সামুদ্রিক খাবারের রেস্তোরাঁ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামুদ্রিক খাবার মানেই রুপচাঁদা কিংবা চিংড়ি। বড়জোর গলদা চিংড়ি বা লবস্টার। আর এ ধরনের খাবারের রেস্তোরাঁ পেতে হলে যেতে হবে কক্সবাজার-সেন্ট মার্টিন। সামুদ্রিক খাবার নিয়ে রাজধানীবাসীর অনেকের এমন ধারণাকে পাল্টে দিতে ঢাকায় চালু হয়েছে সামুদ্রিক খাবারের বিশেষায়িত কয়েকটি রেস্তোরাঁ।

রাজধানীতে সমুদ্রের খাবারের স্বাদ। নগরের পান্থপথে অবস্থিত ক্লাউড ব্রিস্টো রেস্তোরঁা থেকে ছবিটি তুলেছেন হাসান রাজা
রাজধানীতে সমুদ্রের খাবারের স্বাদ। নগরের পান্থপথে অবস্থিত ক্লাউড ব্রিস্টো রেস্তোরঁা থেকে ছবিটি তুলেছেন হাসান রাজা

রাজধানীর গুলশান, বনানী, পান্থপথসহ বিভিন্ন এলাকায় রয়েছে সামুদ্রিক খাবারের রেস্তোরাঁ। স্কুইড, লবস্টার, কোরাল, রূপচাঁদা, টুনা ও কাঁকড়া ইত্যাদির তৈরি বিশেষ ধরনের খাবার পাওয়া যায় এসব রেস্তোরাঁয়। এ ছাড়া আছে সি-ফুড সুপ, সি-ফুড পিৎজা, বিভিন্ন ধরনের স্টেক কিংবা গ্রিল।
মারমেইড গ্যালারি ক্যাফে: এই রেস্তোরাঁর অবস্থান বারিধারার প্রগতি সরণিতে। কাঠ, বেত, বাঁশ, দেয়ালে থাকা ছবি সবকিছু মিলিয়ে ঢাকার ভেতরে যেন এক টুকরো সমুদ্রসৈকত। ২০১৩ সালের নভেম্বরে এই সি-ফুড রেস্তোরাঁ যাত্রা শুরু করে। আটতলা দালানজুড়েই মারমেইড। তবে, মূল রেস্তোরাঁ শুরু পঞ্চম তলা থেকে। ষষ্ঠ তলায় বিশাল লাইভ কিচেন। তার সামনে চেয়ারে বসে রসুইঘরের ব্যস্ততা দেখতে দেখতেই খাওয়াদাওয়া সেরে নেওয়ার বন্দোবস্ত।
সিঁড়ি বেয়ে নবম তলায় রুফটপে (ছাদে) উঠলেই মারমেইড বিচ ক্যাফে। পায়ের নিচে শক্ত ইট-পাথর নয়। বরং রাখা হয়েছে বালি, সৈকতের অনুভূতি দিতে কক্সবাজার থেকে আনা হয়েছে এ বালি। এই বালিতে পা ডুবিয়েই আপনাকে বসতে হবে খাবার টেবিলে।
স্বাদ নিতে পারেন টুনা স্টেক, সি-ফুড প্ল্যাটার, গ্রিলড কালামারির, গ্রিলড স্ন্যাপার ফিশের। সি-ফুড প্ল্যাটারে ক্র্যাব, স্কুইড, টুনা, প্রন, স্যামন সব কিছুর স্বাদ পাবেন। বর্তমানে সামুদ্রিক খাবারের সরাসরি বারবিকিউ উপভোগ করতে পারবেন ছাদের রেস্তোরাঁতে।
মারমেইডের বিপণন এবং বিক্রয় ব্যবস্থাপক রেক্সি ডমেনিক গোমেজ বললেন, ‘স্বাস্থ্যসম্মত এবং সুস্বাদু খাবারের ব্যাপারে আমরা কোনো ছাড় দিতে চাই না। প্রায় প্রতিদিনই কক্সবাজার থেকে আকাশপথে আসে সামুদ্রিক মাছ, স্কুইড, লবস্টারসহ অন্য উপকরণগুলো।’
