সুস্বাদু শজনে
শজনে ডাঁটা চচ্চড়ি কিংবা ঝোল তো করা হয়ই। আরও নানা স্বাদের শজনের রেসিপি দিলেন ফারাহ তানজীন।

শজনে-টমেটো
উপকরণ: শজনে ৪টা (আঁশ ফেলে ২ ইঞ্চি করে টুকরো করে নেওয়া), পাকা টমেটো ১টা (মাঝারি আকারের), হলুদ গুঁড়া এক চা-চামচের একটু কম, মরিচ গুঁড়া স্বাদমতো, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, রসুন বাটা এক চা-চামচের একটু কম, জিরা গুঁড়া এক চা-চামচের একটু কম, আস্ত জিরা ১ চিমটি, চিনি ১ চিমটি, ধনেপাতা কুচি আন্দাজমতো, লবণ স্বাদমতো, তেল দেড় টেবিল চামচ।
প্রণালি: টমেটো ছোট কিউব করে কেটে নিন। শজনেগুলো অল্প লবণ দিয়ে ভাপিয়ে নিন। পানিটা রেখে দিন। প্যানে তেল গরম করে জিরা ফোড়ন দিন। জিরা ফাটা শুরু করলে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিন। তারপর একে একে হলুদ-মরিচ গুঁড়া, রসুন বাটা, জিরা গুঁড়া আর লবণ দিয়ে কষান। টমেটো দিয়ে আবারও অল্প কষান। টমেটো আধ ভাঙা হয়ে গেলে ভাপানো শজনে দিয়ে কষান। তারপর শজনে ভাপানো পানি দিয়ে দিন। শজনে সেদ্ধ হলে গা-মাখা মসলা থাকা অবস্থায় চিনি আর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন।

শজনে ইলিশ
উপকরণ: ইলিশ মাছ ৬ টুকরা, শজনে ডাঁটা ৩-৪টা (আঁশ ফেলে ২ ইঞ্চি টুকরা করে নেওয়া), মরিচ গুঁড়া আধা চা-চামচ, ধনে গুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ ৫-৬টা, লবণ স্বাদমতো, তেল পৌনে এক টেবিল চামচ।
প্রণালি: অল্প লবণ আর পানি দিয়ে শজনেগুলো ভাপিয়ে নিন। সেদ্ধ পানি রেখে দিন। ইলিশ মাছগুলো অল্প লবণ, হলুদ আর সামান্য তেল দিয়ে মাখিয়ে খুব হালকা করে ভেজে তুলে রাখুন। একই প্যানে পেঁয়াজ দিয়ে সোনালি করে ভেজে তাতে হলুদ-মরিচ গুঁড়া, ধনে গুঁড়া আর লবণ দিয়ে অল্প কষিয়ে নিন। এবার ভাপিয়ে রাখা শজনেগুলো দিয়ে ৩-৪ মিনিট কষিয়ে শজনে সেদ্ধ পানি থেকে প্রয়োজনমতো পানি দিয়ে দিন। শজনে প্রায় সেদ্ধ হয়ে এলে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে ঢেকে দিন এবং মাঝে ২-৩ বার উল্টে পাল্টে দিন। শজনে যেন ভেঙে না যায়। কাঁচা মরিচ দিয়ে একটু পর নামিয়ে নিন। ঝোলটা একটু পাতলাই হবে। চাইলে চুলা থেকে নামানোর আগে ধনেপাতা দিতে পারেন।

শজনে-আলু-চিংড়ি ঝোল
উপকরণ: চিংড়ি ১০-১২টা (মাঝারি আকারের), শজনে ৩টা (আঁশ ফেলে ২ ইঞ্চি করে টুকরো করে নেওয়া), আলু ২টা (লম্বা করে কেটে নেওয়া), পেঁয়াজ ১টা (ছোট আকারের, কুচি করে কাটা), হলুদ গুঁড়া প্রয়োজনমতো, মরিচ গুঁড়া আধা চা-চামচ, আস্ত জিরা আধা চা-চামচ, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ৩-৪টি, তেল ৩ টেবিল চামচ।
প্রণালি: চিংড়িতে লবণ-হলুদ মাখিয়ে খুব হালকা করে ভেজে তুলে নিন। একই প্যানে পেঁয়াজ সোনালি রঙের বেরেস্তা করে তুলে নিন। তারপর তেলের মধ্যে মরিচ গুঁড়া দিয়ে একটু নেড়ে হলুদ গুঁড়া দিয়ে দিন। তারপর শজনে, আলু আর লবণ দিয়ে একটু কষিয়ে গরম পানি দিয়ে ঢেকে দিন। অন্য প্যানে আধা চা-চামচ আস্ত জিরা তেল ছাড়া টেলে নিন। টালা জিরা আর ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা একসঙ্গে একটু পাতলা এবং মিহি করে বেটে নিন।
শজনে আর আলু সেদ্ধ হয়ে গেলে তাতে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিন। সঙ্গে কাঁচা মরিচ আর বেটে রাখা মসলার মিশ্রণ দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিন।

