রণবীরের সঙ্গে ছাড়াছাড়ির কানাঘুষা থামাতেই কি দীপিকা খোলা চিঠি দিল
ভালো সময়, খারাপ সময় প্রতিটা মানুষের জীবনেই আসে। জীবনের মতো বিবাহিত জীবনের গ্রাফও উঁচু-নিচু। কিছুদিন আগেই জনসমক্ষে বলিউড তারকা দীপিকা পাড়ুকোন জীবনসঙ্গী রণবীর সিংয়ের হাত ধরতে অস্বীকৃতি জানান। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত প্রত্যাখ্যান করেছিলেন মেলানিয়া ট্রাম্প। ট্রাম্প-মেলানিয়ার চেয়েও তুমুল গতিতে ভাইরাল হয়ে যায় দীপিকা-রণবীরের সেই কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপ। কানাঘুষা শুরু হয়ে যায়, শিগগিরই আলাদা হতে চলেছেন এই জুটি।
সমালোচকদের মুখ বন্ধ করতে তাই নিতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার উদ্বোধনের আয়োজনে দীপিকা আর রণবীর একে অন্যের হাতই ছাড়ছিলেন না। বিবাহিত জীবনের মতো ক্যারিয়ারেও ভালো আর মন্দ সময় চলে। খরা কাটিয়ে ‘পাঠান’ সিনেমায় অপ্রত্যাশিত সাফল্য পেয়েছেন দীপিকা, অন্যদিকে রণবীর সিং আবার ‘রকি অউর রানিকি প্রেমকাহানি’র সাফল্য উদ্যাপনে ব্যস্ত। এমন সময় দীপিকা আর রণবীরকেও দেখা যাচ্ছে হরহামেশা হাসিখুশি মুডে। সম্প্রতি ইনস্টাগ্রামে ‘ম্যারি ইয়োর বেস্ট ফ্রেন্ড’ শিরোনামে একটি লেখা তাঁর সাড়ে ৭ কোটি ভক্তের সঙ্গে শেয়ার করেছেন দীপিকা। সেটি আবার ট্যাগ করেছেন রণবীর সিংকে। দেখে নেওয়া যাক, রণবীরকে দীপিকার খোলাচিঠিতে কী লেখা।
‘আপনার সবচেয়ে কাছের বন্ধুকে জীবনসঙ্গী বানান। কথাটা মোটেও আমি হালকাভাবে বলছি না। যেই মানুষটার প্রেমে আপনি পড়েছেন, তার ভেতর সত্যিকারের ভালো আর দৃঢ় একটা বন্ধুতা খুঁজে বের করুন। যে আপনাকে ভালো বলে। যার সঙ্গে আপনি হাসতে পারেন। সেই ধরনের হাসি যাতে পেটব্যথা হয়ে যায়, নাক দিয়ে আওয়াজ বেরোয়। বিব্রতকর, আন্তরিক, নিরাময়ী হাসি। রসবোধ থাকা খুবই জরুরি। জীবন খুবই ছোট। সে আপনাকে কাঁদতেও দেবে। হতাশা আসবে। আর এই সময়টা যার সঙ্গে আপনি কাটাতে চাইবেন, এমন কাউকে খুঁজে বের করুন। সবচেয়ে জরুরি হলো, পাগলামি, ভালোবাসা আর আবেগকে মেলাতে পারে, এমন কাউকে বিয়ে করা।’