মিডিয়াকে জানানোর আগে সাবেককে নিজের বিয়ের কথা বলেছিলেন শহীদ
‘গসিপ’ ছাড়া বলিউড অচল। দীর্ঘ সময় ধরে গসিপের শীর্ষে ছিল কারিনা ও শহীদ কাপুরের প্রেম। পাঁচ বছর চুটিয়ে প্রেম করেছিলেন তাঁরা। বলিউডের সবচেয়ে চর্চিত সম্পর্কগুলোর একটি ছিল এটি। শহীদ কাপুরের প্রভাবেই নিরামিষাশী হয়ে যান কারিনা। প্রেমে বিচ্ছেদ হয়ে গেলেও প্রেমিকের কাছ থেকে পাওয়া খাদ্যাভ্যাসটি বদলাননি তিনি।
সময়টা ২০০৬ সাল। কারিনা তখন একইসঙ্গে ‘যাব উই মেট’ আর ‘তাশান’ সিনেমার শুটিং করছিলেন। ‘যাব উই মেট’ সিনেমাটি তিনি করতে রাজি হয়েছিলেন প্রেমিক শহীদ কাপুরের অনুরোধে। কেননা, শহীদের মনে হয়েছিল, গীত চরিত্রটি তাঁর প্রেমিকা কারিনার মতোই। পাগলাটে, অভিমানী আর স্বতঃস্ফূর্ত। কারিনার এ সিনেমা থেকে কোনো আশাই ছিল না। এমনিতেই প্রেমিকের অনুরোধে সিনেমা করতে রাজি হয়েছিলেন। কোনো সংলাপ না জেনে, প্র্যাকটিস না করেই সেটে চলে যেতেন। সব প্রস্তুতি নিতেন ‘তাশান’ সিনেমার জন্য। এদিকে ‘তাশান’ হলো সুপার ফ্লপ। আর ‘যাব উই মেট’কে যদি বড় পর্দায় কারিনার অন্যতম সেরা কাজ বলা হয়, বাড়াবাড়ি হবে না।
অন্যভাবে দেখলে ‘যাব উই মেট’ কারিনার ক্যারিয়ার গড়ে দিয়েছে। আর ‘তাশান’ গড়ে দিয়েছে ব্যক্তিগত জীবন। ‘যাব উই মেট’ সিনেমার সময়ই কারিনার সঙ্গে শহীদ কাপুরের ব্রেকআপ হয়ে যায়। সেই সময়টা নিয়ে কারিনা সম্প্রতি ‘লাল সিং চড্ডা’ সিনেমার প্রচারণায় বলেন, ‘আমার জীবন আর গীতের জীবন অনেকটা সমান্তরালে চলছিল। তাই আর আলাদাভাবে কষ্ট করে অভিনয় করতে হয়নি। তখন আমি যেন আবেগের রোলারকোস্টারে ভ্রমণ করছিলাম। দ্বিতীয়ার্ধে গীতের জীবন যেমন করে বদলে যায়, আমার জীবনও তেমনিভাবে।’
শহীদের সঙ্গে ব্রেকআপের পরও কথামতো সিনেমা শেষ করেছেন। অবশ্য মাঝে কিছুদিন সিনেমার কাজ বন্ধ রেখে ‘ব্রেক’ নিয়েছিলেন। অন্যদিকে, কারিনা যখন সিঙ্গেল, তখন সাইফ আলী খানও সিঙ্গেল। দুই ‘সিঙ্গেল’ রিলেশনশিপ স্ট্যাটাসের তারকা ক্যামেরার সামনে অভিনয় করতে করতেই তাঁদের সম্পর্কের স্ট্যাটাস বদলে হয়ে গেল ‘ইন আ রিলেশনশিপ’। এরও ছয় বছর পর তাঁরা বিয়ে করেন।
কারিনা আর শহীদের সম্পর্ক ভাঙার পেছনে মূলত ছিলেন দুই নারী। মা গীতা কাপুর আর বড় বোন কারিশমা কাপুর। তাঁরা কেউ কখনো কারিনার প্রেমিক হিসেবে শহীদকে মেনে নেননি। তখন কারিনা শহীদের চেয়ে অনেক বড় তারকা। এদিকে কারিনা যখন সাইফ আলী খানকে বিয়ের সিদ্ধান্ত নেন, সেটিও তাঁর মা বা বোন কেউ মেনে নেননি। এমনকি কাছের বন্ধুদের অনেকেও নিষেধ করেছিলেন। তবে এবার আর কারও কথাই শোনেননি কারিনা। নিজ দায়িত্বে বিয়ে করেন সাইফ আলী খানকে।
এদিকে সময়ের সঙ্গে শহীদ কাপুরের সঙ্গে সম্পর্কের তিক্ততা কমে এসেছিল। ২০১৪ সালে ‘ফেমিনা’র এক অনুষ্ঠানে শহীদ আর কারিনার পারফরমেন্স ছিল। সেটার অনুশীলনের সময় শহীদ কাপুর জানিয়েছিলেন যে তিনি মীরা রাজপুতকে বিয়ে করতে চলেছেন। কারিনা সেই সময় তাঁকে শুভকামনা জানিয়েছিলেন। এখন কারিনা আর শহীদ দুজনেরই সুখের সংসার। দুজনারই দুটি করে সন্তান। কারিনা কাপুর-সাইফ আলী খান, শহীদ কাপুর-মীরা রাজপুত, দুটিই বলিউডের ‘আইকনিক কাপল’।