রোনালদোর এই প্রাক্তন যে কারণে এক রাতেই হারিয়েছিলেন কোটি ফলোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সাবেক প্রেমিকাদের ভেতর আছেন রুশ মডেল ইরিনা শায়েক। ২০০৯ সালে একটি বিজ্ঞাপন করতে গিয়ে ইরিনার সঙ্গে ক্রিস্টিয়ানোর প্রথম দেখা। দুজনেই তখন তরুণ। ইরিনার মাত্র ২৩ আর ক্রিস্টিয়ানো তাঁর চেয়ে এক বছরের বড়। সেখান থেকেই বন্ধুত্বের শুরু।

‘ভোগ’–এর প্রচ্ছদে উঠে এসেছিলেন এই জুটি
ছবি: সংগৃহীত

এর পর থেকে রোনালদোর ম্যাচে ইরিনাকে নিয়মিত দর্শকসারিতে দেখা যেত। গোলের পর রোনালদোও ইরিনা উদ্দেশে উদ্‌যাপন করতেন। ২০১১ সালের ভ্যালেন্টাইন ডেতে রোনালদো ইরিনাকে প্রেমিকা হওয়ার প্রস্তাব দেন। এর পর থেকে ২০১৫ সালের মাঝামাঝি পর্যন্ত রোনালদোর ক্যারিয়ারের সঙ্গে পাল্লা দিয়ে আলোচনায় ছিলেন এই সুপার মডেল ও টেলিভিশন ব্যক্তিত্ব।

২০১৫ সালের মাঝামাঝি এই জুটির বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের কারণ নিয়ে দুজনের কেউ-ই মুখ খোলেননি। তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম দুটি কারণকেই বারবার সামনে এনেছে। প্রথমত, রোনালদোর মায়ের সঙ্গে ইরিনার দূরত্ব। দুঃসহ ছেলেবেলা কাটানো, মাতাল বাবাকে হারানো, মায়ের লালন-পালনে তারকা হওয়া রোনালদো ‘বড় হওয়ার’ পরও মাকে ছাড়া কিছুই ভাবতে পারেন না। রোনালদোর এই ‘মামা’জ বয়’ বিষয়টাকে ইরিনার কাছে মোটেই ‘ম্যানলি’ বলে মনে হতো না। ফলে ইরিনার সঙ্গে রোনালদোর সম্পর্কের দূরত্ব বাড়ছিল। ২০১৫ সালে রোনালদোর মায়ের জন্মদিনের পার্টিতে যোগ দেননি ইরিনা। সেখান থেকে পাকাপাকিভাবে বিচ্ছেদ। দ্বিতীয়ত, ইরিনার সঙ্গে ‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসনের বন্ধুত্বকেও স্বাভাবিকভাবে নিতে পারেননি রোনালদো। ফলে বিচ্ছেদই ছিল এ সম্পর্কের চূড়ান্ত গন্তব্য।

এই বন্ধুত্বকে স্বাভাবিকভাবে নিতে পারেননি রোনালদো
ছবি: সংগৃহীত

বিচ্ছেদের পর দুজনই আবার হাইপ্রোফাইল সম্পর্কে জড়িয়েছেন। ২০১৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত স্প্যানিশ-আর্জেন্টাইন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মডেল জর্জিনা রদ্রিগেজের সঙ্গেই আছেন রোনালদো। ২০১৫ সালে যখন রোনালদো আর জর্জিনার প্রথম দেখা, তখন ২১ বছর বয়সী জর্জিনা বিশ্বখ্যাত ব্র্যান্ড গুচির আউটলেটে সেলস ক্লার্ক হিসেবে কাজ করতেন। রোনালদো গুচির ব্র্যান্ডের একটা এন্ডোর্সমেন্টের কাজ করতে গিয়ে তাঁদের প্রথম পরিচয়।

ইরিনা শায়েক
ছবি: ইনস্টাগ্রাম থেকে

এদিকে ইরিনা শায়েক হলিউড তাড়কা ব্র্যাডলি কুপারের সঙ্গে প্রেম করেন পাঁচ বছর। ২০১৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এই জুটির এক কন্যাসন্তান—লিয়া। বিচ্ছেদের পরও দুজনকে মাঝেমধ্যে একসঙ্গে দেখা যায়। কেননা তাঁরা কো-প্যারেন্টিং করছেন। সম্প্রতি এই তিনজন ইতালি থেকে ঘুরে এলেন।

ইরিনা, ব্র্যাডলি ও কন্যা লিয়া
ছবি: সংগৃহীত

রোনালদো আর ইরিনার বিচ্ছেদের পর ইরিনা তাঁর ইনস্টাগ্রাম থেকে রোনালদোর সব ছবি মুছে ফেলেন। যদিও রোনালদো তা করেননি। সেই সময় রাগের মাথার ইরিনা ঘোষণা দিয়েছিলেন যে যাঁরা তাঁকে কেবল রোনালদোর প্রেমিকা হিসেবে চেনে, তাঁরা যেন তাঁকে ‘দয়া করে’ আনফলো করে। ২৪ ঘণ্টার ভেতর ইরিনা কমপক্ষে ১১ মিলিয়ন অনুসারী বা ১ কোটি ১০ লাখ অনুসারী হারান। এরপর ইরিনার অনুসারী অবশিষ্ট ছিল মাত্র কয়েক লাখ।

ইরিনাকে এখনো মানুষ তাঁর পেশাগত জনপ্রিয়তার চেয়ে হাই প্রোফাইল সম্পর্কের কারণেই বেশি চেনে, বিশেষ করে রোনালদোর প্রাক্তন হিসেবে
ছবি: সংগৃহীত

মাঝে কিম কার্ডাশিয়ানের সাবেক জীবনসঙ্গী, র‍্যাপার কানায়ে ওয়েস্ট ও অস্কারজয়ী হলিউড তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিওর সঙ্গে ইরিনার নাম শোনা গিয়েছিল। এখন সাবেক মার্কিন ফুটবলার টম ব্র্যাডির সঙ্গে প্রেম করছেন ইরিনা।

কুপার আর শায়েকের এই ছবি এখন কেবলই স্মৃতি, তবে সন্তানের কারণে এখনো তাঁদের যোগাযোগ আছে
ছবি: সংগৃহীত