১৬ আনা বাঙালিয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের পছন্দের বাঙালি খাবার রান্না করলেন সাদি মহম্মদ। পরিবেশনও করলেন। ছবি: খালেদ সরকার
নিজের পছন্দের বাঙালি খাবার রান্না করলেন সাদি মহম্মদ। পরিবেশনও করলেন। ছবি: খালেদ সরকার

সাদি মহম্মদ, রবীন্দ্রসংগীতশিল্পী। গানের বাইরে রান্না করতে ভালোবাসেন। নিয়মিত তাই নানা ধরনের খাবার তৈরি হয় তাঁর হেঁশেলে। সেখান থেকেই বাঙালির চেনা উপকরণ দিয়ে বর্ণিল খাবারদাবারের জন্য রাঁধলেন কয়েক পদ

১৬ আনা বাঙালিয়ানা
তাঁর মায়ের রান্না চমৎকার। মাকে দেখে দেখে তাঁরও হয়েছে হেঁশেলে রাঁধার শখ। গানের পর রান্নাবান্না করতে সবচেয়ে বেশি ভালোবাসেন রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদ।
রাজধানীর মোহাম্মদপুরে নিজের বাড়িতে বসে সাদি মহম্মদ জানালেন, তিনি ভালোবাসেন দেশি উপকরণে রান্না করতে। তবে তা নিজস্ব ঢঙে। সেদিনও তিনি রান্না করছেন। দেখেই বোঝা গেল তাঁর রান্নায় ১৬ আনা বাঙালিয়ানাই ফুটে ওঠে। খাবার সাজানো আর ছবি তোলার ফাঁকে ফাঁকে বললেন, ‘মাকে দেখে, মায়ের রান্না চেখে খুন্তি-কড়াই হাতে তুলে নিয়েছি। ভালোবাসা থেকেই রান্না করি। এখন মাকে বিশ্রাম দিয়ে নিজেই রান্না করি বাঙালি সব পদ।’
রান্না করতে যেমন পছন্দ করেন, তেমনি সাদি মহম্মদ আনন্দ পান নিজের রান্না অন্যদের খাইয়ে। বলেন, ‘ভালো লাগে যখন রান্নাঘরের গরমে ঘেমে-নেয়ে খাবার তৈরির পর সবাই চেটেপুটে খায়।’
সাদি মহম্মদের প্রিয় রান্না মাখা মসলায় রুই। বলেন, এটা তাঁদের পরিবারের সাবেকি রান্নার একটি। তাঁর মা, নানি, এমনকি নানির মুখে শুনেছেন, নানির মা নাকি এভাবে রুই মাছ রান্না করতেন। আবার প্রতি ঈদে নিজের হাতে আচারি মাংস রান্না করেন সাদি মহম্মদ। বললেন, ‘আচারি মাংস হলেও এতে মোটেও আচার ব্যবহার করা হয় না।’
পারিবারিকভাবে যেসব রান্নার রেসিপি পেয়েছেন, সেগুলোতেও নতুনত্ব আনেন সাদি মহম্মদ। কিছু যোগ-বিয়োগ করার কারণে আসে বৈচিত্র্য। এই গুণী শিল্পীর হাতের রান্নায় নিজস্ব একটা স্টাইল যে আছে, তা তো খাবার দেখেই বোঝা যায়।

মাখা মসলায় রুই
মাখা মসলায় রুই

সাদি মহম্মদের দেওয়া কয়েকটি রেসিপি
মাখা মসলায় রুই
উপকরণ: অর্ধেক করে কাটা রুই মাছের পেটি ৬টি, বড় ৩-৪ কোয়া রসুন থেঁতো, সরিষার তেল ২ টেবিল চামচ, সয়াবিন তেল ২ টেবিল চামচ, পেঁয়াজবাটা ১ টেবিল চামচ, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, জিরার গুঁড়া ১ চা-চামচ, লবণ, গোলমরিচের গুঁড়া, হলুদ গুঁড়া ও শুকনা মরিচের গুঁড়া পরিমাণমতো, তেজপাতা ২টি।

