হালের হালুয়া
>

শবে বরাতে রুটির সঙ্গে হালুয়ার আয়োজন থাকে অনেক বাড়িতেই। একই হালুয়ার স্বাদ বদলে যায় রান্নার হাতের গুণে। নতুন স্বাদ আর গন্ধে ভরা নানা রকম হালুয়ার রেসিপি দিয়েছেন সিতারা ফিরদৌস

মাসকাট হালুয়া
উপকরণ
কর্নফ্লাওয়ার ১ কাপ, পানি ২ কাপ, চিনি আড়াই কাপ, ঘি আধা কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, কেওড়া ১ টেবিল চামচ, জাফরান আধা চা-চামচ, পেস্তা, আমন্ড ও কাজুবাদাম ৩ টেবিল চামচ এবং খাবার রং পছন্দমতো।
প্রণালি
কর্নফ্লাওয়ার পানিতে গুলে চিনি ও ২ টেবিল চামচ ঘি দিয়ে মাঝারি জালে রান্না করতে হবে। লেবুর রস ও ১ টেবিল চামচ ঘি দিয়ে নাড়তে হবে। জাফরান কেওড়ার জলে ভিজিয়ে হালুয়ায় দিন। মাঝে মাঝে অল্প করে ঘি দিতে হবে আর নাড়তে হবে। হালুয়া কড়াইয়ের গা ছেড়ে এলে অর্ধেক বাদাম কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ২ ইঞ্চি উঁচু, চারকোনা ৬ ইঞ্চি মল্ডে ঘি লাগিয়ে হালুয়া ঢেলে সমান করে ওপরে বাদাম ছিটিয়ে ঠান্ডা করুন। পছন্দমতো টুকরা করে পরিবেশন করতে হবে।

ডিম-ছানার হালুয়া
উপকরণ
ডিম ৪টা, ঘনদুধ আধা কাপ, চিনি ১ কাপ, ঘি আধা কাপ, ছানা আধা কাপ, আইসিং সুগার ৪ টেবিল চামচ, এলাচ গুঁড়া ১ চা চামচ, কেওড়া ১ টেবিল চামচ এবং কিশমিশ ও পেস্তা বাদাম আধা কাপ।
প্রণালি
ছানা, আইসিং সুগার, আধা চা-চামচ এলাচ গুঁড়া একসঙ্গে মিলিয়ে রাখতে হবে। ডিম ফেটিয়ে দুধ, চিনি, ঘি আধা চা-চামচ এলাচ গুঁড়া, কেওড়া একত্রে মিলিয়ে অল্প জালে চুলায় দিন। নাড়তে নাড়তে ডিম জমাট বেঁধে এলে ছানা দিয়ে আবার নাড়তে হবে। মিহিদানার মতো হলে বাদাম কিশমিশ মিশিয়ে নামাতে হবে।

ছোলার ডালে জাফরানি হালুয়া
উপকরণ
ছোলার ডাল ৫০০ গ্রাম, চিনি ১ কেজি, মাওয়া ২০০ গ্রাম, ঘি ১৫০ মিলিলিটার, এলাচ গুঁড়া ১ চা-চামচ, ফ্রেশ ক্রিম আধা কাপ, জাফরান ১ চা-চামচ, কেওড়া ২ টেবিল চামচ, কিশমিশ টেবিল চামচ, পেস্তা ১ টেবিল চামচ, আমন্ড ১ টেবিল চামচ, কাজুবাদাম ১ টেবিল চামচ।
মাওয়া বানানোর প্রণালি
১ লিটার দুধ জ্বাল দিয়ে ঘন হলে ভিনেগার দিয়ে ছানা কেটে ১ টেবিল চামচ ময়দা মিশিয়ে ছানার পানিসহ ছানা শুকিয়ে রাখতে হবে।
প্রণালি
৪ টেবিল চামচ ঘি ও ডাল কিছুক্ষণ ভেজে অল্প অল্প করে চিনি দিয়ে নাড়তে হবে। কেওড়া জলে জাফরান ভিজিয়ে দিন। মাওয়া, এলাচ গুঁড়া দিয়ে নাড়ুন। হালুয়া কড়াইয়ের গা ছেড়ে এলে অর্ধেক বাদাম ও কিশমিশ আর বাকি ঘি দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করুন। বড় খাঞ্চায় হালুয়া ঢেলে সমান করে ওপরে বাকি বাদাম কিশমিশ ছড়িয়ে দিয়ে ঠান্ডা হলে পছন্দমতো টুকরো করে নিয়ে নিন।

বোম্বে আইস হালুয়া
উপকরণ
দুধ ২ কাপ, চিনি ১ কাপ, সুজি সিকি কাপ, ঘি আধা কাপ, জাফরান সামান্য, খাবার রং পছন্দমতো, এলাচ গুঁড়া আধা চা-চামচ এবং পেস্তা, আমন্ড ও কাজুবাদাম কুচি আধা কাপ।
প্রণালি
ননস্টিক কড়াইতে দুধ ও সুজি একসঙ্গে মিলিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। চিনি ও সিকি কাপ ঘি দিয়ে চুলায় মাঝারি জ্বালে রান্না করতে হবে আর নাড়তে হবে। জাফরান দিন। সাদা রাখতে না চাইলে পছন্দমতো খাবার রং দেওয়া যায়। ঘন হয়ে এলে অল্প জালে নাড়াচাড়া করতে হবে আর ১ চামচ করে বাকি ঘি দিতে হবে। এলাচ গুঁড়া দিন। হালুয়া কড়াইয়ের গা ছেড়ে এলে অ্যালুমিনিয়াম ফয়েলের ওপর হালুয়া ঢেলে হালুয়ার ওপর ক্লিয়ার ফয়েল রেখে বেলুনি দিয়ে পাতলা করে বেলে নিন। এবার ক্লিয়ার ফয়েল সরিয়ে ওপরে বাদাম কুচি ছড়িয়ে দিন। বেলুনি দিয়ে আবার একটু বেলে ৩ থেকে ৪ ঘণ্টা রেখে আড়াই ইঞ্চি মাপে কেটে পরিবেশনের সময় ওএক্স পেপার বা পারচমেন্ট পেপার কেটে তার ওপর হালুয়া রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।

কাজু-গাজরের চকলেট বরফি
উপকরণ
গ্রেট করা গাজর ১ কেজি, কাজু ২৫০ গ্রাম, হোয়াইট চকলেট ২০০ গ্রাম, ঘনদুধ ১ কাপ, চিনি ৬০০ গ্রাম, এলাচ গুঁড়া আধা চা-চামচ, ঘি আধা কাপ এবং আমন্ড ও কাজু কুচি ৪ টেবিল চামচ।
প্রণালি
কাজু অল্প টোস্ট করে গ্রাইন্ডার অথবা শিলপাটায় গুঁড়া করে রাখতে হবে। গাজর আধা সেদ্ধ হলে দুধ দিয়ে আবার সেদ্ধ করে শুকিয়ে নিতে হবে। চিনি ১ কাপ পানি দিয়ে ঘন সিরা করে ঘি ও গাজর দিয়ে ভুনতে হবে। এলাচ গুঁড়া, কাজু গুঁড়া দিয়ে নাড়তে হবে। হালুয়া পাক খেয়ে এলে অর্ধেক বাদাম কুচি, সাদা চকলেট গুঁড়া করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে খাঞ্চায় ঢেলে নিন। বাকি বাদাম ছড়িয়ে দিয়ে সমান করে ঠান্ডা হলে বরফি আকারে কেটে নিতে হবে।