স্বাভাবিকের তিন গুণ জাঙ্কফুড খায় তারা!
অস্ট্রেলিয়ায় প্রাপ্তবয়স্ক প্রতি তিনজনে দুজন এবং চারজন শিশুর মধ্যে একজন মুটিয়ে যাওয়ার শিকার। এই স্থুলতার প্রধান কারণ হলো সেখানকার মানুষ স্বাভাবিকের তিনগুন তেল, চর্বি ও মশলাবহুল জাঙ্কফুড খায়।
এসব খাবারের প্রতি অস্ট্রেলীয়রা এতটাই আসক্ত হয়ে পড়েছে যে, প্রধান খাবারের পাশাপাশি টুকটাক নাশতা হিসেবে মানুষ সাধারণত যে জাঙ্কফুড (চকলেট, কেক, পিৎজা, বার্গারজাতীয় ফাস্টফুড) খায় সেটাই তাদের প্রধান খাবার হয়ে দাড়িয়েছে। সেখানকার মানুষ প্রতি বছর গড়ে ৩২ কেজি চকলেট বা চকলেট সমৃদ্ধ খাবার খায়।

দেশটির সরকারি প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ৪০ হাজার লোকের ওপর জরিপ চালিয়ে এ তথ্য জানিয়েছে। বিবিসির এক খবরে এ খবর জানানো হয়েছে।
কমনওয়েলথ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন (সিএসআইআরও) জানিয়েছে, অস্ট্রেলিয়ার নাগরিকেরা প্রতিদিন স্বাভাবিক মাত্রার চেয়ে তিনগুণ বেশি ফাস্ট ফুডের মতো ভারী খাবার খায়।
সিএসআইআরও-এর হেলদি ডায়েট জরিপে অস্ট্রেলিয়া ১০০ নম্বরের মধ্যে ৬১ পেয়েছে।
সিএসআইআরও-এর পরিচালিত গবেষণার পরিচালক অধ্যাপক মাননি নোয়াকেস বলেন, ‘সবকিছু মিলিয়ে যে স্কোর এসেছে তা তেমন সন্তোষজনক নয়। আমরা যদি খাদ্যাভ্যাসের মান নিয়ে রিপোর্ট কার্ড দিই তাহলে অস্ট্রেলিয়া সেখানে ‘সি’ গ্রেড পাবে।’
অধ্যাপক নোয়াকেস জাঙ্কফুড বলতে যেসব খাবার সাধারণত কোনো উৎসব অনুষ্ঠানে খাওয়া হয় যেমন চকলেট, কেক এবং ফাস্ট ফুড ইত্যাদিকে বুঝিয়েছেন। আর এসব খাবার গ্রহণের কারণে দিন দিন অস্ট্রেলিয়ায় স্থূল মানুষের সংখ্যা বাড়ছে।
অধ্যাপক নোয়াকেস বলেন, জাঙ্কফুড শখের বশে টুক টাক খাবার হিসেবে খাওয়া হয়। কিন্তু অস্ট্রেলীয়দের কাছে ধীরে ধীরে এটিই প্রধান খাবার হয়ে উঠছে। তিনি বলেন, অস্ট্রেলিয়ানদের উচিত প্রতি কামড়ে তারা কী খাচ্ছে সে বিষয়ে আরও মনোযোগী হওয়া।