না করতেই বেশি ভালোবাসি। বাছাইপর্বে একবার স্মোকড আইসক্রিম বানিয়েছিলাম। খেয়ে প্রাথমিক বিচারকদের একজন বলেছিলেন, এটা তাঁর খাওয়া সবচেয়ে মজার আইসক্রিম।’

রাশেদুলের তৈরি ডেজার্ট

রাশেদুল হাসানের জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। যদিও তাঁদের গ্রামের বাড়ি বিক্রমপুরে। তাঁর হাতেখড়ি মায়ের রান্নাঘরেই। তবে রান্না করতে অনুপ্রাণিত হয়েছেন তাঁর বাবা বাহাউদ্দিন আহমেদের কাছ থেকে। তাঁর বাবা রান্নাঘরে বিভিন্ন খাবার নিয়ে ভিন্ন ভিন্ন পদ তৈরি করার চেষ্টা করতেন। একই গুণ পেয়েছেন রাশেদুল। তাঁর রান্নার যাত্রা নিয়ে বলেন, ‘পরিবারকে রান্না করে খাওয়াতে ভালো লাগত। তবে সব মিলিয়ে অনেক খাবার রান্নার সময় পেতাম না। তাই মিষ্টান্ন তৈরি করা শিখলাম। আমি বেশি পছন্দ করি আইসক্রিম বানাতে।’

‘মাস্টারশেফ অস্ট্রেলিয়া’র প্রথম রান্নায় জাফরান দিয়ে পোচড পেয়ার এবং স্মোকড ভ্যানিলা আইসক্রিম তৈরি করেন রাশেদুল। বিচারকদের পছন্দ হয় রাশেদুলের রান্না। নির্বাচিত হন সেরা ২৪-এর জন্য। তবে প্রথম পর্বেই শেষ হয়ে যায় রাশিদুল হাসানের মাস্টারশেফের যাত্রা। নানান অভিজ্ঞতা আর কিছু স্মৃতি নিয়েই বাড়ি ফেরেন তিনি।
বর্তমানে অস্ট্রেলিয়ায় তথ্যপ্রযুক্তি পরিচালক হিসেবে চাকরিরত রাশেদুল। স্ত্রী ও পুত্রসন্তান নিয়ে বাস করছেন সিডনিতে। তিনি সাবে জাতীয় ক্রিকেটার এবং ক্রিকেট সংগঠক সৈয়দ আশরাফুল হকের জামাতা।

রাশেদুলের তৈরি আইসক্রিম

‘মাস্টারশেফ অস্ট্রেলিয়া’র ত্রয়োদশ সিজনের বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিযোগী কিশোয়ার চৌধুরীর জন্য শুভকামনা জানিয়েছেন রাশেদুল হাসান। বলেছেন, ‘বাংলাদেশকে তুলে ধরার স্বপ্ন আমার ছিল। তবে সেটা না হওয়ার আফসোস কাটিয়ে দিয়েছেন কিশোয়ার। তিনি চমৎকারভাবে বাংলাদেশ ও বাংলাদেশি খাবারকে প্রতিনিধিত্ব করছেন। আশা করছি, তিনি বিজয়ী হবেন।’

কিশোয়ারকে শুভকামনা জানানোর পাশাপাশি রাশেদুল হাসান বলেন, ‘কিশোয়ারের এ সাফল্যের মধ্যেই নিজের আর বাংলাদেশিদের গৌরব দেখতে পাই আমি।’ সঙ্গে আরও যোগ করেন, ‘কয়েক বছর আগে কিশোয়ারের বড় বোনের সঙ্গে সিডনিতে দেখা হয়েছিল। তাঁর রান্নাও খুব মজার। সে সময়েই তাঁর বোন বলেছিলেন যে কিশোয়ার মাস্টারশেফে অংশ নিতে আগ্রহী। এ বিষয়ে সেবার আমাদের আলাপচারিতাও হয়। আমার অভিজ্ঞতাও শেয়ার করি।’

প্রতিযোগিতায় রাশেদুল

তবে জীবনের শুরুতে রাশেদুল হাসানের স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার, ভালো খেলতেন। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে খেলার স্বপ্ন ছিল। তবে নিজের সে স্বপ্নের বলিদান দেন নিজের সবচেয়ে প্রিয় মানুষ মায়ের জন্য। মায়ের হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে মাকে সার্বক্ষণিক সেবা করতে সবকিছু ছেড়ে মায়ের কাছে পড়ে থাকতেন। মা নাফিসা আহমেদকে তাঁর জীবনের সবচেয়ে ‘প্রভাবশালী ব্যক্তি’ হিসেবে আখ্যায়িত করেন তিনি। ২০০৯ সালে তাঁর পরম মমতাময়ী মা চিরবিদায় নেন। সে কষ্ট তাঁকে আজও তাড়া করে। সবকিছু ছেড়েছুড়ে চলে আসেন অস্ট্রেলিয়ায়।

নতুন যাঁরা মাস্টারশেফে অংশগ্রহণ করতে চান, তাঁদের উদ্দেশে রাশেদুল হাসান বলেন, ‘১২ থেকে ১৫ পাতার একটা আবেদনপত্র আছে। সেখানে বহু প্রশ্নের অনেক অনেক উত্তর দিতে হয়। বেশির ভাগ প্রশ্নই রান্না–সম্পর্কিত। তবে সবচেয়ে আবশ্যিক শর্ত হচ্ছে, পেশাগতভাবে কোনো রকম রান্নার সঙ্গে জড়িত থাকা যাবে না।

স্ত্রী ও সন্তানদের সঙ্গে রাশেদুল

এমনকি রান্না দ্বারা আয় করেছেন—এমন অভিজ্ঞতা থাকাটাও নেতিবাচক হিসেবে নেবে প্রাথমিক বিচারকেরা। অর্থাৎ, রান্না নিয়ে আপনার তেমন কোনো অভিজ্ঞতা নেই, প্রশিক্ষণ নেই—এমন ঘরোয়া রাঁধুনিকে অগ্রাধিকার দেয় মাস্টারশেফ, যাঁরা কিনা মোটামুটি শখের বশেই রান্না করেন। পেশাদার রাঁধুনি হওয়ার পরেও ভুয়া তথ্য দিয়ে অনেকেই মাস্টারশেফে অংশগ্রহণ করে থাকে। তবে সেটা অবশ্যই ধরা পড়ে এবং প্রতিযোগিতা চলাকালে সেই প্রতিযোগীকে বাতিল করার রেকর্ডও আছে মাস্টারশেফের।’

ছবি: রাশিদুল হাসানের কাছ থেকে নেয়া