মনের বাক্স
ঈদে তোমার পাশে থাকতে পারলাম না
পাঠকের সুখ–দুঃখ, হাসি–আনন্দ, পছন্দ, ভালোলাগা, ভালোবাসাসহ যে কোনো না বলা কথা শুনতে চায় মনের বাক্স। প্রতি সপ্তাহে পাঠকের পাঠানো সেসব লেখা থেকে নির্বাচিত কিছু লেখা আজ প্রকাশিত হলো এখানে
আমার প্রিয় ছাত্রকে
অর্ক রায় সেতু। তোমার ছবিতে মাথা উঁচু করে কি দেখছ; এর অর্থ একমাত্র আমি বুঝি। তোমার স্বপ্ন সেটি। তুমি আমার ছাত্র। মফস্বল থেকে অনেক কষ্টে সাইকেলে চেপে পড়তে আসতে। গায়ে কাদামাটি মাখা ছেলেটা বোধ হয় অনেক বড় হয়ে গেছে দিন দিন। আমার ভালো লাগছে দেখে। আমি চাই তুমি তোমার স্বপ্নের পথে এগিয়ে যাও। অনেক বাধা আসবে, থামবে না। ফেসবুক নেই আমার। পত্রিকায় তোমার লেখা পড়ি নিয়মিত। বাড়িতে এলে আমার সঙ্গে দেখা করে যাবে। তুমি আমার প্রিয় ছাত্র। তুমি কলেজ পাস করার পর আমার সঙ্গে যোগাযোগ করোনি। সন্দ্বীপ থেকে চট্টগ্রাম এসে তোমার খোঁজ পাওয়ার চেষ্টা করেছিলাম। তুমি যেখানে থেকো ভালো থেকো। আমার দোয়া সব সময় তোমার সঙ্গে আছে।
ইতি,
হেলাল স্যার
কালো টিপ
আমাদের দেখা হয় না কতকাল হলো। দূরত্বের বিশাল সমুদ্রে ভাটা পড়ে আছে। কত বসন্ত আসে–যায়! দিগন্ত ফুলে ফেঁপে কেঁপে ওঠে। তবু তুমি কেন আসো না, দূরে দূরে থাকো।
মনে পড়ে, প্রথম যেদিন দেখা হয়েছিল? শীতের সকালে সুনসান ফাঁকা রাস্তা। চোখে চোখ রেখে আলতো ছোঁয়ায় কালো টিপে রাঙিয়েছিলাম তোমার কপাল। সেই প্রথম স্পর্শে কত মায়া, কত স্মৃতি, কত আবেগ জড়ানো। সেই সুখ আর কোথায় পাব আমি।
আমি যখন কালো টিপ হাতে ছুঁয়ে দিই তোমার কপাল, তখন অসম্ভব সুন্দর এক ছন্দে তোমার পিটপিট করা চোখ এখনো আমায় ঘুমোতে দেয় না। রাত হলেই কল্পনায় এঁকে ফেলি কবিতার ছক, ছন্দে ছন্দে বেঁধে ফেলি সেই পাপড়ির খেলা। আহা কী রূপ! সেই রূপে মুগ্ধ হই শত শতবার।
তোমার মিষ্টি সুরে ‘পাগলু’ ডাকটা আমার মন খারাপের মহৌষধ। বিশ্বাস কর, তুমি আমায় যখন ‘পাগলু’ নামে ডাকো, তখন নিজের মধ্যে রাজা রাজা ভাব আসে। যার রাজ্য ও রাজত্ব সব একজনকে ঘিরে। খুব ভালোবাসি আমি তোমায়। আমাদের ভালোবাসা আজীবন বেঁচে থাকুক।
সাজ্জাদ সিয়াম, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম
ঈদে তোমার পাশে থাকতে পারলাম না
স্যরি মা। করোনা এবার ঈদে তোমাকে কাছে পেতে দিল না। তোমায় কাছে না পেলে যেন স্বয়ংক্রিয়ভাবে চোখ অশ্রুসিক্ত হয়ে পড়ে। দিনাজপুরে নতুন বাড়ি করায় সেখানে আব্বা তোমাকে রেখে এসেছে। আর আব্বা তার কাজের চাপে এবং আমি লেখাপড়ার জন্য রয়ে গেলাম বগুড়ায়। তোমায় খুব দেখতে ইচ্ছে করছে, মা। আমার মনটা পড়ে রয়েছে তোমার কাছে।
