আরও কাছে পেতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটা বয়সের পর সন্তা​েনরা দূরে সরে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু মা–বাবাকে চেষ্টা করতে হবে সন্তানের সঙ্গে তাঁদের মানসিক দূরত্ব কমিয়ে আনার। মডেল হয়েছেন অভিনেত্রী শিরিন বকুল ও তাঁর ছেলে প্রিয়দর্শন, ছবি: সুমন ইউসুফ
একটা বয়সের পর সন্তা​েনরা দূরে সরে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু মা–বাবাকে চেষ্টা করতে হবে সন্তানের সঙ্গে তাঁদের মানসিক দূরত্ব কমিয়ে আনার। মডেল হয়েছেন অভিনেত্রী শিরিন বকুল ও তাঁর ছেলে প্রিয়দর্শন, ছবি: সুমন ইউসুফ

একটা সময়ের পর সন্তান মা–বাবার থেকে খানিকটা দূরে সরে যায়।এই দূরে সরে যাওয়ার অর্থ কিন্তু পড়ালেখা বা অন্য কোনো কারণে শত মাইল দূরে চলে যাওয়া নয়—একই বাড়িতে থেকেও পরস্পরের মধ্যে তৈরি হতে পারে যোজন যোজন দূরত্ব। সন্তানের নিজের একটা জগৎ তৈরি হয়। নিজের মতো করে বন্ধুদের সঙ্গে থাকতে চায় সে। আর সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর কারণে সন্তানেরা সেখানেও সময় কাটাতে পছন্দ করে। অনেক ক্ষেত্রে মা–বাবাও মনে করেন, সন্তান হয়তো দূরে সরে গেছে।
এই মানসিক দূরত্ব যাতে তৈরি না হয়, সে জন৵ মা-বাবার আচরণ ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে।তাঁদের এটা মেনে নিতেই হবে যে সন্তান একসময় দূরে সরে যাবে।তবু যেন সন্তানের সঙ্গে বন্ধন মজবুত থাকে। তার যেকোনো সমস্যা, দুঃখ, কষ্ট মা–বাবার সঙ্গে ভাগাভাগি করে নিতে পারে।
একটি শিশু যখন মনঃসামাজিকভাবে বেড়ে উঠতে থাকে, তখন তার মধ্যে জন্ম নেয় স্বকীয়তা। এই স্বকীয়তাবোধ ও আনুষঙ্গিক কিছু কারণে সে মা-বাবার সঙ্গে খানিকটা দূরত্ব রেখে চলে। এই ‘খানিকটা দূরত্ব’ একেবারে স্বাভাবিক, তার বড় হয়ে ওঠার অন্যতম অনুষঙ্গ। কিন্তু কখনো দেখা যায় তার নিজের কোনো সমস্যা বা মা-বাবার আচরণের কারণে দূরত্বটা বেড়েই চলে, তৈরি হয় সম্পর্কের জটিলতা, দূরে চলে যায় আপন সন্তান।
খুব ছোটবেলা থেকেই সন্তানের কাছে নিজেদের রাখতে হবে স্বচ্ছ। এমন কোনো বিষয়ে সম্পৃক্ত হওয়া উচিত নয়, যা সন্তানের কাছ থেকে আড়ালে রাখতে হয়। পেশাগত ও ব্যক্তিগত জীবনে অসততাকে বাদ দিতে পারলে সন্তানের সঙ্গে সম্পর্ক অনেক স্বচ্ছ হয়ে ওঠে। এর বিপরীতে মা-বাবা যদি অনেক কিছু লুকিয়ে থাকেন, তাহলে সন্তানের বেড়ে ওঠা হোঁচট খেতে থাকে। সে বুঝতে পারে, তার মা–বাবা কোনো অন্যায় বা লজ্জা তার কাছ থেকে আড়াল করছে। এতে সন্তানের ব্যক্তিত্বের বিকাশ বাধাগ্রস্ত হয়, তৈরি হয় মা-বাবার সঙ্গে মানসিক দূরত্ব।এই দূরত্ব কমানোর সবচেয়ে ভালো উপায় হলো সন্তানের বন্ধু হয়ে যাওয়া।
সন্তানের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার উপদেশ প্রায়ই শোনা যায়। এটা কঠিন কিছু নয়। কিন্তু সন্তানের স্বরূপ না জেনে, তাকে বুঝতে না পেরে কেবল বন্ধুত্ব করলেই তাকে কাছে রাখা যায় না, এ নিয়ে একটি উপকথা আছে—‘বানর আর মাছের গল্প’: এক দ্বীপে থাকত একটি বানর, আর দ্বীপের চারপাশের পানিতে বাস করত এক রঙিন মাছ। দুজনের খুব বন্ধুত্ব, দুজন দুজনকে ভালোবাসত, মঙ্গল কামনা করত। মাছ বানরকে পানির তলা থেকে এনে দিত রঙিন পাথর আর বানর মাছকে দিত ডাঙার ফুল ও ফল। একদিন শুরু হলো তুমুল ঝড় আর বৃষ্টি। ঝড়ের হাত থেকে বাঁচতে বানর আশ্রয় নিল গাছের কোটরে আর বৃষ্টি পেয়ে উৎফুল্ল মাছ লাফাতে লাগল পানির বুকে। গাছের কোটর থেকে মাছের এই লম্ফঝম্প দেখে বানর ভাবল, মাছটি বোধহয় ঝড়-বৃষ্টি থেকে বাঁচতে ডাঙায় আসার চেষ্টা করছে। বানর তখন নিজের জীবন বিপন্ন করে ঝড়ের ভেতর পানিতে নেমে মাছটিকে ধরে এনে গাছের কোটরে পাতা দিয়ে ঢেকে রেখে দিল। ডাঙায় খাবি খেতে খেতে মাছটি লেজ ঝাপটাতে লাগল, বানর তখনো ভাবল মাছটি খুশিতে লেজ ঝাপটাচ্ছে। এভাবে লেজ ঝাপটাতে ঝাপটাতে মাছটি একসময় নিথর হয়ে গেল। নিঃস্বার্থ বন্ধুত্ব, বন্ধুকে নিরাপত্তা দেওয়ার প্রবল চেষ্টা—কোনোটিই মাছ আর বানরকে কাছাকাছি রাখতে পারল না। তাই সন্তানের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা বা সন্তানের ভালো চাওয়াটাই যথেষ্ট নয়, সন্তানের মনকে পড়তে শিখুন, তাকে অনুভব করুন, তাহলেই তাকে পাবেন আপনার কাছে—সব সময়, সব বয়সে।

