
চট্টগ্রামে গিয়ে মেজবানি মাংস খেয়েছেন কিংবা সিলেটে গিয়ে সাতকরার রান্না! বাংলাদেশের একেক অঞ্চলে আছে বিশেষ বিশেষ খাবার, যে খাবারগুলোর সঙ্গে এক হয়ে গেছে সেই অঞ্চলের নাম। তেমনি হাওর অঞ্চলের হাঁস রান্নার মজাই আলাদা। বিশেষ এই রান্নার রেসিপি দিয়েছেন কিশোরগঞ্জের সিলভী আজিজ
উপকরণ
হাঁসের মাংস ২ কেজি, তেল ৪ টেবিল চামচ, পেঁয়াজবাটা ৪ টেবিল চামচ, রসুনবাটা ২ টেবিল চামচ, আদাবাটা ২ টেবিল চামচ, জিরাবাটা ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, ধনে গুঁড়া ২ টেবিল চামচ, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, এলাচি ৮-১০ টি, দারুচিনি ৫-৬ টুকরা, তেজপাতা ৫-৬ টি, গরমমসলার গুঁড়া ২ টেবিল চামচ ও লবণ পরিমাণমতো।
প্রণালি

চুলায় পাত্র বসিয়ে ৪ টেবিল চামচ তেল দিন। তারপর কুচানো পেঁয়াজ দিন। পেঁয়াজ একটু বাদামি হয়ে এলে একে একে সব বাটা মসলা দিন। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া এবং অল্প একটু পানি দিয়ে মসলা কষিয়ে নিন। মসলা কষানো হলে মাংসগুলো ঢেলে দিন। মাংস মসলার সঙ্গে নেড়ে দিন। তারপর মাঝারি আঁচে ৩০-৪০
মিনিট রান্না করেন। মাঝেমধ্যে ঢাকনা খুলে নেড়ে দিন। কিছুক্ষণ জ্বাল হওয়ার পর এলাচি ও দারুচিনি দিন। কোনো রকম পানি দেবেন না, কষানোর সময় যেটুকু পানি উঠবে, তা দিয়েই সেদ্ধ হবে। নামানোর কিছুক্ষণ আগে এলাচি ও দারুচিনি ভেঙে গুঁড়া করে তাতে ঢেলে দেবেন। ফুটে উঠলে নামিয়ে ফেলবেন। বলে রাখা ভালো, হাঁসের মাংসে প্রচুর তেল থাকে, তাই কেউ চাইলে তেল কম দিতে পারেন। ওপরে তেল উঠে এলে চুলা থেকে নামিয়ে সার্ভিসিং ডিশে মাংস ঢেলে ওপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করুন। এই হাঁসের মাংস, চালের আটার রুটি বা ছিটা রুটির সঙ্গে খেতে বেশ সুস্বাদু।