তরুণেরা কেন ‘নোনাম্যাক্সিং’য়ে ঝুঁকছে?

বিশ্বজুড়েই তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ‘নোনাম্যাক্সিং’। ধীরগতির এই জীবনধারায় কেন আগ্রহী হয়ে উঠছে তারা? আদতেই কি এতে প্রশান্তি মিলবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোনাম্যাক্সিং লাইফস্টাইলে স্নেহ, ভালোবাসা, বন্ধনের মতো বিষয়গুলো গুরুত্ব পায়
ছবি: পেক্সেলস

কী এক দুর্নিবার নেশার পেছনে যেন ছুটছে মানুষ। ভালোর থেকেও আরও ভালো কিছু চাই। সেরা হওয়া চাই। সামাজিক মাধ্যমেও নিজের প্রচার চাই। নিজেরা তো ছুটছেনই, শিশুদেরও এই দৌড়ে নামিয়ে দিচ্ছে বহু মানুষ। তবে সেরা হওয়া আর সেরা সবকিছু পাওয়ার এই অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসছেন এ যুগের তরুণেরা।

‘নোনাম্যাক্সিং’ কী?

‘নোনাম্যাক্সিং’য়ের ধারণাটা সামাজিক মাধ্যমের কল্যাণেই জনপ্রিয়তা পেয়েছে। এর মূলকথা হলো নানা-নানি, দাদা-দাদিদের সময়কার মতো বাঁচা, যখন জীবনের গতি ছিল অনেক ধীর। সেই জীবনে ছিল মিষ্টি হাসি, খুনসুটি, আড্ডা। পরিবারের জন্য সময় নিয়ে রান্না করতেন তখনকার মানুষেরা। সবাই মিলে আয়েশ করে খেতে বসতেন। আধুনিক যুগের মতো সারাটা ক্ষণ ‘কিসের যেন একটা তাড়া’ ছিল না সেই সময়।
লিখতে গিয়ে চোখে ভাসছে নানির সেলাইয়ের ফোঁড়ে আমাদের মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার সময়গুলো। স্মৃতির পাতা উল্টালে আপনিও নিশ্চয় এমন কোনো দৃশ্যের কথা মনে করতে পারবেন। উল বোনা, কুরুশকাঁটার কাজ, নানান ধাঁচের সেলাই, পিঠা বানানো—কত কী-ই না জানতেন সেই সময়ের মানুষগুলো। আয়েশ করে বই পড়ার সময়ও পেতেন তাঁরা। সেই জীবনটাকেই ফিরিয়ে আনছে ‘নোনাম্যাক্সিং’।

আরও পড়ুন
এই ধারায় মৃদু ছন্দে আপন গতিতে জীবন চলে
ছবি: পেক্সেলস

নাম কেন ‘নোনাম্যাক্সিং’?

‘নোনাম্যাক্সিং’ নামটা এসেছে এয়ারবিএনবিতে জনপ্রিয় হয়ে ওঠা ‘নোনাস হ্যান্ডমেড পাস্তা উইথ গ্র্যান্ডমা’ থেকে। ইতালির এই এয়ারবিএনবিতে আপনি স্থানীয় দাদি-নানিদের সঙ্গে সময় কাটাতে পারবেন। নিজের হাতে পাস্তা তৈরি করা শিখতে পারবেন। ঐতিহ্যবাহী পরিবেশে তাঁদের সঙ্গে বসে খেতেও পারবেন। দারুণ কিছু স্মৃতির সঙ্গে নিয়ে আসতে পারবেন মজাদার রেসিপিও। দাদি-নানিদের সময়কার মানুষদের মতো ধীরগতিতে নিজের জীবনকে চলতে দেওয়ার এই ধারার নামটাই হয়ে গেছে ‘নোনাম্যাক্সিং’।

কেমন এই জীবনধারা?

