
সুকন্যার বয়স বারো বছর। তার ছোট ভাই সুমিতের বয়স মাত্র চার। সেই হিসেবে সুমিতকে বেশি বেশি আদর করা, তার যত্ন নেওয়া, তার প্রতি খেয়াল রাখাটাই সুকন্যার জন্য স্বাভাবিক। কিন্তু ঘটছে ঠিক উল্টো। সুকন্যা তার ছোট ভাইকে মোটেই দেখতে পারে না। সুমিত বাবা-মায়ের কাছে ঘেঁষলে সে রাগ করে গাল ফুলিয়ে থাকে। ছোট ভাইটাকে কেউ কোনো উপহার দিলে সেটা সে নিজে নিয়ে নিতে চায় বা কোনোভাবে নষ্ট করে ফেলে। সুমিতের কোনো প্রশংসা সে সহ্য করতে পারে না। কখনো ছোট ভাইটাকে গোপনে ভয় দেখায়, কাঁদায়, কখনো হালকা মারধরও করে। এদিকে সুকন্যার প্রিয় জিনিসগুলোর দিকে সুমিতের যত টান, ওগুলো সে নিতে চায়। বোনকে কোনো কিছুর ভাগ দিতে সে নারাজ। দিনে দিনে তাদের মধ্যে যেন রেষারেষি আর খুনসুটি বেড়েই চলেছে। বাবা-মা বিষয়টি নিয়ে বেশ চিন্তিত।

চিকিত্সাবিজ্ঞানের ভাষায় সুকন্যা আর সুমিতের মধ্যকার সম্পর্কটিকে বলা হয় ‘সিবলিং রাইভালরি’ বা ভাইবোনের রেষারেষি। নতুন সন্তান জন্মের পর তার বড় ভাই বা বোনের মধ্যে আবেগ ও আচরণের কিছু পরিবর্তন দেখা দিতে পারে। এই পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে ছোট ভাই বা বোনটির প্রতি নেতিবাচক ধারণা। অনেক সময় এই ধারণা থেকেই তাকে আঘাত করা, হিংসা বা তাকে সহজভাবে মেনে নিতে না পারার প্রবণতা দেখা দেয়। বাবা-মায়ের মনোযোগ কে বেশি পাবে, তা নিয়ে একধরনের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কখনো এই সমস্যার কারণে কিশোর-কিশোরীদের মধ্যে শিশুসুলভ কথা বা আচরণ দেখা দিতে পারে। মনে রাখতে হবে যে এই সময়ে বাবা-মায়ের আচরণ এবং তাঁদের দায়িত্বশীলতা এ সমস্যাটিকে অনেকাংশেই প্রতিরোধ করতে পারে। বেশির ভাগ সময় বাবা-মা এই সমস্যায় হতবিহ্বল হয়ে যান। কখনো তাঁরা বিচারে একজনের পক্ষ নিয়ে নেন, কখনও সম্পূর্ণ নির্লিপ্ত থাকেন, যার কোনোটিই ঠিক নয়। মনে রাখতে হবে যে এই সমস্যা টিকিয়ে রাখলে তা কেবল দুই সন্তানের মধ্যে সম্পর্কেরই অবনতিই ঘটাবে না, বরং তাদের ব্যক্তিত্বের বিকাশকেও বাধাগ্রস্ত করবে।
কারণটা কী
