
শীতে আয়েশ করে পিঠা খাওয়ার রীতি বাংলার চিরায়ত সংস্কৃতির অংশ। রাজধানীতে টাটকা খেজুরের রস দিয়ে পিঠা খাওয়ার শখ না মিটলেও ভাপা আর চিতই পাবেন হাতের নাগালেই।
শীতের শুরু থেকেই রাজধানীর পাড়া-মহল্লা, বিভিন্ন রাস্তার পাশে পিঠার দোকান নিয়ে বসেন পিঠা বিক্রেতারা। তবে শুধু রাস্তার পাশেই নয়, রাজধানীর বেশ কিছু স্থানে হরেক রকমের পিঠার দোকানও রয়েছে।
হরেক রকম পিঠার স্বাদ নিতে অনেকেই ভিড় জমান এসব দোকানে। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সামনে এ রকম একটি পিঠার দোকানে পিঠা খাচ্ছিলেন প্রিয়াংকা কুণ্ডু। তিনি বললেন, শীতে বাড়িতে থাকলে প্রায়ই পিঠা খাওয়া হয়। এখানে সেগুলোর সবকিছু পাওয়া যায় না। তবে চিতই ও ভাপা পিঠা তিনি নিয়মিতই খান।
রাজধানীর কারওয়ান বাজারেও পিঠার দোকান নিয়মিত বসে। এখানে থাকা বিভিন্ন অফিসের চাকরিজীবীরা সন্ধ্যায় এসব দোকানে পিঠা খেতে ভিড় জমান। অনেকে অফিস শেষে বাসায়ও নিয়ে যান। এ রকম পিঠার দোকান রয়েছে রাজধানীর গুলিস্তান, পল্টন, বেইলি রোড, ফার্মগেট, মিরপুর, উত্তরাসহ বিভিন্ন স্থানে।
যথেষ্ট বিক্রি হয় বলে পিঠা বিক্রেতারাও এই মৌসুমি ব্যবসায় খুশি। ফার্মগেটের এমন একজন বিক্রেতা শামীম বললেন, এখানে সময় দিতে হয় কম। প্রতিদিন দুপুরের পর বসি। রাত পর্যন্ত বিক্রি করি। লাভটাও মন্দ হয় না। প্রতিদিন চার-পাঁচ শ টাকা লাভ হয় বলেও জানালেন তিনি।
কী কী পিঠা পাওয়া যায়: ভাপা ও চিতই পাবেন হাতের নাগালেই। নারকেল আর খেজুর গুড়ে তৈরি ভাপা এবং সরিষা ও শুঁটকির হরেক পদের ভর্তার সঙ্গে চিতই পাবেন রাজধানীর প্রায় সব জায়গাতেই। আর পিঠার দোকানগুলোতে পাবেন পাটিসাপটা, চাঁদপুলি, মালপোয়া, দুধচিতই, পাক্কন, নারকেল পুলিসহ নানা রকমের পিঠা।
দাম কেমন: ফুটপাতের পাশের সাধারণ দোকানগুলোতে প্রতিটি চিতই পিঠা পাঁচ টাকা। আর ভাপা পিঠা আকার অনুসারে ৫ থেকে ১০ টাকায়। অন্যান্য পিঠার দাম ১৫ থেকে ১০০ টাকা পর্যন্ত।
কোথায় পাবেন: রাজধানীর বেইলি রোডে রয়েছে কয়েকটি পিঠার দোকান। বেইলি পিঠাঘর এর একটি। গুলশান ও বসুন্ধরায় তাদের দুটি শাখা রয়েছে। শীতের সময়ে এখানে মূলত ভাপা ও চিতই পিঠাই বিক্রি হয়। বিকেল চারটার পর থেকে পিঠা বিক্রি শুরু হয়। খোলা থাকে রাত ১০টা পর্যন্ত। এখানে আরও পাবেন মালপোয়া, পাক্কন, দুধপুলি, পাটিসাপটাসহ আরও বেশ কয়েক পদের পিঠা। এসব পিঠার দাম ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত।
উত্তরার হাউজ বিল্ডিংয়ে রয়েছে স্মুদি পিঠাঘর। ‘উত্তরা পিঠাঘর’ নামে উত্তরায় আরও একটি পিঠার দোকান রয়েছে জসীমউদ্দীন রোডে। চিতই ছাড়াও এ দোকানগুলোতে পাবেন কয়েক রকমের ভাপা পিঠা। তা ছাড়া পাটিসাপটা, পাক্কন ছাড়াও আরও কিছু পিঠা পাবেন। এখানে পিঠার দাম ১০ থেকে ১০০ টাকা পর্যন্ত।
পুরান ঢাকার নাজিরাবাজারেও রয়েছে বেশ কিছু পিঠার দোকান। মৌসুমি চিতই ভাপা ছাড়া বিভিন্ন রকমের নারিকল পুলি পাওয়া যায় এখানকার দোকানগুলোতে।