আইকিউ নাকি ইকিউ, কোনটি বেশি গুরুত্বপূর্ণ
কেউ হয়তো খুব মেধাবী, কিন্তু সম্পর্ক সামলাতে পারেন না। আবার কেউ হয়তো জিনিয়াস নন, তবুও সবাই তার পাশে স্বস্তি বোধ করে। এই পার্থক্যের জন্য যেটি দায়ী, সেটিই হলো আবেগীয় বুদ্ধিমত্তা (ইকিউ)।
আইকিউ নাকি ইকিউ
মনোবিজ্ঞান বলছে, জীবনের অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্পর্ক, কাজের সাফল্য, মানসিক স্থিতি, সামাজিক জীবনযাপন, এমনকি দাম্পত্য জীবনে সুখী হওয়ার ক্ষেত্রেও আইকিউর (ইন্টেলিজেন্স কোশেন্ট) চেয়ে ইকিউ বেশি গুরুত্বপূর্ণ। অন্যদিকে গবেষণা বলছে, আপনার যদি আইকিউ অনেক বেশি হয়, আর ইকিউ অনেক কম, সেটি একটা ‘ডেডলি কম্বিনেশন’। অর্থাৎ সেই ব্যক্তি সমাজের জন্য ভয়ংকর বা মারাত্মক হয়ে উঠতে পারেন।
ইকিউ জন্মগত নয়, শেখা যায়
অনেকেই ভাবেন, কিছু মানুষ জন্ম থেকেই আবেগীয়ভাবে বুদ্ধিমান। হ্যাঁ, জিনগত প্রভাব আছে। সেটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। তবে জিনগত প্রভাবের চেয়ে গুরুত্বপূর্ণ হলো একটা শিশুর বড় হওয়ার অভিজ্ঞতা। বিশেষ করে বড় হওয়ার সময় পরিবারের ভূমিকা ও সামাজিকীকরণের প্রভাব।
শৈশবে যদি কারও অনুভূতিগুলোকে গুরুত্ব দেওয়া না হয়, তাহলে বড় হয়ে সে নিজের আবেগ বুঝতে ও প্রকাশ করতে সমস্যায় পড়তে পারে। এটাকে বলা হয় ‘চাইল্ডহুট ইমোশনাল নেগলেক্ট’। তবে সুখবর ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, যেকোনো বয়সেই ইকিউ উন্নত করা সম্ভব।
আবেগীয় বুদ্ধিমত্তা বাড়ানোর ৫টি কার্যকর উপায়
১. নিজের অনুভূতিকে বুঝুন, নাম দিন
আবেগীয় বুদ্ধিমত্তা বাড়ানোর প্রথম ধাপ হলো, নিজের আবেগকে গুরুত্ব দেওয়া। দিনের মধ্যে কয়েকবার নিজেকে জিজ্ঞেস করুন, ‘আমার এখন কেমন লাগছে?’ ‘কেন এমন লাগছে?’ অনেক মানুষ আবেগীয়ভাবে সারা জীবন কেবল ‘ভালো/খারাপ’ এই দুই শব্দেই আটকে থাকে। কিন্তু অনুভূতির জগৎ অনেক বড়। সচেতনভাবে আবেগ পর্যবেক্ষণ করাই ইকিউ বৃদ্ধির প্রথম ধাপ।
২. লুকানো অনুভূতিগুলোকে চিনুন
অনেক সময় মানুষ রাগের আড়ালে ভয় বা হতাশাকে লুকায়। হাসির আড়ালে ক্লান্তি লুকায়। তাই শুধু অনুভব করাই নয়, অনুভূতিকে চেনাও জরুরি। যেমন বিরক্তি, হতাশা, অস্বস্তি, উদ্বেগ, নিরাপত্তাহীনতা, ঈর্ষা ইত্যাদি। আবেগের নাম যত স্পষ্ট হবে, নিজেকে বোঝাও তত সহজ হবে।
৩. সহানুভূতির অনুশীলন
এটি ইকিউর সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুশীলন। সহানুভূতির চর্চার মাধ্যমে অন্যের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করুন। এটা শুরু করা যায় খুব সাধারণ উপায়ে। সিনেমা দেখার সময় চরিত্রের অনুভূতি বোঝার চেষ্টা করুন। কথা বলার সময় উত্তর দেওয়ার আগে ভালোভাবে শুনুন। নিজেকে জিজ্ঞেস করুন, তার জায়গায় আমি হলে কেমন লাগত? গবেষণা বলছে, সহানুভূতির চর্চা সম্পর্ক ও যোগাযোগকে অনেক গভীর করে।
৪. প্রতিক্রিয়া দেখানোর আগে একটু থামুন
আবেগীয়ভাবে বুদ্ধিমান মানুষেরা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখান না। কেউ কষ্ট দিলে, সমালোচনা করলে বা রাগ দেখালে সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে একটু বিরতি নিন। এই ‘স্ট্র্যাটেজিক পজ’ অনেক অপ্রয়োজনীয় ঝগড়া ও ভুল সিদ্ধান্ত ঠেকাতে পারে। কখনো কখনো কয়েক সেকেন্ডের নীরবতাই সবচেয়ে বুদ্ধিমান প্রতিক্রিয়া।
৫. নিজের অবস্থান পরিষ্কার করুন
আবেগীয়ভাবে বুদ্ধিমান হওয়া মানে কিন্তু অতিরিক্ত আবেগপ্রবণ হওয়া নয়। নিজের ও অন্যের অনুভূতি বোঝা, সঠিকভাবে মূল্যায়ন করা ও আবেগকে বুদ্ধিমত্তার সঙ্গে সামাল দেওয়া। এভাবে কেবল অন্যের সঙ্গে নয়, নিজের সঙ্গেও গভীর, অর্থপূর্ণ বোঝাপড়া রাখুন। দ্বিমত থাকলে ভুল–বোঝাবুঝি এড়াতে যৌক্তিকভাবে, সবচেয়ে সুন্দরভাবে নিজের অবস্থান পরিষ্কার করুন। এককথায়, আপনার সচেতন প্রয়াস ও নিয়মিত চর্চা আপনার আবেগীয় বুদ্ধিমত্তা বাড়াতে প্রত্যক্ষভাবে অবদান রাখে।
সূত্র: সাইকোলজি টুডে