৪৩-এ মা হতে চলেছেন বিপাশা
বলিউড এমনই। যতটা না চলচ্চিত্র নিয়ে আলোচনায় থাকে, তার চেয়ে বেশি চর্চায় থাকে তারকাদের ব্যক্তিগত জীবন। এই মুহূর্তে সোনম কাপুর আর আলিয়া ভাটের মাতৃত্বকালীন ছবি নিয়ে মুখর ইনস্টাগ্রামবাসী। এর মধ্যে সবকিছু ছাপিয়ে আলোচনায় বিপাশা বসু। ৪৩-এ দাঁড়িয়ে মা হতে চলেছেন তিনি। ইনস্টাগ্রামে নিজেই দুটি ছবি পোস্ট করে জানিয়েছেন সেই সুখবর।
ছবিতে বিপাশার পরনে ওভারসাইজড সাদা শার্ট। কেবল একটি বোতাম লাগানো। করণের পরনেও তা-ই। প্রথম ছবিতে দুজনেই বেবিবাম্প পরম মমতায় হাত দিয়ে আগলে রেখেছেন। পরের ছবিতে দেখা যাচ্ছে, করণ বিপাশার স্ফীত পেটে চুমু এঁকে দিচ্ছেন। এই দুটি ছবি প্রকাশ করে বিপাশা জানিয়েছেন মাতৃত্বের খবর। ৪৩-এ মা হওয়া নিয়ে শুরুতে নানা রকম জটিলতা ছিল। তাই একটু দেরিতেই জানালেন সুখবর।
ক্যাপশনে বিপাশা লেখেন, ‘একটা নতুন সময়, জীবনের একটা নতুন অধ্যায়, আমাদের যৌথ জীবনযাত্রার যোগ হলো নতুন আলো। এর মাধ্যমে আরও আরও পূর্ণ হতে চলেছি।’
২০১৬ সালে করণ সিং গ্রোভারকে বিয়ে করেন বিপাশা বসু। সেটি ছিল বিপাশার প্রথম আর করণের তৃতীয় বিয়ে। বেপরোয়া জীবনযাপনের জন্য সমালোচিত ছিলেন করণ। কোনো সম্পর্কেই বেশি দিন থিতু হতে পারেন না, এ রকম একটি দুর্নামও ছিল। এমনকি বিপাশা বসুর পরিবারও শুরুতে এই সম্পর্ক মেনে নেয়নি। দীর্ঘ সময় নিয়ে বিপাশা তাঁর পরিবারকে মানিয়েছেন। তারপর রূপকথার মতো করেই বাঙালি বধূ আর পাঞ্জাবি বর—দুই রীতিতেই বিয়ে সেরেছেন। অনেকেই তখন বলেছিল, এই বিয়ে টিকবে না। করণের সাবেক স্ত্রী জেনিফার উইঙ্গেটের পক্ষ নিয়ে বিপাশাকে ‘অভিশাপ’ও দিয়েছেন অনেকে।
বিয়ের ছয় বছর পর ভালোবাসা দিবসে বিপাশা বসু আর করণ সিং গ্রোভার আসেন কপিল শর্মা শোতে। সেখানে বিপাশা বলেন, ‘করণের জীবনের অবস্থা যাচ্ছেতাই ছিল। আমি ওর জীবনের প্রথম সঠিক সিদ্ধান্ত। আর এরপরেই ওর জীবনের সমস্ত বদভ্যাস একে একে চলে যায়। এখন ও ওর সেরা অবস্থায় রয়েছে।’
দীর্ঘ সময় ধরে জন আব্রাহাম আর বিপাশা ছিলেন বলিউডের সেই সময়ের সেরা জুটি। এমনকি তাঁরা দীর্ঘসময় এক ছাদের নিচে থেকেছেন। জনের সঙ্গে ৯ বছরের সম্পর্ক বিচ্ছেদের পর বিপাশা হতাশায় নিমজ্জিত হন। শুরুতে সেই সময়টা তিনি কাটিয়েছেন একা, তারপর পরিবারের সঙ্গে। এরপর ক্যামেরার সামনে ফিরেই করণের সঙ্গে পরিচয়। করণকে বিয়ের পর ক্যারিয়ার থেকে নিয়েছেন ছুটি। সংসার সামলেছেন। আর এবার সামনে এলেন সন্তানের সুসংবাদ নিয়ে।
ক্যাপশনে বিপাশা আরও লেখেন, ‘এত ভালোবাসা, কেবল দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে? তাই সেখানে ভাগ বসাতে আসছে আরও একজন। আপনাদের সবার প্রার্থনা আর শুভকামনার জন্য কৃতজ্ঞতা।’
এই পোস্ট ভেসে যাচ্ছে বলিউড তারকা আর ভক্তদের শুভকামনার বন্যায়। অনেকেই এই ছবির নিচে বিপাশার ফিটনেস আর সৌন্দর্যের প্রশংসা করেছেন।