ঝাপসা স্মৃতিতে যতটুকু মনে পড়ে, ছোটবেলায় আব্বাকে ছাড়া কখনো ঘুমাতে যেতাম না। জড়িয়ে ধরে ঘুমাতাম। হঠাৎ কোনো রাত্রে যদি আব্বা দেরিতে ফিরত, তখন তুমি ছোট বোন কল্পনাকে পাশে রেখে আমাকে তোমার বুকের ওপরে ঘুম পাড়াতে। বিভিন্ন গল্প শোনাতে। তোমায় খুব মিস করি, মা। সেদিন যখন তুমি ফোন করে বললে, ‘তোমরা বাবা–ছেলে বগুড়ায় থাকবা আর আমাকে একা দিনাজপুরে কেন রেখে গেলা? আমার বুঝি কষ্ট হয় না।’ বিশ্বাস কর মা, এ কথা শুনে আমারও খুব কষ্ট হচ্ছে। তোমাকে ছাড়া আমার মোটেও কিছু ভালো লাগছে না। তোমায় খুব ভালোবাসি মা।
আশাদুল, বগুড়া।
হঠাৎ প্রেমের শেষ প্রান্তে বিরহ
ভালোবাসা কেবল মানুষে মানুষেই সীমাবদ্ধ নয়। ভালোবাসার সোনালি আভা অতিক্রম করতে পারে সব প্রাণীর হৃৎপিণ্ড পর্যন্ত। থাকুক না তার বোবা মন বা চারটা পাকস্থলী। পশুর সঙ্গে মানুষের সেই সখ্য কেবল পড়েছি বই ও পত্রিকার পাতায়। কোনো দিন সেই বিমর্ষ অনুভূতি আমাকে স্পর্শ করার সাহস পায়নি।
চাচ্চু যেদিন সাদা রঙের গরুটা বাড়িতে আনল, সেদিন মনটা বেশ খারাপ ছিল। নতুন অতিথির কাছে গেলাম। হঠাৎ তার মায়াবী চোখে আটকে গেলাম। মনটাকে ভালো করতে অতিথির দিকে এক গোছা কাঁচা ঘাস বাড়ালাম। কদিন যেতে হয়ে উঠলাম ‘অতিথির স্মৃতি’ বা ‘লাল গরুটা’ গল্পের চরিত্র। গল্পগুলোর শেষ পরিণতি আমার জীবনে ষোলো আনায় ঘটল বটে! গরুটার গলায় লাল ফিতে পরানোর দিন থেকে বিচ্ছেদ অনল পোড়াতে থাকে আমাকে। তার কি আমার জন্য শোক ছিল না? ছিল বৈকি! সে–ও খাওয়াদাওয়া বাদ দিয়ে চোখ দুটো ভিজিয়েছে। ওর গায়ে হাত বোলালেই চোখ দিয়ে পানি ঝরিয়েছে। শেষ সময়ের কথা আর ভাবতে পারছি না।
মানিক
ছেড়ে যেয়ো না আমায়
পরিচয় হওয়ার পর থেকেই তোমার প্রতি আমার কেন জানি মায়া লাগত। কথা বলতে অসম্ভব ভালো লাগত। আর যেদিন ক্যান্টনমেন্টে চাকরির পরীক্ষা শেষে হাজারো মানুষের ভিড়ে এই শ্বেত বর্ণের মানুষটাকে চিনে নিয়েছিলে, সেদিন থেকে মায়া, ভালো লাগা আরও বেশি বেড়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে এই মায়া ও ভালো লাগা থেকেই তোমাকে একটু একটু করে ভালোবেসে ফেলি। আর এখন তোমাকে আমি আমার মনের মণিকোঠায় কোথায় জায়গা দিয়েছি, তা পৃথিবীর কেউ জানে না। এই কেয়ারলেস, বদ, অস্থির মানুষটা তোমাকে সত্যিই অনেক ভালোবাসে। তুমি ছাড়া আমি এলোমেলো হয়ে যাব। কথা দাও, ছেড়ে যাবে না আমায়।
ইমরুল হাসান, হবিগঞ্জ
লেখা পাঠানোর ঠিকানা
অধুনা, প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০–২১ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ই-মেইল: [email protected], ফেসবুক: facebook.com/adhuna.PA খামের ওপর ও ই-মেইলের subject–এ লিখুন ‘মনের বাক্স’