সরিষা শজনে
উপকরণ: শজনে ৪টা (আঁশ ফেলে ২ ইঞ্চি করে টুকরো করে নেওয়া), কালো সরিষা আধা চা-চামচ, পোস্তদানা ১ চিমটি, পেঁয়াজ ১টা (ছোট), রসুন ২-৩ কোয়া, হলুদ আধা চা-চামচ, কাঁচা মরিচ ৩-৪টা, কাঁচা আম ১ ফালি, লবণ স্বাদমতো, সরিষার তেল ২ টেবিল চামচ।
প্রণালি: শজনে, তেল, কাঁচা মরিচ আর লবণ বাদে বাকি সব উপকরণ পাটায় বেটে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। প্যানে তেল দিয়ে শজনে আর লবণ দিয়ে অল্প ভাজুন। এতে বেটে রাখা মসলার মিশ্রণ দিয়ে কষান। কষানো হয়ে গেলে গরম পানি দিয়ে রান্না করুন। শজনে সেদ্ধ হয়ে গেলে কাঁচা মরিচ দিয়ে গা-মাখা ঝোলসমেত নামিয়ে নিন।

মুগ-শজনে চচ্চড়ি
উপকরণ: শজনে ৪-৫টা (আঁশ ফেলে ২ ইঞ্চি করে টুকরো করে নেওয়া), মুগ ডাল ১৫০ গ্রাম, পেঁয়াজ ১টা (বড় আকারের, কুচি করে কাটা), হলুদ গুঁড়া এক চা-চামচের তিন ভাগের দুই ভাগ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, আদা বাটা আধা চা-চামচ, জিরা গুঁড়া আধা চা-চামচ, ধনে গুঁড়া এক চা চামচের তিন ভাগের এক ভাগ, কাঁচা মরিচ ৪-৫টা, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ঘি ১ চা-চামচ, তেল ২ টেবিল চামচ।
প্রণালি: মুগ ডাল লাল করে টেলে ভালো করে ধুয়ে নিন। প্যানে তেল গরম করে পেঁয়াজ সোনালি করে ভেজে একে একে মরিচ-হলুদ গুঁড়া, আদা-রসুন বাটা, ধনে-জিরা গুঁড়া আর লবণ দিয়ে কষান। মসলা কষানো হয়ে গেলে মুগ ডাল দিয়ে আবারও একটু কষান। তারপর অল্প করে গরম পানি দিয়ে ঢেকে দিন সেদ্ধ হওয়ার জন্য। একবারে বেশি করে পানি না দিয়ে অল্প অল্প করে গরম পানির ব্যবহার করতে হবে। ডাল আধা সেদ্ধ হয়ে এলে শজনে দিয়ে দিন। ডাল এবং শজনে দুটোই ভালো ভাবে সেদ্ধ হবে কিন্তু ভাঙবে না। কাঁচা মরিচ, ধনেপাতা আর ১ চা-চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নিন।