দাবা, লুডু বা ক্যারমের মতো কোনো ঘরোয়া খেলায় সন্তানের সঙ্গে নিজেও অংশ নিন
দাবা, লুডু বা ক্যারমের মতো কোনো ঘরোয়া খেলায় সন্তানের সঙ্গে নিজেও অংশ নিন

একদিনে সন্তান আপনার সঙ্গে বন্ধুত্ব করবে—বিষয়টি এমন নয়। তার সঙ্গে নানা রকম গল্প করতে পারেন। তার মনের ইচ্ছাকে প্রাধান্য দিন। তবে অপ্রাসঙ্গিক বিষয় হলে তার সঙ্গে আলোচনা করুন। তাকে বন্ধুদের সঙ্গে মিশতে দিতে হবে। আপনি তাকে বিশ্বাস করেন—বিষয়টি যেন সে বুঝতে পারে। নিজের পছন্দ সব সময় চাপিয়ে না দিয়ে তার পছন্দের সিনেমা, বই, গান দেখার–শোনার সুযোগ করে দিন। দাবা, লুডু বা ক্যারমের মতো কোনো ঘরোয়া খেলায় সন্তানের সঙ্গে নিজেও অংশ নিন। অনেক দিন ধরে এই চর্চা করলে দেখা যাবে বন্ধু হয়েই গেছেন। সন্তানের মনের কাছে চলে এসেছেন।
অনেক মা–বাবা সন্তানের নিরাপত্তার কথা চিন্তা করে তার ওপর গোপন নজরদারি করতে থাকেন, এতে বয়ঃসন্ধিকালের শিশুরা ব্রিবতবোধ করতে থাকে, বিরক্ত হয়। একপর্যায়ে মা–বাবার সঙ্গে তৈরি হয় দূরত্ব। এই দূরত্বের কারণে সন্তানেরা নির্দোষ বিষয়গুলোও মা–বাবার সঙ্গে শেয়ার করে না—নিজেকে পরিবার থেকে গুটিয়ে রাখে। বন্ধুদের সঙ্গে উচ্ছ্বসিত হলেও মা–বাবার সঙ্গে মোটেও নয়। সন্তানের ওপর গোপন নজরদারি নয়, তাকে না জানিয়ে তার ঘর-আসবাব তল্লাশি করা, তার ল্যাপটপ বা মোবাইল ফোন নাড়াচাড়া করা মোটেই কাম্য নয়। তাতে সন্তানের সঙ্গে তৈরি হতে পারে দূরত্ব। আবার দাদা-দাদি, নানা-নানির সঙ্গে মা–বাবার সম্পর্কের নিবিড়তাও সন্তানের ওপর প্রভাব ফেলে।
অনেক সময় সন্তান নিজেই পড়তে পারে কোনো ব্যক্তিগত সমস্যায়—ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন, পড়ালেখার সমস্যা, অসৎসঙ্গ বা মাদকের সমস্যা হতে পারে। এসব ক্ষেত্রে তাকে দোষারোপ না করে পাশে দাঁড়াতে হবে। মা–বাবা যেন একে অপরকে দায়ী করে বিবাদে জড়িয়ে না পড়েন, সেদিকেও নজর দিতে হবে। সন্তানকে তাচ্ছিল্য করা চলবে না, তার ব্যর্থতাকেও গ্রহণ করতে হবে। অপরের সঙ্গে তুলনা করা, অতিরিক্ত শাসন করা, একই আদেশ বারবার দেওয়া থেকে বিরত থাকাও জরুরি। প্রয়োজনে বিশেষজ্ঞের মতামত নিতে পারেন।
লেখক: মানসিক রোগ বিশেষজ্ঞ
[email protected]