শিল্পিত সবজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুল, চিংড়ি, খাবারের পাত্র-নানা কিছু বানানো যায় সবজি কেটে কেটে। যাকে বলে ভেজিটেবলস কার্ভিং। নিপুণ হাতে সবজিগুলো হয়ে ওঠে একেকটি শিল্পকর্ম। খাবারের টেবিলে যোগ করে ভিন্নমাত্রা। ভেজিটেবলস কার্ভিংয়ের এমনই কিছু নমুনা দেখিয়েছেন আখতার হোসেইন
কাঁচা পেঁপের কদম ফুল
কাঁচা পেঁপের কদম ফুল



কাঁচা পেঁপের কদম ফুল

উপকরণ: গোলাকার কাঁচা পেঁপে ১টি, কার্ভিং ছুরি ১টি ও কাটিং বোর্ড।
প্রণালি: পেঁপের মাথার গোল অংশে ছোট ছোট লম্বা ছয়টি পাপড়ি কাটুন। এবার পেছনের অংশ একটু কেটে নিন। তারপর আবার একইভাবে দুটি করে পাপড়ি কাটুন। এভাবে লম্বা লম্বা করে সম্পূর্ণটা কেটে নিন। যত নিচের দিকে আসবে, পাপড়ি তত লম্বা হবে। সম্পূর্ণটা কাটা হলে ঠান্ডা পানিতে ভিজিয়ে নিন।

গাজরের পাঁচ পাপড়ি
গাজরের পাঁচ পাপড়ি



গাজরের পাঁচ পাপড়ি
উপকরণ: ১টি গাজর, শাশলিকের কাঠি, পেঁয়াজপাতা, পেঁপে, কার্ভিং ছুরি, কাটিং বোর্ড।
প্রণালি: প্রথমে লম্বা একটি গাজরের খোসা ছাড়িয়ে নিন। চিকন অংশ থেকে আড়াআড়ি করে পাঁচটি পাতলা পাপড়ি কাটুন। তখন একসঙ্গে বের হয়ে আসবে পাঁচ পাপড়ির ফুল। এভাবে আবার নিচ থেকে ধীরে ধীরে ওপরের দিকে যেতে থাকুন। পুরোটা কেটে ফেলুন। সব কটি পাপড়ির মাঝখানে ছোট ছোট করে কেটে নিন। বরফপানিতে ভিজিয়ে রাখুন। এরপর শাশলিক কাঠিতে পেঁয়াজপাতা গেঁথে নিন। তারপর পেঁপের মধ্যে গেঁথে নিন।

মিষ্টিকুমড়ার ফুল
মিষ্টিকুমড়ার ফুল



মিষ্টিকুমড়ার ফুল
উপকরণ: মিষ্টিকুমড়া ১ টুকরা, শেফ ছুরি ১টি, কার্ভিং ছুরি ১টি, কাটিং বোর্ড, ১টি মোটা গাজর।
প্রণালি: গোল মিষ্টিকুমড়ার টুকরাটির মাঝখানে চিহ্ন করে বৃত্ত কেটে নিন। বৃত্তের চারপাশ একটু গভীর করে কাটুন। বৃত্তের মাঝখানে ভি আকারে পাঁচ থেকে ছয়টি চিহ্ন করে কেটে নিন। প্রতিটির মাঝখানে আবার ছোট করে পাপড়ি কাটুন। মাথাগুলো একটু জিগজ্যাগ করে কেটে নিন। দুই পাপড়ির মাঝখানে একটু কেটে আবার ছোট করে পাপড়ি কেটে নিন। বৃত্তের উল্টো পাশে একইভাবে ৮টি পাপড়ি চিহ্ন করে কেটে নিন। দুই পাপড়ির মাঝখানে একইভাবে কাটুন। মোট চার সারি পাপড়ি হবে। এখন গাজরের মোটা অংশ নিয়ে ফুলদানির মতো করে কেটে টুথপিক দিয়ে মিষ্টিকুমড়ার ফুল গেঁথে দিন।

লাউয়ের সাদা গোলাপ
লাউয়ের সাদা গোলাপ



লাউয়ের সাদা গোলাপ
উপকরণ: লাউয়ের মাথা ১টি, কার্ভিং ছুরি ১টি ও কাটিং বোর্ড।
প্রণালি: লাউয়ের মাথা কেটে নিয়ে খোসা ছিলে নিন পাতলা করে। তারপর তিনটি চিহ্ন করে নিন। এখন পাতলা করে কাটতে হবে। দুটি পাপড়ির মাঝখান থেকে একটু কেটে নিন। এভাবে কেটে কেটে ভেতরের দিকে ঢুকুন। যত ভেতরের দিকে কাটা হবে পাপড়ি তত ছোট হবে। ৪-৫টি স্তরে পাপড়ি কাটুন। শেষ হয়ে এলে বরফ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে পরিবেশন করুন।

