শাহরুখ খান ডাল-ভাত খান
শাহরুখের বয়স যদি আপনি না জানেন, তাহলে আন্দাজ করা কঠিন। পাঁচ বছর আগে বয়সের ক্যালেন্ডারে হাফসেঞ্চুরি করেছেন তিনি। তারুণ্যের ক্রিজে এখনো সপাটে ছক্কা হাঁকিয়ে দিব্যি খেলে চলেছেন বলিউডের এই বাদশাহ। অথচ একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, খেতে নাকি খুবই ভালোবাসেন তিনি। বছরের ৩৬৫ দিন, লিপইয়ারে ৩৬৬ দিন পেটপুরে খান এই তারকা।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের প্রিয় খাবারে নাম ফাঁস করেছেন তিনি। সেটা আর কিছুই নয়, তন্দুরি চিকেন। শাহরুখ বলেন, ‘আমি পারতপক্ষে বাইরের খাবার খাই না। ঘরের রান্না খাই। আর আমি তন্দুরির পাগল। সারা বছর আমি কেবল তন্দুরি খেয়ে খুশিমনে থাকতে পারব।’ ফিল্মফেয়ার জানিয়েছে, ৫৫ বছর বয়সী শাহরুখ বহুকাল ধরে বাইরের কিছুই খান না। ডিম সেদ্ধ, কমলার জুস, ভিটামিন ট্যাবলেট আর পরিমাণমতো প্রোটিন খান তিনি। তবে ভাত, ডাল আর সঙ্গে এক টুকরা পেঁয়াজ হলেও দিব্যি খেয়ে ওঠেন শাহরুখ।
তবে যে যা-ই বলুক, বিশ্বের অন্য সবার মতো শাহরুখেরও সবচেয়ে পছন্দ মায়ের হাতের রান্না। আর সে কথা নিজেই জানিয়েছেন জি কিউ ম্যাগাজিনকে। বলেছেন, ‘বিশ্বের যে প্রান্তের যে হোটেলের যে শেফের কথাই বলেন না কেন, সবকিছু হার মানবে মায়ের রাতের রান্নার কাছে। তবে উত্তর প্রদেশের খাবার আমার প্রিয়। বিশেষ করে লক্ষ্ণৌয়ের খাসির রেজালা। মসলাদার হায়দরাবাদি খাবারও আমার খুব পছন্দ। আমার মা সেগুলো দারুণ রাঁধতেন। সেই সঙ্গে মোগলদের রান্নাঘরে যেগুলো রান্না হতো, আমাদের বাড়ির রান্নাঘরেও সেগুলো হয়।’
একবার টুইটারে একজন জিজ্ঞেস করেছিলেন, কী খেলে শাহরুখ খান হওয়া যায়? উত্তরে শাহরুখ বলেন, ‘যেখানেই যাই, লোকে শুধু জানতে চায়, আমি কী খাই? আমি খুবই সাধারণ, স্বাভাবিক খাবার খাই। এতটাই সাধারণ যে খাওয়ার পরে আমার মনেও থাকে না। তাই যখন কেউ জিজ্ঞেস করে, কী খেয়েছেন? আমি হন্যে হয়ে স্মৃতি হাতড়াতে থাকি।’
একের পর এক ব্যর্থতার ধারাবাহিকতায় শাহরুখ অভিনীত ‘জিরো’ বক্স অফিসে শূন্য পেল। তারপর আড়াই বছর হলো বড় পর্দা থেকে ছুটি নিয়েছেন শাহরুখ। লকডাউনে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখের স্ত্রী গৌরী খান জানিয়েছিলেন, শাহরুখ কেবল ‘খান’ই না, তিনি কোমরে গামছা বেঁধে (অথবা না বেঁধে) রান্নাবান্নাও করেন। তবে রান্নার সময় একটা বিপদে পড়েন তিনি। কতটুকু লবণ দিতে হবে, সেটা কিছুতেই বুঝতে পারেন না।