আশপাশের লোকজন দ্বারা বুলিংয়ের শিকার হচ্ছি

পাঠকের কাছ থেকে মনোজগৎ, ব্যক্তিজীবন ও সন্তান পালনের মতো সমস্যা নিয়ে ‘পাঠকের প্রশ্ন’ বিভাগে নানা রকমের প্রশ্ন এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম নির্বাচিত একটি প্রশ্নের উত্তর দিয়েছেন এবার।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহতাব খানম

প্রশ্ন: আমি একজন শিক্ষার্থী। আমার বাড়ি গ্রামে। গ্রামের বাইরে থেকে লেখাপড়া করি। বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার কারণে বাড়িতে কেটেছে দীর্ঘদিন। বাড়িতে গত বছর ভালোই ছিলাম। কিন্তু এ বছরের শুরুর দিক থেকে আমি বুলিংয়ের শিকার হচ্ছি বাড়ির আশপাশের লোকজন দ্বারা। আমার পরিবার থেকে নিষেধ করলে তারা আরও আক্রমণাত্বক আচরণ করে। আমি এগুলো নিতে পারছি না। কারণ, এসব বিষয়ে আমি অভ্যস্ত নয়। একবার আত্মহত্যার চিন্তাও করেছি। আমি কী করব বুঝতে পারছি না। আমার পরিবার আইনের আশ্রয় নিতে চাচ্ছে। কী করতে পারি?

নাম প্রকাশে অনিচ্ছুক

উত্তর: তুমি এখনো গ্রামের বাড়িতেই আছ, নাকি বিশ্ববিদ্যালয় খুলে যাওয়ার পর শহরে এসেছ, তা জানি না। এটি অত্যন্ত দুঃখজনক যে নিজের পরিবারের সঙ্গে বাস করেও এতটা নিরাপত্তাহীনতায় ভুগছ। যারা তোমাকে উত্ত্যক্ত করছে, তারা যদি স্থানীয়ভাবে প্রভাবশালী হয়ে থাকে, তাহলে বেশির ভাগ সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েও সুবিচার নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।

যারা এ ধরনের আচরণ করে, তারা যে মেয়েদের প্রতি মোটেও শ্রদ্ধাশীল নয় এবং মেয়েদের মানুষ হিসেবে দেখতে শেখেনি, তা সুস্পষ্ট। এই ধরনের ছেলেরা সাধারণত শৈশবে বড়দের দ্বারা নির্যাতিত হয় বলে পরবর্তী সময়ে যাদের দুর্বল মনে হয়, তাদের হয়রানি করতে থাকে। অবচেতন মনে তাদের যে রাগ এবং আক্রমণাত্মক মনোভাব লুকিয়ে থাকে, সেটিরই বহিঃপ্রকাশ ঘটে নিরীহ ও শান্তিপ্রিয় মানুষদের হেনস্তা করার মধ্য দিয়ে।

তুমি ও তোমার পরিবার যদি ওদের খুব ভয় পায়, তাহলে আরও উৎসাহিত বোধ করে ওরা ক্রমাগত হেনস্তা করার চেষ্টা করবে। নিষেধ করতে গেলে দেখা যায় তারা বেপরোয়া আচরণ করতে থাকে। কারণ, ওরা তখন ধারণা করে নেয় ওদের বর্বর আচরণকে তোমরা গুরুত্ব দিচ্ছ এবং এ নিয়ে দুশ্চিন্তা করছ বা ভয় পাচ্ছ।

ছিনতাইকারী, উত্ত্যক্তকারী বা যৌন নির্যাতনকারী, অর্থাৎ যারা নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে তারা খুব তাড়াতাড়ি বুঝতে পারে কারা সাহসী ভূমিকায় থাকতে পারে। দেখা যায়, এরা আবার মানসিকভাবে শক্তিশালীদের বিরক্ত করা থেকে বিরত থাকে। ওপর থেকে যত হম্বিতম্বি করুক না কেন, তাদের মনের অভ্যন্তরে একটি ভিতু মন থাকে, কারণ, দিন শেষে তারা কিন্তু সমাজের চোখে গ্রহণযোগ্য মানুষ হিসেবে বিবেচিত হয় না।