গবেষকদের মতে, এক বছর বয়স থেকেই শিশুরা তাদের প্রতি বাবা-মায়ের মনোভাব ও আচরণ বুঝতে শেখে। শুনতে আশ্চর্য মনে হলেও এ কথা সত্যি যে দেড় বছর বয়সের মধ্যে সে নিজের পরিবারের নিয়মকানুনগুলো বুঝতে পারে। আর তিন বছর বয়সের মধ্যে বেশির ভাগ শিশু সামাজিক নিয়মকানুন বুঝতে পারে এবং অপরের সঙ্গে, বিশেষ করে ভাইবোনদের মধ্যে সামাজিক সম্পর্ক স্থাপনে সাবলীল হয়। মানসিক বিকাশের পর্যায়ে শিশুর মধ্যে স্বাতন্ত্র্যবোধ তৈরি হয়, সে নিজেকে তার ভাইবোনের চাইতে আলাদা ভাবতে থাকে। নিজের যাবতীয় গুণের প্রকাশ ঘটিয়ে বাবা-মায়ের মনোযোগ চায়। এই সময়ে যদি তার কোনো ভাই বা বোন জন্ম নেয়, তখন সে মনে করে তার একচ্ছত্র অস্তিত্বে একজন অংশীদার এসেছে, যে তার বাবা-মায়ের অনেকখানি মনোযোগ কেড়ে নিচ্ছে। এ সময় সে ছোট ভাই বা বোনকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করে তাকে অপছন্দ করতে শুরু করে। দুজনের মধ্যে তখন নানান খুনসুটি লেগেই থাকে—এই বিষয়টি খানিকটা অবিমিশ্র—একদিকে সে তার প্রতি ভালোবাসা অনুভব করে আবার তাকে অপছন্দও করে। এই দ্বন্দ্ব থেকে তার নিজেরও নানান সমস্যা তৈরি হয়। এ ছাড়া দ্বিতীয় সন্তান জন্মের পর বড়টির প্রতি মনোযোগ কমিয়ে দেওয়া, তুলনা করা এবং কখনো বড়জনকে হেয় করে কথা বলাও এই ‘সিবলিং রাইভালরি’র অন্যতম কারণ। কিছু ক্ষেত্রে পরিণত বয়সেও ‘সিবলিং রাইভালরি’ টিকে থাকতে পারে। কখনো কখনো একজনের ‘কন্ডাক্ট ডিসঅর্ডার’-এর সমস্যায় দুই সন্তানের মধ্যে রেষারেষি জটিল হয়ে উঠতে পারে।
কাদের হয়
ছেলে বা মেয়েশিশু যে কারও এই সমস্যা হতে পারে। তবে গবেষণায় দেখা যায়, মেয়েদের মধ্যে প্রবণতা খানিকটা বেশি।
ভাইয়ের সঙ্গে বোনের, ভাইয়ের সঙ্গে ভাইয়ের বা বোনের সঙ্গে বোনের মধ্যে এই সমস্যা দেখা দিতে পারে। গবেষণা বলছে, বোনের সঙ্গে বোনের ‘সিবলিং রাইভালরি’র প্রবণতা কিছুটা বেশি। এ ধরনের সমস্যার জন্য ১০ থেকে ১৫ বছর বয়সটি সবচাইতে বেশি ঝুঁকিপূর্ণ। দুই সন্তানের মধ্যে যদি বয়সের পার্থক্য খুব কম বা খুব বেশি হয়, তখন এই সমস্যা দেখা দিতে পারে। দুজনেরই যদি বুদ্ধিমত্তা খুব বেশি হয় (আইকিউ ১৩০-এর বেশি), তখন দেখা দিতে পারে। যমজদের মধ্যে এমনকি বৈমাত্রেয় ভাইবোনের মধ্যেও এই সমস্যা দেখা দিতে পারে। এক-তৃতীয়াংশ শিশুর মধ্যে এই সমস্যা দেখা দিলেও তাদের মধ্যে ৮০ শতাংশেরই পরিণত বয়সে বিন্দুমাত্র রেষারেষি থাকে না, পরে সম্পর্ক সুন্দর হয়ে যায়।
বাবা-মায়ের করণীয়
প্রস্তুতি প্রয়োজন: মা গর্ভবতী থাকাকালেই আগেরজনকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে। তাকে জানাতে হবে যে তার আরেকটি ভাই বা বোন আসছে। বড়জনকে কোনোভাবেই ‘সারপ্রাইজ’ দেওয়া যাবে না।
