শেষপাতে মিষ্টিমুখ
কানিজ ফাতেমা। পেশাগতভাবে রান্না করেন। ‘রূপচাঁদা সুপার শেফ ২০১৯’–এর প্রথম রানারআপ হয়েছিলেন তিনি। ছোটবেলা থেকে রান্নার প্রতি ভালোবাসা আছে। নতুন ধরনের রেসিপি নিয়ে কাজ করতে আগ্রহী তিনি। পাশাপাশি কাজ করছেন ঐতিহ্যবাহী রেসিপি নিয়েও। বর্তমানে তিনি কাজ করছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বেকিংয়ের অ্যাসেসর হিসেবে। নকশার জন্য তিনি দিয়েছেন মিষ্টির তিনটি রেসিপি।
স্পঞ্জ মিষ্টি
উপকরণ: তরল দুধ ২ লিটার, চিনি ২ কাপ, ভিনেগার ২ চা-চামচ, ময়দা আধা চা-চামচ, পানি ৬ কাপ।
প্রণালি: প্রথমে একটি পাত্রে দুধ জ্বাল দিন, দুধে ৩ থেকে ৪ বার বলক আসার পর ২ চা-চামচ ভিনেগারের সঙ্গে ১ কাপ পানি মিশিয়ে নিন। এবার বলকানো দুধে পানি মিশানো ভিনেগার দিয়ে দিন। দুধে ছানা পড়লে একটি সুতি কাপড় দিয়ে ছানাগুলো ছেঁকে নিন। কাপড়ে রাখা ছানাগুলো ঝুলিয়ে রাখুন ৪০ মিনিট। ৪০ মিনিট পর ছানা একটি পাত্রে নিয়ে ভালো করে হাতের তালু দিয়ে মিশিয়ে নিন, এবার ১ চা-চামচ চিনি, ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিন, মেশানো হলে গোল গোল করে মিষ্টি তৈরি করে নিন। এবার একটি পাত্রে চিনি আর পানি দিয়ে চিনির পাতলা শিরা তৈরি করে নিন। শিরা তৈরি হলে গরম শিরাগুলোতে ছানার তৈরি মিষ্টিগুলো দিয়ে দিন। ঢেকে রান্না করুন মিষ্টি সেদ্ধ না হওয়া পর্যন্ত। মিষ্টিগুলো সেদ্ধ হয়ে এলে চিনির শিরাতে মিষ্টিগুলো ভেসে ওপরে উঠে এলে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন মজাদার স্পঞ্জ মিষ্টি।
মতিচুর লাড্ডু
উপকরণ: বেসন আধা কেজি, চিনি আধা কেজি, বেকিং সোডা ১ চিমটি, পেস্তা বাদামকুচি ২ টেবিল চামচ, কিশমিশ ১ টেবিল চামচ, কমলা খাবার রং ৩-৪ ফোঁটা, জাফরান আধা চা-চামচ, ঘি ১ কাপ, তেল ভাজার জন্য, পানি পরিমাণমতো।
প্রণালি: বেসন ও বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ১ টেবিল চামচ ঘি ও ২ কাপ পানি দিয়ে ঘন করে মিশ্রণ তৈরি করুন। প্যান কেকের মিশ্রণ যেমন হয় ঠিক এমন ঘন করে করতে হবে মিশ্রণটি। একটি প্যানে ঘি আর তেল দিয়ে দিন। তেল গরম হয়ে এলে একটি ঝাঁজরি চামচ দিয়ে বেসনের মিশ্রণটি চামচের ওপর থেকে ঢেলে ছোট ছোট বুন্দিয়া তৈরি করে নিন। এবার বুন্দিয়াগুলো লালচে করে ভেজে নিন। ভাজা হয়ে এলে উঠিয়ে রাখুন। এবার একটি পাত্রে ৪ কাপ চিনি ও ৩ কাপ পানি দিয়ে শিরা তৈরি করে নিন। শিরা একটু ঘন হয়ে এলে খাবার রং দিয়ে নামিয়ে ফেলুন। এবার শিরাগুলোর মধ্যে কিশমিশ ও পেস্তা বাদাম দিয়ে দিন। ভেজে রাখা বুন্দিয়াগুলো ভালো করে মিশিয়ে নিন। এবার হাতের তালুতে ঘি মেখে নিন। চিনির শিরা আর বুন্দিয়ার মিশ্রণটি হাতে ধরার মতো সহনশীল মাত্রার গরম থাকতেই হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল আকৃতি করে লাড্ডুগুলো তৈরি করে নিন। লাড্ডুগুলো তৈরি হলে পেস্তা বাদামকুচি দিয়ে পরিবেশন করুন।
জাফরানি পায়েস
উপকরণ: ঘন করে জ্বাল দেওয়া দুধ ২ লিটার, জাফরান আধা চা-চামচ, চিনি ৩ কাপ, এলাচি ২টি, দারুচিনি ১টি, ভিজিয়ে রাখা পোলাও চাল আধা কাপ, পরিবেশনের জন্য পেস্তা বাদামকুচি পরিমাণমতো।
প্রণালি: প্রথমে একটি পাত্রে আগে থেকে ঘন করে রাখা দুধ ঢেলে নিন। এবার চুলা জ্বালিয়ে দুধ জ্বাল দিতে থাকুন বলক না আসা পর্যন্ত। চিনি ছাড়া সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে রান্না করুন। অনবরত নাড়তে থাকুন যেন তলায় না লেগে যায়। দুধে দেওয়া চাল ফুটে এলে চিনি দিয়ে রান্না করুন পায়েস ঘন না হওয়া পর্যন্ত। পায়েস ঘন হয়ে এলে ঠান্ডা করে কিছু বাদামকুচি আর জাফরান দিয়ে পরিবেশন করুন।