এই ধারায় জীবন চলে আপন গতিতে, মৃদু ছন্দে। প্রয়োজনের কাজটুকু সেরে নেওয়ার পর পাওয়া যায় সত্যিকারের ছুটি। মনটা যেন তখন একটা স্বাধীন পাখি।
পরিবারের জন্য কাজ করার সুখটাও খুঁজে পাওয়া যায়। রেডি টু কুক (রান্নার জন্য প্রস্তুত) খাবার নয়, সময় নিয়ে নিজ হাতে খাবার তৈরি করা এই জীবনধারার অংশ।
ডিজিটাল জীবনধারার অনেকটাই বিপরীতে এই ধারার অবস্থান। অবসর মানে মুঠোফোন স্ক্রল করা নয়, চ্যাট নয়, গেম নয়। বরং দাদি-নানিদের মতো আয়েশি ও সৃজনশীল কাজে সময় কাটানোর সুযোগ। হাঁটাহাঁটি আর বাগান করাও এর গুরুত্বপূর্ণ অংশ।
এই ধারায় মানুষের সঙ্গে মানুষের সরাসরি যোগাযোগ থাকে বেশি। সম্পর্কগুলো ক্যারিয়ারের চেয়ে গুরুত্ব পায় অনেক বেশি। সেরা হওয়ার ‘অসুস্থ ক্ষুধা’টাই তো এখানে নেই। এই ধারায় বেড়াতে গিয়েও ক্ষণে ক্ষণে পোশাক বদলে নানান ভঙ্গিতে ছবি তোলার অদ্ভুত কোনো নেশায় ডুবে সময় নষ্ট করা হয় না। দর্শনীয় স্থানে সেলফি তোলাটাও জরুরি নয়। তবে এসবের অর্থ কিন্তু এই নয় যে আপনি পুরোপুরি দাদি-নানিদের জীবনধারায় ফিরে যাবেন। বরং তাঁদের ধীরস্থির মানসিকতাটাকে ধারণ এবং প্রাণভরে জীবনকে উপভোগ করাই হলো মূলকথা।

দাদি-নানিদের ধীরস্থির মানসিকতাটাকে ধারণ এবং প্রাণভরে জীবনকে উপভোগ করাই হলো নোনাম্যাক্সিংয়ের মূলকথা
ছবি: পেক্সেলস

তরুণদের বৈশ্বিক ‘ট্রেন্ড’

এ বছর ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে ভ্রমণে যাওয়া জেন-জিদের মধ্যে ৭৬ শতাংশকেই ‘নোনাম্যাক্সিং’ অনুসরণ করতে দেখা গেছে। তাঁরা বেড়াতে গিয়েও দাদি-নানিদের মতো ধীরস্থিরভাবে সময় কাটাচ্ছেন। জাপানে ভ্রমণে যাওয়া বহু তরুণ তো ভ্রমণের সহায়তাকারী (গাইড) হিসেবে বেছে নিচ্ছেন সেখানকার দাদি-নানির বয়সী মানুষদের।

স্বাস্থ্যের জন্য কেমন

নিউ জার্সির পুষ্টিবিদ এরিন প্যালিনস্কি-ওয়েড জানান, বাড়িতে তৈরি করা খাবার স্বাস্থ্যকর। তা ছাড়া ‘নোনাম্যাক্সিং’ পদ্ধতি মেনে খাবার খাওয়াটা ‘মাইন্ডফুল ইটিং’য়েরও চর্চা। এটিও দেহের জন্য ইতিবাচক। অন্যের সঙ্গে ভাগাভাগি করে খাওয়াটা মনের জন্যও ভালো।
তবে ‘ট্রেন্ড’ অনুসরণ করতে গিয়ে সেটিই যাতে চাপ হয়ে না দাঁড়ায়, সেদিকেও খেয়াল রাখতে বললেন তিনি। বরং আধুনিক জীবনের বিভিন্ন অংশে পুরোনো দিনের সেই চর্চাগুলো সহজভাবে ফিরিয়ে আনার পরামর্শ দেন তিনি।

প্রশান্তির খোঁজ মিলবে?

ক্যালিফোর্নিয়ার মনোবিদ লরি সিঙ্গার জানান, ডিজিটাল স্ক্রিন থেকে নিজেকে দূরে রেখে বাস্তব জগতের সঙ্গে যোগাযোগ বাড়াতে পারলে মানসিক স্বাস্থ্যের ওপর দারুণ প্রভাব পড়ে। সামাজিক মাধ্যম আমাদের অনেক সময়ই নিজেকে অন্যের সঙ্গে তুলনা করার দিকে নিয়ে যায়। তাতে আত্মমর্যাদাবোধ কমে যেতে পারে।অন্যদিকে, ধীর জীবনধারা এবং অন্য ভাবনা ফেলে নির্দিষ্ট একটি কাজে মনোনিবেশ করাটা (যেমন সেলাই) মানসিক স্বাস্থ্যের জন্য চমৎকার চর্চা। হাতে-কলমে শখের কাজের চর্চা করলে দুশ্চিন্তার বোঝাও কমে।

সূত্র: ফক্স নিউজ, বিবিসি

আরও পড়ুন