প্রণালি: মাছ ভালো করে ধুয়ে তাতে পেঁয়াজকুচি, লবণ, আদা, রসুন, পেঁয়াজবাটা, জিরা, গোলমরিচ, শুকনা মরিচ ও হলুদ গুঁড়া সয়াবিন তেলে মেখে নিতে হবে। চুলায় পাত্রে সরিষার তেলে রসুন থেঁতো ও তেজপাতা দিয়ে ফোড়ন দিতে হবে। রসুন বাদামি হয়ে এলে তাতে মসলায় মাখানো মাছ ছেড়ে দিতে হবে। মসলা লাগা হাত ধুতে যতটুকু পানি ব্যবহার করবেন, সেই হাতঝরা পানিটুকু মাখানো মাছে দিয়ে দেবেন। ঢেকে দিন। খুন্তি ব্যবহার করা যাবে না, পাত্রটা কিছুক্ষণ পরপর নাড়িয়ে নিতে হবে যেন মসলা কিংবা মাছ পাত্রের তলায় লেগে না যায়। ঝোলটা মাখা মাখা ও মাছ সেদ্ধ হলে নামিয়ে নিন।

পোস্ত-আলু-ঝিঙে
পোস্ত-আলু-ঝিঙে

পোস্ত-আলু-ঝিঙে
উপকরণ: ২টি কাঁচা মরিচ ও ১ চিমটি লবণ দিয়ে পোস্তবাটা দেড় টেবিল চামচ, চার কোনা করে কাটা মাঝারি আকারের আলু ৪টি, ডুমু করে কাটা ঝিঙে ৬টি, কাঁচা মরিচ ৪টি, তেল ও লবণ পরিমাণমতো।

প্রণালি: পোস্তবাটা আগে ধুয়ে রোদে শুকিয়ে টেলে নিতে পারেন। তাতে এর বাসি গন্ধটা চলে যায়। হালকা লবণ দিয়ে ঝিঙে মাখিয়ে কিছুক্ষণ রেখে এর পানিটা ঝরিয়ে নিন। ঝিঙে ও আলু হালকা তেলে ভেজে আলাদা পাত্রে উঠিয়ে রাখতে হবে। রান্নার পাত্রে তেল ঢেলে তাতে পোস্তবাটা দিয়ে দিতে হবে। পোস্ত ভাজা-ভাজা হয়ে এলে আলু যোগ করে নিন। আলুটা নেড়ে পোস্তর সঙ্গে মেশাতে হবে। নাড়তে নাড়তে আলু লালচে ভাব ধরলে ঝিঙে দিয়ে দিতে হবে। ঝিঙে থেকে পানি উঠলে তাতে লবণ দিয়ে দিতে হবে। এরপর পাত্রটা ঢেকে রাখতে হবে। ঝিঙে ও আলু সেদ্ধ হতে হতে পাত্রের ঢাকনা খুলে দু-একবার নেড়ে নিলেই হবে। প্রায় হয়ে এলে কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিন। আবার ঢেকে দিন। মরিচের ঘ্রাণ ছড়ালে কিছুক্ষণ পর নামিয়ে নিন।

তেলে ভাজা লইট্যা
তেলে ভাজা লইট্যা

তেলে ভাজা লইট্যা

উপকরণ: মাথা ছাড়া লইট্যা মাছ ৬ টুকরা, লেবুর রস ১ টেবিল চামচ, আদার রস ২ চা-চামচ, রসুনের রস ২ চা-চামচ, কাঁচা মরিচবাটা ১ চা-চামচ, গোলমরিচের গুঁড়া পরিমাণমতো, এক কাপ ময়দায় ১ চিমটি লবণ, তেল পরিমাণমতো।

প্রণালি: মাছ ধুয়ে লেবু, আদা ও রসুনের রস, কাঁচা মরিচবাটা এবং গোলমরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে ঘণ্টাখানেক রেখে দিন। খাওয়ার আগে ময়দায় মাছের টুকরা গড়িয়ে ডুবোতেলে ভেজে নিন। সামুদ্রিক মাছ বলে লইট্যা এমনিতেই নোনা হয়। তাই মাছে লবণের প্রয়োজন নেই।

