রেশমের কত কিছু

হয়ে গেল ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি) আয়োজিত ‘বাংলাদেশ কট্যুর উইক ২০২১’। আয়োজনে তুলে ধরা হয়েছিল সিল্কের তৈরি পোশাকের সহজাত সৌন্দর্য।

প্রদর্শনীতে মডেলদের মাঝে ডিজাইনার মাহিন খানছবি: সাবিনা ইয়াসমিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা কাটের পোশাক তুলে ধরা হয় এখানে
ছবি: সাবিনা ইয়াসমিন

হয়ে গেল ‘বাংলাদেশ কটুর উইক ২০২১’। ফ্যাশন ডিজাইনারদের সংগঠন ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি) আয়োজিত এই সপ্তাহের মূল আকর্ষণ ছিল রেশম বা সিল্ক পোশাকের প্রদর্শনী। ঢাকার গুলশান নর্থ অ্যাভিনিউয়ের ওয়াটারএজ গ্যালারিতে এই প্রদর্শনী চলেছিল ২, ৩ ও ৪ ডিসেম্বর। প্রদর্শনীতে তুলে ধরা হয়েছিল বুননশিল্পীদের নিজ হাতে বোনা রেশম কাপড়ে তৈরি পোশাক। আয়োজনের প্রথম ও দ্বিতীয় দিন প্রদর্শনীর পাশাপাশি ছিল ফ্ল্যাশ শো। ফ্যাশনে নিজস্ব ধারা তৈরি করেছেন, এমন ১০ জন ব্যক্তিকে শেষ দিন দেওয়া হয় বিশেষ পুরস্কার।

টাফোটা, ডুপিয়ান, অ্যান্ডি, অরগানজা—এ রকম নানা ধরনের সিল্কের কাপড়ে তৈরি করা হয়েছে পোশাকগুলো। শাড়ি ও কামিজের পাশাপাশি ছিল জাম্পস্যুট কাটের পোশাক, পালাজ্জো ও কাফতান। ছিল রেশমের জ্যাকেট, লম্বা কোট বা কটি। শাড়ি, কামিজ, লম্বা জামা আর স্কার্টে ছিল ফিউশন। নকশিকাঁথা ও প্যাচওয়ার্কের পাশাপাশি ছিল রঙের আধিপত্য।

ফ্যাশন শোয়ের এ ঝলক
ছবি: সাবিনা ইয়াসমিন
শিলু আবেদ অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্সি নিচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের মন্টু চন্দ্র দাস
ছবি: সাবিনা ইয়াসমিন

এফডিসিবির সভাপতি মাহিন খান বলেন, এ আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের সিল্কশিল্প নিয়ে কাজ করা হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে হাতের সেলাইয়ের কাজের ওপর। ফ্যাশন উইকে অংশ নিয়েছিলেন ডিজাইনার মাহিন খান, এমদাদ হক, শৈবাল সাহা, চন্দনা দেওয়ান, লিপি খন্দকার, শাহরুখ আমিন, ফাইজা আহমেদ, আফসানা ফেরদৌসি, তাসফিয়া আহমেদ, সায়িদা রশিদ, ফারাহ আনজুম, রিফাত রহমান, সারা করিম, ফারজানা নোভা, রুপু শামস, রিমা নাজ ও নওসিন খায়ের।

প্রদর্শনীর পোশাকগুলো ডিজাইনারদের নিজস্ব অনলাইনভিত্তিক পেজ বা দোকান থেকে কেনা যাবে।