স্বাদে গন্ধে গরুর মাংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরুর মাংস নানাভাবেই রান্না করা যায়। কখনো কখনো স্বাদে যেমন বৈচিত্র্য আনা যায়, তেমনি গন্ধেও আনা যায় ভিন্নতা। গরুর মাংসের তেমনই কিছু রেসিপি থাকছে এখানে।  রেসিপি: সিতারা ফিরদৌস

ছবি: সুমন ইউসুফ
ছবি: সুমন ইউসুফ

মিট ফ্লাগ

উপকরণ: ময়দা আধা কাপ, টোস্ট বিস্কুটের গুঁড়া ১ কাপ, বড় ডিম ১টি, মাখন ৫০ গ্রাম ও লবণ সিকি চা-চামচ।
ফিলারের জন্য: মাংসের সেদ্ধ কিমা ১ কাপ, পনির আধা কাপ, ডিম ২টি, মোজারোলা চিজ আধা কাপ, টমেটো সস ৪ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, পেঁয়াজ কুচি সিকি কাপ, কাঁচা মরিচ কুচি ১ চা-চামচ, পুদিনাপাতার কুচি দুই টেবিল চামচ, গরমমসলার গুঁড়া আধা চা-চামচ, বেকিং পাউডার ১ চা-চামচ ও ক্যাপসিকাম বিভিন্ন রঙের।

প্রণালি: ময়দা, মাখন, লবণ একসঙ্গে ভালো করে ময়ান দিয়ে টোস্টের গুঁড়া মিশিয়ে ডিম দিয়ে মাখতে হবে। প্রয়োজনে সামান্য পানি দিয়ে মেখে গ্রিজ করা ফ্ল্যান ডিশে সেট করে ১৮০ সেলসিয়াস তাপমাত্রায় ১৫ মিনিট বেক করে ফিলারের উপকরণ দিয়ে ২০-২৫ মিনিট বেক করে নিতে হবে। ডিমের সাদা অংশ অর্ধেক চিজ, অর্ধেক সস বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মাখিয়ে ফোম করে মাংসের মিশ্রণ ভাঁজে মিলিয়ে ফ্ল্যান ডিশে ঢেলে বেক করে চিজ ও সস দিয়ে আরও ২ মিনিট বেক করে পছন্দমতো রঙের ক্যাপসিকাম দিয়ে পরিবেশন করতে হবে।

ছবি: সুমন ইউসুফ
ছবি: সুমন ইউসুফ

বিফ রাগু
উপকরণ: হাড় ছাড়া গরুর মাংস ছোট করে কাটা ৫০০ গ্রাম, গরুর মাংসের কিমা ৫০০ গ্রাম, টমেটোর খোসা বাদ দিয়ে ছোট করে কাটা ২ কাপ, টমেটো পিউরি আধা কাপ, রেড চিলি পেস্ট ২ টেবিল চামচ, লাল ক্যাপসিকাম ছোট করে কাটা ১টি। গাজরকুচি আধা কাপ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন কিমা ২ টেবিল চামচ, লাল ভিনেগার কাপের চার ভাগের তিন ভাগ, জলপাই তেল ৩ টেবিল চামচ, পাপরিকা ১ চা-চামচ, অরিগ্যানো ২ চা-চামচ, চিনি ২ চা-চামচ, লবণ পরিমাণমতো, সেদ্ধ পাস্তা ২ কাপ, পারমিজান চিডা ২ টেবিল চামচ ও পার্সলে কুচি ২ টেবিল চামচ।
প্রণালি: জলপাই তেল গরম করে রসুন, পেঁয়াজ ভেজে মাংস দিয়ে অল্প আঁচে রান্না করতে হবে। মাংস সেদ্ধ হয়ে এলে গাজর, মাংসের কিমা, টমেটো কুচি, টমেটো পিউরি, রেড ভিনেগার, ক্যাপসিকাম দিয়ে নাড়তে হবে। পাস্তা, পারমিজন চিডা, পার্সলে বাদে বাকি উপকরণ পর্যায়ক্রমে দিতে হবে আর নাড়তে হবে। ঘন হয়ে এলে সেদ্ধ পাস্তা, পারমিজন চিডা, পার্সলে কুচি দিয়ে পরিবেশন করুন।

গরুর মাংসের কোরমা।ছবি: সুমন ইউসুফ
গরুর মাংসের কোরমা।ছবি: সুমন ইউসুফ


গরুর মাংসের কোরমা
উপকরণ: গরুর মাংস ২ কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, তেল আধা কাপ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, আদাবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, গোলাপজল ১ টেবিল চামচ, টক দই আধা কাপ, মিষ্টি দই ২ টেবিল চামচ, এলাচি ৬টি, দারুচিনি ৮ টুকরা, ঘি ২ টেবিল চামচ, কিশমিশ ২ টেবিল চামচ, আলুবোখারা ৮-১০টা, লবঙ্গ ৬-৭টি, বড় এলাচি দুটি, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ ও মরিচ গুঁড়া আধা চা-চামচ।
প্রণালি: মাংস টকদইয়ে মাখিয়ে ১ ঘণ্টা রাখতে হবে। ঘি তেল গরম করে পেঁয়াজ লাল করে ভেজে সব বাটা মসলা, গুঁড়া মসলা কষিয়ে মাংস দিয়ে ২-৩ বার কষিয়ে গরম পানি দিয়ে মাংস রান্না করতে হবে। মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে এলে আলুবোখারা, কিশমিশ দিয়ে কিছুক্ষণ দমে রেখে নামাতে হবে।

ছবি: সুমন ইউসুফ
ছবি: সুমন ইউসুফ

মিটবল উইথ চিজ

উপকরণ: মাংসের মিহি কিমা ৫০০ গ্রাম, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ময়দা ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, লেবুর রস ১ টেবিল চামচ, আদাবাটা আধা চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, পনির গুঁড়া (মোজারোলা) ৩ টেবিল চামচ, ডিম ১টি, কাপরিকা ১ চা-চামচ, মরিচ ভাজা গুঁড়া আধা চা-চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, ব্রেড ক্রাম ১ কাপ।

প্রণালি: ব্রেড ক্রাম ও ডিম বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মাখিয়ে গোল গোল করে নিতে হবে। ডিম ফেটিয়ে মিটবল ডিমে ডুবিয়ে ব্রেডক্রামে গড়িয়ে কাবাব স্টিকে গেঁথে বেকিং ট্রেতে সাজিয়ে প্রিহিটেড ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াসে বেক করতে হবে।