নারকেল দুধে শজনে
উপকরণ: শজনে ৪টি (আঁশ ফেলে ২ ইঞ্চি করে টুকরো করে নেওয়া), নারকেল দুধ আধা কাপ (ঘন), নারকেল কোরানো ১ টেবিল চামচ, পেঁয়াজ সেদ্ধ করে বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা আধা চা-চামচ, হলুদ গুঁড়া এক চা-চামচের একটু কম, গরম মসলার গুঁড়া সিকি চা-চামচ, কাঁচা মরিচ ২-৩টা, লবণ স্বাদমতো, তেল ১ টেবিল চামচ।
প্রণালি: শজনে অল্প লবণ দিয়ে ভাপিয়ে পানি ঝরিয়ে নিন। প্যানে তেল গরম করে বাটা পেঁয়াজ, রসুন, গরম মসলার গুঁড়া আর লবণ দিয়ে কষিয়ে ভাপানো শজনে দিয়ে খানিকটা সময় কষিয়ে নিন। এবার গরম পানি আর কোরানো নারকেল দিয়ে ঢেকে দিন। শজনে সেদ্ধ হয়ে গেলে ঘন নারকেল দুধ আর আস্ত কাঁচা মরিচ দিয়ে ঝোল কমিয়ে গা-মাখা গ্রেভি থাকতে নামিয়ে নিন। এই তরকারিটা খানিকটা মিষ্টি স্বাদের হবে। কিন্তু ঝাল পছন্দ করলে কষানোর সময় এতে শুকনো মরিচ গুঁড়া দিয়ে তরকারির স্বাদে পরিবর্তন আনতে পারেন।

শজনে-চ্যাপা শুঁটকির তরকারি
উপকরণ: শজনে ৩-৪টা (আঁশ ছাড়িয়ে ১ ইঞ্চি করে টুকরো করে কাটা), চ্যাপা শুঁটকি ৫-৬টা, পেঁয়াজ ৪-৫টা (কুচি), হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, রসুন ২০ কোয়া (আস্ত), আদা বাটা আধা চা-চামচ, জিরা গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ ৫-৬টা (ফালি করা), লবণ স্বাদমতো, তেল ৪-৫ টেবিল চামচ।
প্রণালি: চ্যাপা শুঁটকি হালকা গরম পানিতে ভিজিয়ে পরিষ্কার করে নিন। প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সাদা করে ভেজে নিন। একে একে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আদা বাটা, জিরা গুঁড়া আর আস্ত রসুনের কোয়া দিন। মসলাটা ভালো করে কষিয়ে শুঁটকি দিয়ে দিন। কষানো হলে শজনে আর লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষান। শুঁটকি বা শজনে ভেঙে গেলে কোনো সমস্যা নেই, বরং তাতে স্বাদ বাড়বে। কষানো শেষে অল্প গরম পানি দিয়ে ঢেকে দিন। শজনে সেদ্ধ হয়ে একদম ভুনা ভুনা হয়ে গেলে কাঁচা মরিচ ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে নিন।

শজনের সপ্তপদী নিরামিষ
উপকরণ: শজনে ২-৩টা ((আঁশ ছাড়িয়ে ২ ইঞ্চি করে টুকরো করে কাটা), ফুলকপি ১ কাপ (ডুমো করে কাটা), বরবটি ১ কাপ (১ ইঞ্চি করে টুকরো করা), পটোল ১ কাপ (বিচি ফেলে সিকি ইঞ্চি করে কাটা), আলু ১ কাপ (কিউব করে কাটা), মিষ্টি কুমড়া ১ কাপ (কিউব করে কাটা), পেঁপে ১ কাপ (পাতলা করে কাটা), পেঁয়াজ ১টা (কুচি), রসুন বাটা আধা চা-চামচ, আদা বাটা আধা চা-চামচ, পাঁচফোড়ন আধা চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ ৪-৫টা (ফালি), ধনেপাতা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ঘি ১ চা-চামচ, তেল ৩ টেবিল চামচ।
প্রণালি: শজনে অল্প লবণ দিয়ে ভাপিয়ে নিন। প্যানে তেল গরম করে পাঁচফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে ভাজুন। পেঁয়াজে সোনালি রং ধরলে একে একে হলুদ গুঁড়া, রসুন-আদা বাটা আর লবণ দিয়ে কিছুক্ষণ কষান। কষানো শেষে অল্প গরম পানি দিয়ে তাতে প্রথমে আলু আর পেঁপে দিয়ে দিন। ৫-৬ মিনিট পর দিন ফুলকপি আর পটোল। এই সবজি গুলো মোটামুটি ৮০ ভাগের মত সেদ্ধ হয়ে এলে বরবটি, শজনে আর মিষ্টি কুমড়া দিয়ে দিন। সবজি সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজনে এতে আরও গরম পানি দেওয়া যেতে পারে। সেদ্ধ হয়ে পানি প্রায় শুকিয়ে এলে ফালি করে কাটা কাঁচা মরিচ, ধনেপাতা আর ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিন।