সাহ্‌রিতে দেশি পদ

সাহ্‌রিতে রাখতে পারেন ভর্তা কিংবা মাছ, আম দিয়ে ডাল। রেসিপি দিয়েছেন কল্পনা রহমান

ছবি: সাবিনা ইয়াসমিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শর্ষেবাটায় ঢ্যাঁড়স

শর্ষেবাটায় ঢ্যাঁড়স
ছবি: সাবিনা ইয়াসমিন

উপকরণ

ঢ্যাঁড়স ৫০০ গ্রাম, শর্ষেবাটা ৩ টেবিল চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, পেঁয়াজবাটা ১ টেবিল চামচ, শর্ষের তেল সিকি কাপ, চিনি ১ চা-চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৫–৬টি।

প্রণালি

অল্প হলুদ, মরিচ, লবণ ও কর্নফ্লাওয়ার দিয়ে ঢ্যাঁড়স মেখে নিন। ২–৩ টেবিল চামচ সয়াবিন তেলে ভেজে নিতে হবে। অন্য পাত্রে তেল গরম করে পেঁয়াজ ভেজে সব বাটা ও গুঁড়া মসলা অল্প পানি দিয়ে কষিয়ে নিন। ১ কাপ গরম পানি দিতে হবে। ভাজা ঢ্যাঁড়সগুলো বিছিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। একটু পর চিনি, লেবুর রস ও কাঁচা মরিচ দিয়ে দমে বসাতে হবে। তেল চকচকে হলে গরম-গরম পরিবেশন করুন।

ট্যাংরা মাছে শজনে ডাঁটা

ট্যাংরা মাছে শজনে ডাঁটা
ছবি: সাবিনা ইয়াসমিন

উপকরণ

ট্যাংরা মাছ ৫০০ গ্রাম, শজনে ডাঁটা ২৫০ গ্রাম, কুমড়া বড়ি আধা কাপ, মিষ্টি আলু আধা কাপ, বেগুন ১টা, হলুদগুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, পেঁয়াজবাটা সিকি কাপ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ চা-চামচ, আস্ত জিরা ১ চা-চামচ, কাঁচা মরিচ চার–পাঁচটা, ধনেপাতা ১ মুঠো, সয়াবিন আধা কাপ।

প্রণালি

মাছগুলো কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। অল্প মরিচ, হলুদ, লবণ মেখে ঢেকে রাখতে হবে। কুমড়া বড়ি অল্প তেলে ভেজে নিতে হবে। এবার অন্য পাত্রে তেল দিয়ে তেজপাতা ও আস্ত জিরার ফোড়ন দিয়ে দিন। আলু দিয়ে দিন। একটু পর একে একে মসলাগুলো দিয়ে কষিয়ে নিতে হবে। এবার বেগুন, শজনে ও বড়ি দিয়ে কষিয়ে নিন। ঝোলের জন্য গরম পানি দিন। ঝোল ফুটে উঠলে মাছগুলো বিছিয়ে দিয়ে ঢেকে রান্না করতে হবে। চামচ দিয়ে নাড়া যাবে না। পাত্রটি চুলার আঁচে ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করতে হবে। সবশেষে কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে দিন। মাখা মাখা হয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

আম ডাল

আম ডাল
ছবি: সাবিনা ইয়াসমিন

উপকরণ

মসুর ডাল ১ কাপ, আম ২টা, হলুদগুঁড়া সিকি চা-চামচ, তেল ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ২টি, রসুন ২ কোয়া, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।

বাগাড়ের জন্য উপকরণ

তেল ২ টেবিল চামচ, শুকনা মরিচ ৩টা, রসুনকুচি ২ টেবিল চামচ, তেজপাতা ১টা, আস্ত জিরা সিকি চা-চামচ।

প্রণালি

ডাল ধুয়ে নিন। ১০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। আম ছাড়া সব উপকরণ ও ২ কাপ পানি দিয়ে প্রেশার বুকারে দিয়ে দিন। তিনবার হুইসেল দিলে নামিয়ে ফেলতে হবে। এবার ঘুঁটে নিয়ে পরিমাণমতো গরম পানি দিতে হবে। ফুটে উঠলে আমগুলো আঙুলের মতো করে কেটে নিন। ডাল দিয়ে চুলা বন্ধ করে ঢেকে রাখতে হবে। অন্য পাত্রে তেল গরম করে রসুনকুচি দিয়ে একটু পর বাকি উপকরণগুলো দিয়ে দিন। বাদামি হয়ে এলে ডাল ঢেলে দিতে হবে।