সন্তান বাবার কাছ থেকে যে ৬টি গুণ বা বৈশিষ্ট্য পায়

শিশুদের জিন সাধারণভাবে ৫০ শতাংশ মায়ের ও ৫০ শতাংশ বাবার কাছ থেকে আসে। তবে কিছু গুণ বা বৈশিষ্ট্য বাবার জিনের দ্বারা বিশেষভাবে বেশি নির্ধারিত হয়। সম্প্রতি প্রকাশিত একটি গবেষণালব্ধ নিবন্ধে ছয়টি মূল বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, যা শিশুর কাছে বাবার দিক থেকে পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।

শিশুদের জিন সাধারণভাবে ৫০ শতাংশ মায়ের ও ৫০ শতাংশ বাবার কাছ থেকে আসে। তবে কিছু গুণ বা বৈশিষ্ট্য বাবার জিনের দ্বারা বিশেষভাবে বেশি নির্ধারিত হয়মডেল: আরিফুর রহমান ও আভিন। ছবি: প্রথম আলো

১. উচ্চতা

শিশুর উচ্চতা নির্ধারণে মা ও বাবা উভয়ের জিনই ভূমিকা রাখে। কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, বাবার জিনে থাকা বৃদ্ধিদায়ক জিন (ইনসুলিন–লাইক গ্রোথ ফ্যাক্টর) উচ্চতায় বড় ভূমিকা রাখতে পারে। তাই যদি বাবা লম্বা হন, শিশুর উচ্চতা বাবার মতো হওয়ার সম্ভাবনা বেশি।

২. জৈবিক লিঙ্গ

শিশুর ছেলে বা মেয়ে হওয়া সম্পূর্ণভাবে বাবার ক্রোমোজোম দ্বারা নির্ধারিত হয়। মানুষের শরীরে লিঙ্গ নির্ধারণ হয় সেক্স ক্রোমোজোম দ্বারা। নারীর ক্রোমোজোম XX ও পুরুষের XY। মায়ের ডিম্বাণু সব সময় শুধু X ক্রোমোজোম বহন করে।

বাবার শুক্রাণু দুই ধরনের হয়—একটি X ও অন্যটি Y ক্রোমোজোম বহন করে। যদি বাবার X শুক্রাণু মায়ের X–এর সঙ্গে মিলিত হয়, তাহলে শিশুর ক্রোমোজোম হয় XX বা সন্তান হয় মেয়ে।

আর যদি বাবার Y শুক্রাণু মায়ের X–এর সঙ্গে মিলিত হয়, তাহলে শিশুর ক্রোমোজোম হয় XY। অর্থাৎ শিশুটি হয় ছেলে। তাই লিঙ্গ নির্ধারণে বাবার ক্রোমোজোমই ভূমিকা রাখে।

৩. মানসিক স্বাস্থ্যঝুঁকি

বাবার বয়স ও জিনের বৈশিষ্ট্য সার্বিকভাবে শিশুর মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। একজন পুরুষ যদি বয়স ৪০ বছর পার হয়ে যাওয়ার পর বাবা হন, সে ক্ষেত্রে শিশুর কিছু মানসিক অসুস্থতার ঝুঁকি (যেমন এডিএইচডি বা বাইপোলার টেনডেন্সি) দেখা যেতে পারে। যদিও শিশুর মানসিক স্বাস্থ্যঝুঁকি অন্যান্য নানা কারণের ওপরও নির্ভর করে।

৪. Y লিংকড বৈশিষ্ট্য

যেহেতু ছেলেশিশুর Y ক্রোমোজোম বাবার কাছ থেকে আসে, তাই Y ক্রোমোজোমে থাকা বিশেষ জিনগুলোও (যেমন: পুরুষ লিঙ্গ বৈশিষ্ট্য, স্পার্ম উৎপাদন–সংক্রান্ত জিন) পায়। এই ক্রোমোজোমের কারণে কিছু বিরল Y লিংকড ডিজঅর্ডারও পাওয়ার ঝুঁকি থাকে।

৫. ব্যক্তিত্বের কিছু দিক

কিছু ব্যক্তিত্ব–সম্পর্কিত বৈশিষ্ট্য, যেমন মেজাজ, আচরণ ও চিন্তাভাবনা বাবার জিন থেকে আসে। গবেষণায় দেখা গেছে, কিছু আচরণের ক্ষেত্রে বাবার জিনের ভূমিকা ৩০–৬০ শতাংশ পর্যন্ত হতে পারে। শিশু সাহস, অ্যাডভেঞ্চারপ্রিয় বা নতুন কিছু চেষ্টা করার মানসিকতা বাবার কাছ থেকে পাওয়ার সম্ভাবনা বেশি। তবে পারিবারিক ও সামাজিক পরিবেশও এর ওপর অনেকভাবে প্রভাব ফেলে।

৬. শরীরের ফ্যাট স্টোরেজ

মানুষের শরীরে দুই রকম চর্বি থাকে—ব্রাউন ফ্যাট (শক্তির উৎস) ও হোয়াইট ফ্যাট (যা শরীরে জমা হতে থাকে)। গবেষণায় দেখা গেছে, শরীরে কী অনুপাতে হোয়াইট ফ্যাট সঞ্চিত হবে, তা বাবার জিন থেকে বেশি নির্ধারিত হয়। তবে খাদ্যাভ্যাস ও জীবনধারা এর ওপর খুব বড় প্রভাব রাখে।

সূত্র: ফ্যামিলি এডুকেশন

আরও পড়ুন