পুর ভরা কাঁকরোল
পুর ভরা কাঁকরোল

পুর ভরা কাঁকরোল
উপকরণ: কাঁকরোল ৬টি, ছোট একটা কোরানো নারকেল, সাদা সরিষা ১ চা-চামচ, কাঁচা মরিচ ২টি, লবণ পরিমাণমতো, তেল আধা কাপ, পানি দিয়ে গুলানো ময়দার লেই ১ কাপ।

প্রণালি: আস্ত কাঁকরোল লম্বা করে ফালি করে দুই ভাগ করতে হবে। ভাপে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ কাঁকরোল থেকে চামচ দিয়ে বিচিসহ মাঝের অংশ কুড়িয়ে নিতে হবে। এক টুকরা কাঁকরোল নৌকার মতো দেখাবে। কোরানো নারকেল, সাদা সরিষা, কাঁচা মরিচ ও লবণ একসঙ্গে বেটে নিতে হবে। এই বাটা মিশ্রণ কাঁকরোলের পুর হিসেবে ব্যবহার করতে হবে। কাঁকরোলে পুর ভরা হলে এর ওপর ময়দার লেই দিয়ে ঢেকে দিতে হবে। পাত্রে তেল গরম করে কাঁকরোল ভেজে নিন। লেই দেওয়া পাশটা আগে তেলে দেবেন। হয়ে এলে উল্টে আরেক পাশ ভেজে নিন। কাঁকরোলের বিচি ও বাকি অংশ ফেলে না দিয়ে তাতে পেঁয়াজ, মরিচ, তেল, লবণ চটকে ভর্তা তৈরি করতে পারেন।

আচারি মাংস
আচারি মাংস

আচারি মাংস

উপকরণ: খাসির মাংস ২ কেজি, পাঁচফোড়ন ১ টেবিল চামচ, ঘন টকদই ৭০০ গ্রাম, সরিষার তেল ১ পোয়া, লবণ পরিমাণমতো, শুকনা মরিচ ১০-১২টা, তেজপাতা ৪টি, দারুচিনি ছোট ৪টি, পেঁয়াজকুচি ১ কাপ, পেঁয়াজবাটা ১ টেবিল চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা দেড় টেবিল চামচ, জিরা, হলুদ ও মরিচ গুঁড়া পরিমাণমতো।

প্রণালি: তেল গরম করে তাতে শুকনা মরিচ, দারুচিনি ও তেজপাতা ভেজে নিতে হবে। এরপর এতে পাঁচফোড়ন ছেড়ে দিন। ক্রমাগত নাড়তে হবে, যেন পুড়ে না যায়। তখন আগুনের আঁচ মাঝারি হতে হবে। পাঁচফোড়ন ভাজা হলে তাতে পেঁয়াজকুচিও ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে এলে সব বাটা ও গুঁড়া মসলা ও লবণ দিতে হবে। কিছুক্ষণ পরপর অল্প পানি দিয়ে মসলা কষাতে হবে। তেল ভেসে উঠলে মাংস দিতে হবে। মাংসে পুরোটা মসলা ভালো করে মাখাতে হবে। এরপর এতে দই দিয়ে দিতে হবে। কিছুক্ষণ ক্রমাগত নেড়ে ঢেকে দিতে হবে। একটু পরপর ঢাকনা খুলে নেড়ে দেবেন, যেন তলায় লেগে না যায়। মাংস সেদ্ধ হয়ে রান্না প্রায় হয়ে এলে আরেকবার জিরা গুঁড়া দিতে হবে। আরেকটি পাত্রে ১ চা-চামচ মাখন কিংবা ঘি নিয়ে গরম করে তাতে ১ চা-চামচ পাঁচফোড়ন দেবেন। চুলার আঁচ সম্পূর্ণ বাড়িয়ে দেবেন, যেন পাঁচফোড়ন ফুটতে শুরু করে। ফুটতে শুরু করলে সঙ্গে সঙ্গে নামিয়ে তা পুরোটা মাংসে ঢেলে দিতে হবে। আরেকবার নেড়ে নামিয়ে পরিবেশন করুন।

গ্রন্থনা: সৈয়দা সাদিয়া শাহরীন