গাজরের চিংড়ি
গাজরের চিংড়ি



গাজরের চিংড়ি
উপকরণ: দুটি গাজর, কার্ভিং ছুরি, চপিং বোর্ড, গোলমরিচ ও টুথপিক।
প্রণালি: প্রথমে গাজরের খোসা ছাড়িয়ে নিতে হবে। মোটা অংশে মাথার জন্য চিহ্ন দিন। এবার লেজের চিহ্ন দিন। নিচের অংশ যেখানে চিংড়ির ডিম থাকে, সেখানে চিহ্ন করে কেটে নিন। এরপর গাজরের ওপরের অংশে চিংড়ি মাছের খোসা ঢেউ ঢেউ করে কেটে নিন। এখন মাথার অংশ চিংড়ির মতো করে কেটে নিন। অন্য একটি গাজর থেকে চিংড়ি মাছের গোঁফ কেটে নিন, তারপর টুথপিক দিয়ে লাগিয়ে নিন।

মিষ্টিকুমড়ার হাঁড়ি
মিষ্টিকুমড়ার হাঁড়ি



মিষ্টিকুমড়ার হাঁড়ি

উপকরণ: গোল মিষ্টিকুমড়া ১টি, কার্ভিং ছুরি ১টি, শেফ নাইফ ১টি ও কাটিং বোর্ড।
প্রণালি: প্রথমে মিষ্টিকুমড়ার মুখটি কেটে নিন, যাতে ঢাকনা বানানো যায়। বাকি অংশের খোসা ছাড়িয়ে নিন। এখন মুখের অংশ বোঁটা থেকে চারপাশে পাঁচটি পাতার মতো করে কেটে নিন। পাতার মাঝখানে শিরা কেটে নিন। তারপর দুই পাতার মাঝখানে আবার পাতা কাটতে হবে। হাঁড়ির কাঁধের চারপাশ চিহ্ন দিয়ে কেটে নিন। এখন চারপাশে ‘ভি’ আকারে কেটে নিন। তারপর নিচ থেকে একটু ফেলে দিন। একইভাবে জোড়া পাপড়ি মাঝে মাঝে কেটে নিন। এভাবে নিচের দিকে কাটতে থাকুন। পুরোটা কেটে ঠান্ডা পানিতে ধুয়ে নিন। এর মধ্যে মাটির ছোট হাঁড়ি বা বাটি বসিয়ে স্যুপ, তরকারি, মিষ্টি-যেকোনো খাবার সাজিয়ে পরিবেশন করুন।

গাজরের ঝাউ
গাজরের ঝাউ



গাজরের ঝাউ
উপকরণ: গাজর ১টি, ১টি কার্ভিং ছুরি ও কাটিং বোর্ড।
প্রণালি: প্রথমে গাজরের খোসা ছিলে নিন, তারপর নিচ থেকে ওপরের দিকে ছোট ছোট পাপড়ি কাটুন এক সারি। পাপড়ির ওপরের অংশ একটু কেটে নিন। এখন আবার দুটির মাঝে মাঝে আবার ছোট ছোট করে কেটে নিন। এভাবে ওপরের দিকে কেটে আসুন। পুরোটা কাটা হলে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন।

বিটের গোলাপ
বিটের গোলাপ



বিটের গোলাপ
উপকরণ: ১টি বিট, ১টি কার্ভিং ছুরি ও কাটিং বোর্ড।
প্রণালি: প্রথমে বিট রুট ছিলে নিতে হবে। এরপর দুই ভাগ করে নিতে হবে। এখন পেছনের দিকটায় নিচ থেকে ওপরের দিকে পাঁচটি চিহ্ন এঁকে নিয়ে কেটে নিন। এখন আবার একটু সমান করে কেটে নিন। ফাঁকে ফাঁকে আবার পাপড়ি কেটে নিন। এভাবে কাটতে কাটতে ভেতরের দিকে ঢুকুন। চার থেকে পাঁচ স্তরের পাপড়ি হবে। বরফপানিতে একটু ভিজিয়ে রেখে সাজিয়ে পরিবেশন করুন।