শসার তেতো কাটাতে কী করবেন

শসা বেশি ব্যবহৃত হয় সালাদ হিসেবে। সবজি বা জুস হিসেবেও এর কদর রয়েছে। শসা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। কিন্তু অনেক সময় কিছু শসার তিতকুটে স্বাদ থাকে, যা বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। এই তেতো ভাবটা কি কোনো উপায়ে দূর করা সম্ভব?
হ্যাঁ, সম্ভব। সব শসাই তেতো হতে পারে। আবার সব শসারই তেতো স্বাদ বদলে ফেলা যায়। কাজটাও আহামরি কঠিন কিছু নয়। শসা কাটার সময়ে একটু মনোযোগ দিলেই হবে। শসার মুখের দিকটা কেটে ঘষতে থাকুন। দেখবেন একধরনের সাদা ফেনা উঠছে। যতক্ষণ এই ফেনা উঠবে, ঘষতেই থাকবেন। এরপর শসা কেটে মুখে দিন, দেখবেন তেতো স্বাদ হাওয়ায় মিলিয়ে গেছে।
তাহলে কী থাকে শসায়, যা এর স্বাদকে তিতকুটে করে তোলে? গবেষকেরা বলছেন, শসায় আছে কিউকারবিটাসিন ‘বি’ ও ‘সি’। এগুলো একধরনের জৈব যৌগ। মূলত এই যৌগের কারণেই শসায় তেতো ভাবটা। শসার মুখের অংশটা ঘষার ফলে ফেনা আকারে তা বেরিয়ে গিয়ে তেতো দূর করে।