কে এই সোফি শাইন, যাঁকে বিয়ে করতে যাচ্ছেন শিখর ধাওয়ান

ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান বাগদান সেরেছেন বান্ধবী সোফি শাইনের সঙ্গে। খবরটি অবশ্য এত দিনে পুরোনো হয়ে গেছে। নতুন খবর হলো, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে এই জুটির বিয়ের আনুষ্ঠানিকতা।

কে এই সোফি শাইন?

ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান বাগদান সেরেছেন বান্ধবী সোফি শাইনের সঙ্গে
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সোফি আয়ারল্যান্ডের লিমেরিক ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মার্কেটিং ও ম্যানেজমেন্টে পড়াশোনা করেছেন।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ‘নর্দার্ন ট্রাস্ট করপোরেশন’-এর সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। এ ছাড়া ১ বছরেরও বেশি সময় যুক্ত আছেন শিখর ধাওয়ান ফাউন্ডেশনের সঙ্গে।

সোফি ও শিখরের পরিচয় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সোফি ও শিখরের পরিচয় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। ২০২৩ সাল থেকে প্রেম করছেন এই জুটি। ২০২৪ সালের সেপ্টেম্বরে উভয়ে তাঁদের সম্পর্কের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে সামনে আনেন।

বছরখানেক একসঙ্গেই আছেন তাঁরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে বিভিন্ন সময়ে ভাগ করে নেন স্থির হয়ে যাওয়া নিজেদের বিশেষ যৌথ আনন্দ-মুহূর্তগুলো।

সোফির প্রথম বিয়ে, শিখরের দ্বিতীয়

শিগগিরই সোফি ও শিখর বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন ভারতের দিল্লিতে
ছবি: ইনস্টাগ্রাম থেকে

বিয়ের তারিখ নির্দিষ্টভাবে জানা না গেলেও ইতিমধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। সংগীত আয়োজনের ছবি শেয়ার করে ৪০ বছর বয়সী শিখর ধাওয়ান সোফিকে লিখেছেন—‘অলমোস্ট ধাওয়ানস’।

সোফির আবুধাবির বাড়িতে সংসার পাতবেন সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যাওয়া শিখর ধাওয়ান
ছবি: ইনস্টাগ্রাম থেকে

অর্থাৎ শিগগিরই এই জুটি বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন ভারতের দিল্লিতে। বিয়ের পর সোফির আবুধাবির বাড়িতে সংসার পাতবেন সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যাওয়া শিখর ধাওয়ান।

আয়েশার সঙ্গে বিচ্ছেদ সহজ ছিল না

শিখর ধাওয়ান আগে ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলীয় বক্সার আয়েশা মুখার্জিকে বিয়ে করেছিলেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে

শিখর ধাওয়ান আগে ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলীয় বক্সার আয়েশা মুখার্জিকে বিয়ে করেছিলেন। সেটি ছিল শিখরের প্রথম বিয়ে, আয়েশার দ্বিতীয়। ২০১২ সালে শিখর যখন আয়েশাকে বিয়ে করেন, তখন শিখরের বয়স ছিল ২৭ আর আয়েশার ৩৭ বছর।

পরিবারের বিরুদ্ধে গিয়ে আয়েশার আগের পক্ষের দুই কন্যা রিয়া ও আলিয়াকে নিয়ে মহা ধুমধামে বিয়ে করেছিলেন শিখর।

২০১৪ সালে তাঁদের ঘরে আসে জোরাবর শিখর। আর শিখর–আয়েশার ১১ বছরের দাম্পত্যজীবন শেষ হয় ২০২৩ সালে। অবশ্য ২০২১ সাল থেকেই আলাদা থাকছিলেন দুজন।

শিখর–আয়েশার ১১ বছরের দাম্পত্যজীবন শেষ হয় ২০২৩ সালে
ছবি: ইনস্টাগ্রাম থেকে

বিচ্ছেদের সময় আয়েশা ও শিখর উভয়েই উভয়ের বিরুদ্ধে মামলা করেন। তা নিয়ে ভারতীয় গণমাধ্যমে কম জলঘোলা হয়নি। ১১ বছরের জোরাবর বর্তমানে মায়ের সঙ্গে অস্ট্রেলিয়ার মেলবোর্নে থাকে।

তবে শিখর চাইলে যেকোনো সময়ে দেখা করতে পারেন। বিচ্ছেদের পর মেলবোর্নে শিখরের বাড়িটি বড় অঙ্কের খোরপোশের একটা অংশ হিসেবে আয়েশাকে দিয়ে দিতে হয়েছে।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের শুভেচ্ছা বার্তায় ভেসে যাচ্ছেন শিখর ও সোফি
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সেসব পেছনে ফেলে এবার নতুন করে ঘর বাঁধতে চলেছেন শিখর। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের শুভেচ্ছা বার্তায় ভেসে যাচ্ছেন শিখর ও সোফি।

সূত্র: বলিউড শাদিস

আরও পড়ুন