সকাল-বিকেলের আপ্যায়ন
ঈদের দিনের নাশতাও হয় বিশেষ। সকাল বা বিকেলে অতিথি আপ্যায়নে একটু নতুনত্ব আনাও যায়। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম

ম্যাঙ্গো প্যানা কোটা
উপকরণ
দুধ ২ কাপ, আমের ক্বাথ ১ কাপ, চিনি সিকি কাপ, জেলেটিন ২ টেবিল চামচ ও ভ্যানিলা এসেন্স ২-৩ ফোঁটা।
প্রণালি
পাকা আম টুকরা করে ব্লেন্ড করে নিন। জেলেটিন সামান্য গরম পানিতে গুলে গলিয়ে রাখুন। কিছুটা চিনি ও জেলেটিন পাল্পের সঙ্গে মিশিয়ে গ্লাসে জমতে দিন। বাকি চিনি, জেলেটিন ও ভ্যানিলা এসেন্স দুধের সঙ্গে মিশিয়ে গ্লাসে ঢালুন। ঠান্ডা হয়ে জমে গেলে পরিবেশন করুন।

ক্রিম ব্রোলে
উপকরণ
দুধ আধা লিটার, ডিম ৩টা, ক্রিম ৩ টেবিল চামচ, চিনি আধা কাপ, এসেন্স ২-৩ ফোঁটা ও আইসিং সুগার ২ টেবিল চামচ।
প্রণালি
ডিম ও চিনি ভালোভাবে ফেটান। দুধে মিশিয়ে ক্রিম দেবেন। বাটিতে ঢেলে ওভেন ট্রেতে পানি দিয়ে রাখুন। ১৯০ ডিগ্রি তাপে ১৫ মিনিট বেক করুন। ওপরে আইসিং সুগার দিয়ে বার্ন করে নিন।

নাচোস
উপকরণ
মুরগির কিমা ১ কাপ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, আদাবাটা আধা চা–চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, লবণ সামান্য, তেল ১ চা-চামচ, মেয়নেজ আধা কাপ, টমেটো সস আধা কাপ ও চিজকুচি আধা কাপ।
নাচোস চিপসের জন্য ময়দা ১ কাপ, তেল দেড় চা-চামচ, লবণ আধা চা-চামচ, পানি সামান্য।
প্রণালি
তেলে পেঁয়াজ, আদাবাটা, মুরগির কিমা দিয়ে ভাজুন। লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে নামিয়ে নিন। ময়দার সঙ্গে লবণ ও তেল ভালোভাবে মেখে পরিমাণমতো পানি দিয়ে ডো তৈরি করুন। রুটি বেলে কেটে ভেজে তুলুন। প্লেটে ভাজা কিসার ওপর মেয়নেজ ও টমেটো সস দিন। চিজের কুচি ছড়িয়ে ভাজা চিপস দিয়ে পরিবেশন করুন।

মুরগি সবজির সাসলিক
উপকরণ
হাড় ছাড়া মুরগির মাংস ১ কাপ, সবুজ ক্যাপসিকাম আধা কাপ, লাল ও হলুদ বেল পেপার আধা কাপ, পেঁয়াজ ২টা, কালো জলপাই কয়েকটা, তেঁতুলের পিউরি ২ টেবিল চামচ, জলপাই তেল ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, গোলমরিচের গুঁড়া ১ চামচ ও লেবুর রস ১ চা-চামচ।
প্রণালি
হাড় ছাড়া মুরগির মাংস, ক্যাপসিকাম, বেল পেপার, জলপাই, পেঁয়াজ—সব একই মাপে কিউব করে কেটে নিন। তেঁতুলের পিউরি, জলপাই তেল ও বাকি উপকরণ একসঙ্গে মেশান। সাসলিক কাঠিতে গেঁথে গ্রিল প্যানে ১ চামচ অলিভ অয়েল দিয়ে গ্রিল করে নিন। সসের সঙ্গে পরিবেশন করুন।

ছোট পিৎজা
উপকরণ
ময়দা ২ কাপ, ইস্ট ১ চা-চামচ, লবণ সিকি চা-চামচ, জলপাই তেল ১ চা-চামচ, পানি সামান্য, মুরগির মাংস আধা কাপ, ক্যাপসিকাম ২ টেবিল চামচ, কালো জলপাই ২ টেবিল চামচ, লাল ও হলুদ ক্যাপসিকাম ২ টেবিল চামচ, চিজ আধা কাপ, বেল পেপার কয়েকটি, অরিগ্যানো ১ চা-চামচ ও টমেটো সস ২ টেবিল চামচ।
প্রণালি
ময়দার সঙ্গে ইস্ট, লবণ, জলপাই তেল মেখে পরিমাণমতো পানি দিয়ে ডো তৈরি করুন। এক ঘণ্টা গরম জায়গায় ঢেকে রাখুন। ফুটে উঠলে রুটি বেলে এর ওপর সস, সেদ্ধ মুরগির মাংস, ক্যাপসিকাম, বেল পেপার, কালো জলপাই, অরিগ্যানো ও চিজ–কুচি দিয়ে মাইক্রোওয়েভ ওভেনে ১৮০ ডিগ্রিতে ২০ মিনিট বেক করুন। গরম–গরম সসের সঙ্গে পরিবেশন করুন।

ডোনাট
উপকরণ
ময়দা ২ কাপ, মাখন ২ টেবিল চামচ, চিনি ৩ টেবিল চামচ, তরল দুধ আধা কাপ, ইস্ট ১ চা-চামচ, লবণ সিকি চা-চামচ, ডিম ১টা। সাজানোর জন্য চকলেট ও আইসিং সুগার।
প্রণালি
তরল দুধে মাখন, লবণ, চিনি, ইস্ট, ডিম ভালোভাবে মেশান। ময়দা ঢেলে ডো তৈরি করুন। ঢেকে রাখুন। ডো ফুলে উঠলে রুটি বেলে ডোনাট কাটার দিয়ে কেটে নিন। ডুবো তেলে ভেজে নিন। চকলেট, আইসিং সুগার দিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।