সল্টজ : ঢাকায় সামুদ্রিক খাবারের রেস্তোরাঁগুলোর অধিকাংশই সাম্প্রতিক সময়ে চালু হলেও সল্টজ এ দলের নয়। গুলশান ২ নম্বর থেকে বারিধারার দিকে এগোলে অস্ট্রেলিয়া হাইকমিশনের ঠিক উল্টো দিকেই রেস্তোরাঁটির অবস্থান। সল্টজ এখনকার জায়গাটিতে চালু হয়েছে ২০০৩ সালে।
রেড স্ন্যাপার, ভেটকি, সুরমা মাছ, কাটল ফিশ, দেশি স্কুইড, রুপচাঁদা, ম্যাকারেল, টুনা, সামুদ্রিক কাঁকড়া ইত্যাদি এখানে পাবেন লোভনীয় স্বাদে। এ ছাড়া বিদেশি মাছের মধ্যে ট্রাউট, স্যামন, স্ক্যালপস, বড় স্কুইড পাবেন। প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত খোলা থাকে এটি। তবে মাঝখানে বেলা তিনটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত বন্ধ থাকে। কিছুদিন আগে ভোজনপ্রিয়দের ওয়েবসাইট ‘ঢাকা ফুডিস’-এর সদস্যদের পর্যালোচনায় সামুদ্রিক খাবারের শ্রেণিতে ২০১৪ সালে ঢাকার শ্রেষ্ঠ রেস্তোরাঁর পুরস্কার পেয়েছে সল্টজ।
ফিশ অ্যান্ড কো: বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা সামুদ্রিক মাছের তৈরি ফিশ অ্যান্ড চিপস, সি ফুড প্ল্যাটার, গ্রিল্ড স্যালমন, পেরি পেরি প্রনসহ রকমারি সি-ফুড পাওয়া যায় ফিশ অ্যান্ড কোতে।
শুধু সামুদ্রিক উৎসনির্ভর খাবারের সিঙ্গাপুরভিত্তিক এশিয়ার অন্যতম চেইন রেস্তোরাঁ ‘ফিশ অ্যান্ড কো’। রাজধানীর গুলশান-১ এলাকায় অবস্থিত রেস্তোরাঁটির স্লোগান ‘সি ফুড ইন এ প্যান’।
ফিশ অ্যান্ড কোতে বিশেষ ধরনের স্কুইড ক্যালামারির ফ্রায়েড কিংবা গ্রিলড মিলবে। সামুদ্রিক খাবার অনুরাগীরা নীল ঝিনুকের শাঁস খেতে পাবেন মুখরোচক পরিবেশনায়। মুচমুচে কাঁকড়াগুলো পরিবেশিত হয় দারুণ স্বাদের ব্যাঞ্জনায়। এ ছাড়া চিংড়ি তো থাকছেই; হয় ভাজি, নয় সালুন, নয়তো সালাদ হয়ে।
ক্লাউড ব্রিস্টো: রাজধানীতে সামুদ্রিক খাবারের রেস্তোরাঁয় নবতম সংযোজন বলা যায় ক্লাউড ব্রিস্টোকে। দূরত্বের কারণে যাঁরা গুলশান বনানীতে যেতে চান না, তাঁদের সামুদ্রিক খাবারের স্বাদ দিতে পান্থপথে চালু হয়েছে এ রেস্তোরাঁ। এটির পরিচালক মাসুদুল হাসান বলেন, ‘শহরের মাঝামাঝি এলাকায় সামুদ্রিক খাবারের স্বাদ দিতেই গত বছরের নভেম্বরে আমাদের রেস্তোরাঁর যাত্রা শুরু।’
অল্পদিনেই ক্লাউড ব্রিস্টোর ফিশারম্যান বাকেট, এশিয়ান স্টাইল চিলি ক্র্যাব, সি-ফুড কারি ভোজনরসিকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।