আমার সুপারিশ থাকবে, তোমরা যতটা সম্ভব মনে শক্তি সঞ্চয় করে কিছুটা নির্ভীকভাবে নিজেদের দৈনন্দিন কাজকর্মগুলো করতে থাকো। তুমি দৃঢ়ভাবে বিশ্বাস কর যে এই ঘটনাগুলোর জন্য তোমরা বা তুমি মোটেও দায়ী নও। এতে তোমাদের কোনো সম্মানহানি হয়নি। কারণ, তোমার সম্মান সমুন্নত রাখার দায়িত্ব একমাত্র তোমারই।

অন্য কেউ যদি সেটি ক্ষুণ্ন করার অপপ্রয়াস চালায়, তারপরও আমরা নিজেদের জোর দিয়ে বলব, ‘তুমি যেমন আছ, ঠিক তেমনভাবেই আমি তোমাকে ভালোবাসব এবং আন্তরিকভাবে শ্রদ্ধা করব।’ প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে আমরা আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে নিজেকে খুব ভরসা করে, অন্তর থেকে বলব, ‘পৃথিবীর কোনো মানুষ তোমাকে একবিন্দুও অসম্মান করতে পারবে না, কারণ, আমার কাছে তুমি অত্যন্ত মূল্যবান ও গুরুত্বপূর্ণ একজন মানুষ।’

এই প্রক্রিয়াটির ভেতরে বেশ কিছুদিন নিজেকে নিয়োজিত রাখতে পারলে আমরা আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী রূপে নিজেদের দেখতে পারব। অর্থাৎ বাইরের মানুষ আমাদের সম্পর্কে যা-ই বলুক না কেন, আমরা চেষ্টা করব বুঝতে যে কতটা বিশ্বাসযোগ্য। যদি তাদের কথায় কিছুটা সত্যতা থাকে, তাহলে সেই বিষয়গুলোতে নিজেদের উন্নয়ন ঘটাব। যেগুলো একেবারেই সত্য নয়, সেগুলো ফিল্টার করে মন থেকে বের করে দেব।

তোমার মাথায় আত্মহত্যার চিন্তাও এসেছিল জানিয়েছ। তাতে বোঝা যায়, তুমি কতটা অসহায় বোধ করছ ঘটনাটিকে কেন্দ্র করে। তোমার পরিবার নিকটবর্তী থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে পারে। এই মর্মে যে, তোমরা সবাই, বিশেষ করে তুমি খুব নিরাপত্তাহীনতার ভুগছ। যারা এই অপরাধগুলো করছে, তাদের সামাজিক অবস্থান ভালোভাবে অনুধাবন করে আইনের আশ্রয় নেওয়ার কথা ভাবলে ভালো হয়। প্রায়ই দেখা যায় যারা নির্যাতিত হয়ে বিচারের দ্বারস্থ হয়েছে, তাদেরই উল্টো হেনস্তা হতে হচ্ছে। তোমাদের পরিচিত কোনো আইনজীবী থাকলে তাঁর সঙ্গে আলোচনা করে বুঝতে চেষ্টা করো, এ ক্ষেত্রে আইন তোমাদের এই পরিস্থিতিকে মোকাবিলায় সহায়তা করতে পারবে কি না। সার্বিক অবস্থা বিচার করে এই সিদ্ধান্তে উপনীত হওয়া প্রয়োজন যে, আইনের হস্তক্ষেপ তোমাদের আরও বিপন্ন করে তুলতে পারে কি না। সে ক্ষেত্রে নিজেদের মতো করে দৈনন্দিন জীবন চর্চায় মনোযোগী হলে ভালো।

পাঠকের প্রশ্ন, বিশেষজ্ঞের উত্তর

পাঠকের প্রশ্ন পাঠানো যাবে ই–মেইলে, ডাকে এবং প্র অধুনার ফেসবুক পেজের ইনবক্সে। ই–মেইল ঠিকানা: [email protected]

(সাবজেক্ট হিসেবে লিখুন ‘পাঠকের প্রশ্ন’)

ডাক ঠিকানা: প্র অধুনা, প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০–২১ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। (খামের ওপর লিখুন ‘পাঠকের প্রশ্ন’)

ফেসবুক পেজ: fb.com/Adhuna.PA