পরিচিত করানো: জন্মের পরপরই দুজনের মধ্যে পরিচিতি করাতে হবে।
যত্নের দায়িত্ব দেওয়া: আগের সন্তানের বয়স যত কমই হোক, ছোটজনের নানা যত্নে প্রয়োজনে বা অপ্রয়োজনে তাকে সম্পৃক্ত করতে হবে। যেমন কাপড়টা এগিয়ে দেওয়া, পানির বোতল তুলে রাখা, ঘুমিয়ে গেলে পাশে বসিয়ে রাখা ইত্যাদি।
তুলনা নয়: এক সন্তানের সঙ্গে কখনোই আরেক সন্তানের তুলনা করা যাবে না।
শুনতে হবে: সন্তানদের কথা মন দিয়ে শুনতে হবে, তা যতই তুচ্ছ হোক না কেন।
•সাফল্যকে আলাদাভাবে উদ্যাপন: প্রত্যেকের সাফল্যকে আলাদাভাবে উদ্যাপন করতে হবে। প্রশংসা করতে হবে, একজনকে দিয়ে আরেকজনের প্রশংসা করাতে হবে, উপহার দেওয়াতে হবে।
সমন্বিত সিদ্ধান্ত: ‘সিবলিং রাইভালরি’র কোনো লক্ষণ কোনো সন্তানের মধ্যে দেখা দিলে বাবা-মাকে সমন্বিত সিদ্ধান্ত নিতে হবে। সন্তানদের বিষয়ে দুজনের অভিন্ন মতামত থাকতে হবে।
পারিবারিক সময়: নির্দিষ্ট কয়েক দিন পর পর পারিবারিক সময় নির্ধারণ করে সবাই একসঙ্গে গুণগত সময় কাটাতে হবে। কাউকে বাদ দিয়ে আনন্দ করা চলবে না। আবার পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার সময় সবার মতামত নেওয়ার চেষ্টা করতে হবে। পাশাপাশি দুজনকেই আলাদা করে কিছুটা সময় দিতে হবে, যাতে দুজনেই মনে করে যে তারা বাবা-মাকে বিশেষভাবে পাচ্ছে।
নাক গলাবেন না: কোনো কারণে দুই শিশুর মধ্যে মতবিরোধ বা খুনসুটি হলে বাবা-মা কখনোই কোনো পক্ষ নেবেন না। শিশুদের সমস্যা শিশুদেরই সমাধান করতে শেখান। একজন নালিশ করতেই পারে, এই নালিশকে উত্সাহিত করবেন না।
উপদেশ বর্ষণ নয়: শিশুদের ক্রমাগত উপদেশ দিয়ে যাবেন না। তারা দেখে শিখবে, পর্যবেক্ষণ করে শিখবে।
ওদের বলতে দিন: কোনো কারণে শিশুদের মধ্যে মতবিরোধ হলে ওদের মনের আবেগ প্রকাশ করতে দিন, ওদের বলতে দিন, ধমক দিয়ে থামিয়ে দেবেন না। তবে কটুবাক্য ব্যবহার করলে নিরুত্সাহিত করুন।
পারিবারিক সম্প্রীতি বজায় রাখুন: শিশুদের সামনে পারিবারিক কলহ করবেন না, অপরের সমালোচনা করবেন না। অপরকে সম্মান করতে শেখান। বাবা-মা নিজেদের ভাইবোনের সঙ্গে সুসম্পর্ক রাখবেন, যা শিশুদের জন্য দৃষ্টান্ত হবে।
সামাজিক দক্ষতা: শিশুকে ছোট ছোট সমস্যা সমাধানের কৌশল, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা এবং আবেগকে নিয়ন্ত্রণ করার মতো সামাজিক দক্ষতা শেখান। এ জন্য শিশুকে স্বাধীনভাবে ভাবতে দিন, নিজের মতো করে করতে দিন, আবেগের প্রকাশকে উত্সাহিত করুন।