রাজধানীতে খাবারপাড়াগুলো ইফতারেও কম যায় না। বৈচিত্র্যময় ইফতারির আয়োজনে নগরীর কয়েকটি খাবারপাড়া এরই মধ্যে বেশ জনপ্রিয়। পুরান ঢাকার চকবাজার থেকে শুরু করে অভিজাত গুলশান—সবখানেই ইফতারি বাজার এখন জমজমাট।

চকবাজার: স্থায়ী-অস্থায়ী মিলিয়ে পুরান ঢাকার চকবাজারে অনেক দোকান। লোভনীয় খাবারগুলো যেন ক্রেতার দিকেই তাকিয়ে থাকে। মুরগি ও খাসির রোস্ট, সুতি কাবাব, শাহি জিলাপি, কাচ্চি, তেহারি, মোরগ পোলাও, হালিম, লাচ্ছি, দই, লাবাং ও মাঠা, পিঠা, পায়েস, ঘুগনি, পনির, ছোলা, মুড়ি, সমুচা, শিঙাড়া, নিমকি, খেজুর, বেগুনি, আলুর চপসহ হরেক রকমের ইফতারি বিক্রি হয়। আছে মৌসুমি নানান ফল।
মুরগির রোস্ট প্রতিটি ২০০ থেকে ৩৫০ টাকা, সুতি কাবাব প্রতি কেজি ৪০০ থেকে ৫০০ টাকা, জালি কাবাব (গরু) ৫৫০ থেকে ৬০০ এবং খাসির কাবাব ৭৫০ থেকে ৮০০ টাকা, খাসির রানের রোস্ট ৪০০ থেকে ৭০০ টাকা, শিক কাবাব প্রতিটি ৮০ থেকে ১০০ টাকা, কিমা পরোটা প্রতিটি ২০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এক কেজি ওজনের একেকটি শাহি জিলাপি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ২২০ টাকা।

গুলশান: গুলশান ১ ও ২ নম্বরের প্রায় সব রেস্তোরাঁই ইফতারির পসরা সাজিয়েছে। ভারতীয় খাবারের রেস্তোরাঁ ‘খানা খাজানা’তে জিলাপির চাহিদা সবচেয়ে বেশি। রেস্তোরাঁ ম্যানেজার জাকারিয়া সম্রাট প্রথম আলোকে বলেন, ‘আমাদের জিলাপির জন্য ভিড় লেগে যায়। আমরা গরম ভেজে দিই।’ এখানকার জিলাপির কেজি ৮০০ টাকা। মাটন লেগ পিস, হালিম, আর ভারতীয় বিভিন্ন কাবাব পাওয়া যাবে। তবে রেস্তোরাঁ ম্যানেজার বলেন, ইফতার বাজার এখনো সেভাবে জমেনি। করপোরেট ইফতার আয়োজন শুরু হলে তাদের বেচা-বিক্রি বাড়বে বলে আশা করছেন।
রেশমি জিলাপির জন্য পূর্ণিমা রেস্তোরাঁয় ভিড় লেগেই থাকে। ৩৬০ টাকা কেজির এই জিলাপির চাহিদা দুপুরের পর থেকেই শুরু হয়। রেস্তোরাঁর সহকারী ব্যবস্থাপক সোহেল রানা বললেন, তাঁদের হালিমও বেশ জনপ্রিয়। ১০ জনের খেতে পারবে এমন হালিমের দাম পড়বে ৬০০ টাকা। এ ছাড়া আছে বিভিন্ন দামের ইফতারের সেট মেন্যু।
গুলশানের ফখরুদ্দীন বিরিয়ানিতে অন্যান্য ইফতার আইটেমের পাশাপাশি হালিমের চাহিদা অনেক। ৩৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে হালিম। এ ছাড়া গরু ও খাসির রেজালা, খাসির লেগ রোস্ট, মুরগির নানান পদ এবং শিক কাবাব। দুপুরের পরপরই গুলশানের প্রায় সব রেস্তোরাঁই চিরাচরিত ইফতারের পাশাপাশি তাঁদের নিজস্ব খাবার বিক্রি করে।

বেইলি রোড: নাটক পাড়া থেকে খাবার পাড়া বনে যাওয়া বেইলি রোড ইফতারিতেও জমজমাট। ইফতার বাজারের কথা মনে হলেই বেইলি রোডের কথা মাথায় আসে।
বেকারি, ডেজার্ট ও স্ন্যাক্সের জন্য জনপ্রিয় ‘সুইস’ ইফতারেও কম যায় না। কাবাব, চিকেনের নানান পদ ও তাদের ফাস্ট ফুড আইটেম বিক্রি হচ্ছে ইফতারে।
এখানেও আছে ফখরুদ্দীন বিরিয়ানি। ভিড় লেগেই থাকে সেখানে। ইফতারিতে যাঁরা পিঠা খেতে চান, তাঁরা ভিড় জমায় ‘পিঠাঘর’-এ। এর বিক্রেতা মো. মিজানুর বলেন, ‘বিভিন্ন চপ, জিলাপি, হালিমও আমরা বানাই। রোজা বলে পিঠার আইটেম কম।’ পিঠাঘরে ১৫-১৬ রকমের পিঠা পাওয়া যাচ্ছে। দাম ২৩ টাকা থেকে ৪২ টাকার মধ্যে।
এ ছাড়া নবাবি ভোজ, স্কাইলার্ক, ব্যাম্বো ক্যাসেল, ক্যাপিটাল কনফেকশনারি ও অন্য রেস্তোরাঁগুলোও নিজেদের মতো ইফতারির পসরা সাজিয়েছে।

ধানমন্ডি: গত কয়েক বছরের মাথায় ধানমন্ডির সাতমসজিদ সড়ক এখন খাবার পাড়া হয়ে উঠেছে। ফলে ইফতারির জন্যও অন্যতম প্রধান বাজার সড়কটি। প্রায় প্রতিটি রেস্তোরাঁর সামনেই দুপুরের পর হরেক পদের ইফতারের পসরা বসে। আসরের পরপর ভিড় জমে যায়।
স্টার কাবাবের নানান পদের কাবাব, চিকেন সাসলিকের চাহিদা অনেক। চিরাচরিত ইফতারের বাইরে হান্ডির চাটগাঁইয়্যা হালিম, পেস্তা বাদামের শরবত, বিফ চাপ ও দই বড়া বিক্রি হচ্ছে বেশ।
কেএফসিতে চলছে আনলিমিটেড বার্গার অফার। ফাস্ট ফুড রেস্তোরাঁ ছাড়াও কড়াই-গোশত, বাবুর্চি, হ্যাংআউট, উল্টো ভূত, পাপরিকাসহ সব রেস্তোরাঁই কমবেশি জমজমাট।