হেমন্তের পিঠা-পায়েস
নতুন চাল ও গুড় বাজারে উঠছে। পিঠা-পায়েসের এই তো সময়। শাহানা পারভীন দিয়েছেন কয়েক রকম পিঠার রেসিপি।

ফুলঝুরি পিঠা
উপকরণ: আতপ চালের মিহি গুঁড়া ১ কাপ, লবণ সামান্য, চিনি ১ টেবিল চামচ, তেল ভাজার জন্য।
প্রণালি: চালের গুঁড়ায় লবণ ও পরিমাণমতো পানি দিয়ে গোলা তৈরি করে নিন। ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে হাত দিয়ে গোলা ছড়িয়ে দিন। একটু সেঁকে ভাঁজ করে তুলে নিন। কড়া রোদে শুকিয়ে নিন। খাওয়ার আগে ডুবোতেলে ভেজে ওপরে চিনি ছড়িয়ে পরিবেশন করুন।

গোলাপ বাগ
উপকরণ: চালের গুঁড়া বা ময়দা ২ কাপ, লবণ সামান্য, ঘন শিরা ১ কাপ, গুঁড়া দুধ আধা কাপ, তেল ভাজার জন্য।
প্রণালি: পরিমাণমতো পানি ও গুঁড়া দুধ জ্বাল দিন চুলায়। এতে চালের গুঁড়া বা ময়দা দিয়ে মণ্ড তৈরি করে নিন। এবার নামিয়ে গোলাপ আকারে কেটে নিন। ডুবোতেলে ভেজে শিরা ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।

চুষি পায়েস
উপকরণ: আতপ চালের গুঁড়া ২৫০ গ্রাম, দুধ আধা লিটার, খেজুর গুড় ১ কাপ, পানি পরিমাণমতো, লবণ এক চিমটি।
প্রণালি: কড়াইয়ে পরিমাণমতো পানি ও লবণ দিয়ে ফোটান। এতে ২০০ গ্রাম চালের গুঁড়া দিয়ে মণ্ড তৈরি করে নিন। এবার নামিয়ে রুটি বেলার পিঁড়িতে অল্প করে মণ্ড নিয়ে লম্বা লতার মতো বানিয়ে নিন। তা থেকে ছোট করে কেটে চুষি তৈরি করে নিন। এবার সসপ্যানে দুধ ও গুড় জ্বাল দিয়ে তাতে চুষিগুলো দিয়ে ফোটান। একটু ঘন হলে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।

কড়ি পিঠা
উপকরণ: চালের গুঁড়া ১ কাপ, গুড় আধা কাপ, নারকেলবাটা ১ টেবিল চামচ, চিনির ঘন শিরা ১ কাপ, তেল ভাজার জন্য, নতুন চিরুনি ১টি, ছোট ঢাকনা ১টি।
প্রণালি: কড়াইয়ে পানি (১ কাপ), গুড় ও নারকেল দিয়ে জ্বাল দিন। এবার চালের গুঁড়া দিয়ে মণ্ড তৈরি করে নিন। রুটি বেলার পিঁড়িতে মণ্ড দিয়ে রুটি বেলে নিন। এতে চিরুনি দিয়ে দাগ কেটে নকশা করে নিন। এবার ছোট ঢাকনা দিয়ে কেটে কড়ি আকারে পিঠা তৈরি করে ডুবোতেলে ভেজে নিন। নামিয়ে ঘন শিরায় কিছুক্ষণ রেখে তুলে নিন।
ঢাকনাযুক্ত বয়ামে ভাজা পিঠা সংরক্ষণ করে বেশ কিছুদিন ধরে খেতে পারেন।